তবু অতৃপ্ত স্কলারি

পানামা উড়ে গেল। উড়ে যাওয়ারই তো কথা ছিল। ব্রাজিলের মাঠে, ব্রাজিলের সামনে ফিফা র৵াঙ্কিংয়ে ৩৫ নম্বরে থাকা দেশটি প্রতিরোধ গড়ে তুলতে পারবে, এই ভাবনাটাই তো দুঃসাহসী! হতে পারে প্রীতি ম্যাচ, শেষ মুহূর্তে যাতে হঠাৎ চোট পেয়ে বিশ্বকাপের স্বপ্নভঙ্গ না হয় সে জন্য হয়তো একটু গা বাঁচিয়ে খেলার মানসিকতাও ছিল ব্রাজিলের। কিন্তু পানামাকে হারাতেই যদি সর্বস্ব উজাড় করে দিতে হয়, তাহলে আর তাঁদের নাম নেইমার-অস্কার-ফ্রেড কেন!
সর্বস্ব উজাড় করতে হয়নি। ৪-০ গোলে জিতে ব্রাজিলও বুঝিয়ে দিল তাদের ‘হেক্সা’ জয়ের অভিযাত্রা ঠিকপথেই এগোচ্ছে৷
হয়তো উজাড় করে দেওয়ার দরকার ছিল না বলেই প্রথমার্ধে ঠিক স্বরূপে ছিলেন না নেইমার-অস্কাররা। হয়তো নিজেদের মেলে ধরতে একটু সময়ও লাগছিল। যদিও বিরতির আগেই নেইমার আর দানি আলভেজের গোলে এগিয়ে যায় ব্রাজিল। তবে ম্যাচ শেষে প্রথমার্ধের পারফরম্যান্স নিয়ে অসন্তোষ চেপে রাখেননি কোচ লুইস ফেলিপে স্কলারি, ‘মনে হলো ছেলেদের মানিয়ে নিতে একটু সমস্যা হচ্ছে। প্রথম ২০ মিনিট মোটেও ভালো খেলতে পারিনি আমরা। অন্য কোনো ভালো দল হলে তখন যেকোনো কিছু হয়ে যেতে পারত।’ এখনো তাই আরও উন্নতি করার সুযোগ দেখছেন ব্রাজিল কোচ, ‘আমি এখনো কিছু বিষয় নিয়ে উদ্বিগ্ন। আমরা যদি প্রতিপক্ষকে সহজ প্রতি-আক্রমণের সুযোগগুলো না দিই তাহলে জয়ের সম্ভাবনা আরও বেড়ে যাবে। উন্নতি হয়েছে, তবে এখনো অনেক পথ বাকি। আরও দেড় সপ্তাহ পাচ্ছি আমরা৷’
প্রথমার্ধের পারফরম্যান্স যে ব্রাজিল সমর্থকদের পছন্দ হয়নি, বোঝা গেছে গোয়েনিয়া স্টেডিয়ামে দর্শকদের আচরণেও। ওই সময়টাতে প্রিয় দলকে দুয়োও দিয়েছে তারা। শেষ পর্যন্ত ২৭ মিনিটে নেইমারের গোল শান্ত করেছে তাদের। তারপর দ্বিতীয়ার্ধে ব্রাজিল প্রায় চেনা রূপে। বিরতির পর মাঠে নেমেই হাল্কের গোলের পর ৭৩ মিনিটে আরও একবার পানামার জালে বল পাঠান অস্কারের বদলি উইলিয়ান। ম্যাচের সেরা খেলোয়াড় অবশ্য নেইমারই। বার্সেলোনা ফরোয়ার্ড পুরো ম্যাচটাই খেলেছেন দুর্দান্ত। দলের হয়ে প্রথম গোলটা ছাড়াও দুর্দান্ত এক ব্যাকহিলে বানিয়ে দিয়েছেন দ্বিতীয়ার্ধের শুরুতেই হাল্কের গোলটা৷ নেইমারের প্রশংসা করেছেন, আবার দ্বিতীয়ার্ধে তাঁর হলুদ কার্ডে বিরক্তিও প্রকাশ করেছেন স্কলারি, ‘নেইমার দারুণ প্রতিভাবান খেলোয়াড়। সে নিজে যেমন গোল করে, অন্যদের দিয়েও করায়। প্রতিটি ম্যাচেই সে কোনো না কোনো বিস্ময় হাজির করে সবার সামনে। তবে তাকে মাথা ঠান্ডা রাখা শিখতে হবে। প্রতিপক্ষ প্ররোচিত করলেও প্রতিক্রিয়া দেখানো যাবে না। ওই দায়িত্বটা রেফারির ওপর ছেড়ে দিতে হবে।’
নেইমার অবশ্য এসব নিয়ে এত চিন্তিত নন। মাঠের মতো ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনেও তিনি দুর্দান্ত ফর্মে, ‘একেবারে ছোটবেলা থেকেই আমার ওপর এমন চাপ। আমি এখন এসবে অভ্যস্ত হয়ে গেছি। সব সময় প্রস্তুত থাকি।’ এএফপি ও ওয়েবসাইট।