তবু অনুজ্জ্বল শেখ জামাল
স্টেডিয়ামে ঢুকতে টিকিট লাগে না—সুযোগটা ভালোই কাজে লাগাচ্ছে ঘুড়ি-ওড়ানি একদল কিশোর। ফ্লাডলাইটের আলোয় রং-বেরঙের ঘুড়িগুলোকে সুন্দর লাগছিল। কয়েকবার মাঠের মধ্যেও উড়ে পড়তে দেখা গেল দু-একটা। মাঠে দেশসেরা স্ট্রাইকার এনামুল, এমিলিরা খেলছেন, অথচ খেলাটা টানতেই পারছিল না ওই কিশোরদের। কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে গ্রামীণফোন ফেডারেশন কাপের দ্বিতীয় ম্যাচেও বেশ নিষ্প্রভ দেখাল জাতীয় দলের মোড়কে ঘেরা নবাগত শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে। বাংলাদেশ লিগের পঞ্চম স্থানে থাকা আরামবাগকে হারাতেও ঘাম ঝরেছে তাদের। ৫৭ মিনিট পর্যন্ত শেখ জামালকে গোলবঞ্চিত রেখেছিল মতিঝিলের দলটি।শেষ পর্যন্ত এনামুলের জোড়া গোলে জিতে চূড়ান্ত পর্বে উঠেছে শেখ জামাল। গত ম্যাচে ইয়ংমেন্স ফকিরেরপুলকে ৩-০ ব্যবধানে হারালেও দর্শক-প্রত্যাশা পূরণে ব্যর্থ ছিল। কোচ কার্লেভিচের দাবি, গুছিয়ে উঠতে পারেননি তারা। কাল ৪-৪-২ ফরমেশনে শেখ জামাল একেবারে পরিকল্পিত খেলেছে বলা যাবে না।দ্বিতীয়ার্ধে গোল পায় শেখ জামাল। ডান প্রান্ত দিয়ে বদলি হিসেবে নামা সবুজ বল নিয়ে বক্সে ঢুকছিলেন। কিন্তু অবৈধভাবে তাঁকে ফেলে দেন আরামবাগের শরীফ। পেনাল্টি পায় শেখ জামাল। ৫৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন এনামুল (১-০)। ৬৯ মিনিটে আরামবাগের ডিফেন্ডারের ভুলে এনামুলই করেন ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া দ্বিতীয় গোল (২-০)।গ্যালারিতে কালই দেখা গেল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের পতাকা। খুব বড় জয় না পেলেও খুশিমনেই বাড়ি ফিরেছে শেখ জামাল সমর্থকেরা। শেষ পর্যন্ত খুশি কার্লেভিচও, ‘ওরা ভালো খেলেছে।’ বড় দলের কাছে কি আরও বেশি গোলের প্রত্যাশা ছিল না? বললেন, ‘এটা সত্যি, জাতীয় দলের তারকা খেলোয়াড় নিয়ে আমাদের দল। তাই দর্শকদের প্রত্যাশাও বেশি থাকবে স্বাভাবিক। তবে এর জন্য সময় লাগবে।’ চূড়ান্ত পর্বে আবাহনী-মোহামেডানের মতো বড় দলের সামনে দাঁড়াতে মোটেই উদ্বিগ্ন নন এই সার্বিয়ান, ‘রিয়াল মাদ্রিদ, বার্সেলোনাও তো হারে।’দিনের প্রথম ম্যাচে ফরাশগঞ্জকে ৩-০ গোলে হারিয়ে চূড়ান্ত পর্বে উঠেছে মুক্তিযোদ্ধা। ২৭ মিনিটে জেমস মগা করেন প্রথম গোল। ৫৭ ও ৬৩ মিনিটে পরের দুটি গোল আলমগীর রানার।আজ হবে চূড়ান্ত পর্বের ড্র।