তবু অপেক্ষা ফুটবল রোমাঞ্চের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিও ডি জেনিরোর কোপাকাবানা সৈকতের বিশাল ঘড়িটায় একটু একটু করে কমে আসছে সময়। দিন, ঘণ্টা, মিনিট, সেকেন্ড করে করে ১২ জুন ঘড়িটা একেবারে থেমে যাবে । তারপর সেই মাহেন্দ্রক্ষণ। সাও পাওলোর অ্যারেনা করিন্থিয়ানসে বেজে উঠবে বিশ্বকাপের বাঁশি।

অবশেষে বিশ্বকাপ ফিরছে ফুটবল-তীর্থ ব্রাজিলে। সেই ব্রাজিল যেখানে ফুটবলই ধ্যানজ্ঞান, ফুটবলই ধর্ম। সেই ব্রাজিল যেখানে পেলে-গারিঞ্চা-জেয়ারজিনহো-টোস্টাওদের জন্ম। আটলান্টিক মহাসাগরের কোলঘেঁষা সেই সাম্বার দেশে বিশ্বকাপ ফিরছে ৬৪ বছর পর!

নেইমার-অস্কাররা কি পারবেন ৬৪ বছর আগের সেই ‘মারাকানা-ট্র্যাজেডি’ ভুলিয়ে দিতে? নাকি ম্যারাডোনার পর আরও একবার সোনালি ট্রফিটা হাতে নিয়ে আর্জেন্টিনার ২৮ বছরের অপেক্ষা ঘোচাবেন লিওনেল মেসি? স্পেনের রাজত্ব বহাল থাকবে নাকি চতুর্থবারের মতো বিশ্বসেরা হবে জার্মানি? ইতালি বাজিমাত করবে নাকি ‘অনন্ত’ অপেক্ষা ফুরাবে ডাচদের? আগামী এক মাস এসব নিয়েই মেতে থাকবে সারা বিশ্ব। মেতে থাকবে সাত সমুদ্র তেরো নদী দূরের আমাদের দেশও।

২০০৭ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিশ্বকাপের আয়োজক হয়েছিল ব্রাজিল। স্বাগতিক ছাড়া বাকি ৩১টি দেশ বিশ্বকাপের টিকিট পেয়েছে বাছাইপর্বের কঠিন বাধা পেরিয়ে। মহারণের মহামঞ্চে থাকছে এখন পর্যন্ত বিশ্বকাপ জেতা আটটি দলই। তবে থাকছেন না কাকা, রোনালদিনহো, রবিনহো, কার্লোস তেভেজ, রাদামেল ফ্যালকাও, সামির নাসরি, ইব্রাহিমোভিচ, গ্যারেথ বেলরা। এদের কারও দল বিশ্বকাপে সুযোগই পায়নি, কেউ ফর্ম হারিয়ে কিংবা শৃঙ্খলাগত কারণে উপেক্ষিত, কারও ক্ষেত্রে আততায়ী হয়ে এসেছে চোট।

এরই মধ্যে চূড়ান্ত দল ঘোষণা করেছে অংশগ্রহণকারী সব দল। অনুশীলন ক্যাম্প চলছে বেশ কিছুদিন ধরে, অস্ট্রেলিয়া, ইরান, ক্রোয়েশিয়া তো এরই মধ্যে পৌঁছে গেছে ব্রাজিলে। চলছে প্রস্তুতি ম্যাচ খেলাও। প্রীতি ম্যাচে পানামাকে উড়িয়ে দিয়ে স্কলারির ব্রাজিল বুঝিয়ে দিয়েছে তারা প্রস্তুত। আগামী এক মাস এ গ্রহকে মোহাচ্ছন্ন করার সব উপকরণ নিয়ে এখন প্রস্তুত আয়োজক ব্রাজিলও৷ আসলেই প্রস্তুত?

রিও ডি জেনিরো, সাও পাওলো, ব্রাসিলিয়াসহ ১২টি ভেন্যুতে স্টেডিয়াম পু​নর্নির্মাণ কিংবা সংস্কারের জন্য ফিফার বেঁধে দেওয়া প্রাথমিক সময়সীমা ছিল ৩১ ডিসেম্বর। অথচ বিশ্বকাপের মাত্র সপ্তাহ খানেক আগেও উদ্বোধনী ম্যাচের ভেন্যু সাও পাওলোর অ্যারেনা করিন্থিয়ানসের সংস্কারকাজ চলছে। পুরোপুরি শেষ হয়নি কুরিতিবা, কুইয়াবা, পোর্তো আলেগ্রের স্টেডিয়ামগুলোর সংস্কারকাজও। তার ওপর আবার সংস্কারকাজের সময় শ্রমিকের মৃত্যু মন্থর করে দিয়েছে কাজের গতি। একই অবস্থা দেশটির বিমানবন্দর সংস্কারকাজেরও। তবে বড় শঙ্কাটা বোধ হয় এই অবকাঠামো সংস্কার নিয়ে নয়।

সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন না করে বিশ্বকাপের পেছনে বিপুল অর্থ ব্যয় করায় অনেক দিন থেকেই সোচ্চার ব্রাজিলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাদের দাবি, বিশ্বকাপ আয়োজন এমন একটা দেশের অগ্রাধিকার হতে পারে না। স্বাস্থ্যসেবা, শিক্ষা, বাসস্থান ও পরিবহনব্যবস্থার উন্নয়নকেই সরকারের অগ্রাধিকার দেওয়া উচিত। প্রতিবাদে তাই গত বছর ফিফা কনফেডারেশনস কাপ থেকে শুরু করে অদ্যবধি চলছে বিশ্বকাপবিরোধীদের বিক্ষোভ-প্রতিবাদ, যা রক্তক্ষয়ী বিক্ষোভেও রূপ নিয়েছে মাঝেমধ্যে। এমনকি ব্রাজিলে অনুশীলন শুরুর প্রথম দিনেই বিক্ষোভকারীরা পথ আটকেছেন স্কলারির দলটাকে বহনকারী বাসের। তবে আয়োজক কমিটিতে থাকা ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো কিংবা দলের টেকনিক্যাল ডিরেক্টর কার্লোস আলবার্তো পাহেইরার মতো অনেকের বিশ্বাস, বিশ্বকাপ শুরু হলেই ব্রাজিলিয়ানরা এসব আন্দোলন থামিয়ে গলা ফাটাবেন সেলেসাওদের সমর্থনে। মোহাচ্ছন্ন হবেন সাম্বার ছন্দে, বিশ্বকাপের উন্মাদনায়।

আভাস সে রকমই। ধর্মঘট চলছে, শ্রমিক মারা যাচ্ছেন, নির্মাণকাজ অসমাপ্ত। তবু যেন বিশ্বকাপের আগমনী ধ্বনি কাঁপাচ্ছে ব্রাজিলকে, ফুটবল-জ্বরে কাঁপছে সারা বিশ্ব।

বাইরের সমস্যা যতই থাকুক, মাঠের ফুটবল রোমাঞ্চই তো সেসবকে উড়িয়ে দেবে ফুঁ মেরে।

এ যে বিশ্বকাপ!