তবু অতৃপ্তি সিলেটবাসীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা পাঁচ দিন সিলেটজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল বিজয় দিবস টি-টোয়েন্টি ক্রিকেট। তীব্র শীত আর রাজনৈতিক অস্থিরতা ছাপিয়ে ক্রিকেটই বুঁদ ছিলেন সবাই। গতকাল ভাঙল সেই মিলনমেলা।
পরবর্তী পর্বের খেলা হবে ঢাকায়, সিলেট বিভাগীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম পর্বের শেষ দিনের খেলায় দর্শকাগ্রহ ছিল লক্ষণীয়। গ্যালারিজুড়ে হইহুল্লোড় আর মুহুর্মুহু করতালি ছিল সারাক্ষণ। মাঠের বাইরে টিকিটের জন্য বরাবরের মতো হাহাকারও ছিল। দর্শকদের বিপুল আগ্রহের কারণেই বোধ হয় গতকাল স্থানীয় ক্যাবলস সিস্টেমস প্রাইভেট লিমিটেডও দুটি ম্যাচ সরাসরি সম্প্রচার করতে বাধ্য হয়েছে।
গতকাল খেলা শেষে রাতে দর্শকেরা বাড়ি ফিরেছেন একটা অতৃপ্তি নিয়ে। অনেকেই বলেছেন টুর্নামেন্টের সব ম্যাচ সিলেটেই হওয়া উচিত ছিল! আগামী মার্চে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ সিলেটের মাঠে দেখার স্বপ্ন নিয়ে বাড়ি ফিরেছেন অনেকেই। চার দিনে আটটি ম্যাচে সিলেটে মাঠভরা দর্শক উপস্থিতি দেশের ক্রীড়ামোদীদের কাছে ছিল বিস্ময়। দলগুলোর জয়-পরাজয় আর তারকাখ্যাতি ছাপিয়ে খেলার মাঠের আসা হাজারো দর্শকই যেন পেয়েছেন তারকা-তকমা। খেলোয়াড়-কর্মকর্তারাও সেটা মানছেন।