শেষ বাঁশি বাজার মিনিট চারেক আগে বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল তাঁদের৷ দক্ষিণ আফ্রিকায় গত বিশ্বকাপে আন্দ্রেস ইনিয়েস্তার গোলে স্বপ্নভঙ্গের বেদনায় পুড়েছিল হল্যান্ড৷ খুব কাছে এসেও বিশ্বকাপটা শেষ পর্যন্ত হাতে তুলতে পারেননি আরিয়েন রোবেন৷ তার পরও এতটুকু আক্ষেপ নেই বায়ার্ন মিউনিখ উইঙ্গারের৷ বরং রানার্সআপের মেডেল গলায় তুলতে পেরেই গর্বিত৷
দুর্দান্ত একটা বিশ্বকাপের স্মৃতি এখনো তাঁকে আলোড়িত করে, ‘দক্ষিণ আফ্রিকায় সত্যিই একটা দুর্দান্ত টুর্নামেন্ট খেলেছি৷ ফাইনালের হারটা অবশ্যই খুব হতাশাজনক৷ কিন্তু ওই বিশ্বকাপে আমরা সবাই যা পেয়েছি, সেটা ভেবে আমি এখনো গর্বিত৷’
বিশ্বকাপে খেলার জন্য সব সময় মুখিয়ে থাকেন ৩০ বছর বয়সী রোবেন, ‘বিশ্বকাপ প্রতিটি খেলোয়াড়ের জন্যই সব সময় বিশেষ কিছু৷ তা ছাড়া ব্রাজিলে খেলব বলে আমি খুবই রোমাঞ্চিত৷’
স্পেনের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে হল্যান্ডের৷ ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচটা মনে করিয়ে দিচ্ছে গত বিশ্বকাপের ফাইনালের পুনর্মঞ্চায়নের কথা৷ প্রথম ম্যাচেই অ্যাসিড টেস্ট! রোবেন তবু আত্মবিশ্বাসী৷
রোবেন আত্মবিশ্বাসী তারুণ্যনির্ভর দলটা নিয়েও৷ অবশ্য হল্যান্ডকে ফেবারিট বলতেও নারাজ তিনি, ‘আমার চোখে এবারের বিশ্বকাপে ফেবারিট ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন ও জার্মানি৷ আমাদের জন্য এবার লড়াইটা কঠিনই হবে৷ কারণ, শক্ত একটা গ্রুপে খেলতে হবে আমাদের৷’ ‘বি’ গ্রুপে স্পেন ছাড়াও হল্যান্ডের সঙ্গী চিলি ও অস্ট্রেলিয়া৷ ওয়েবসাইট৷
ত্রিশের কোঠায় পা দিয়েছেন৷ কিন্তু বয়সকে থোড়াই কেয়ার করছেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা৷ তাঁর কথা, ‘অভিজ্ঞতা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, বিশেষ করে মানসিক অভিজ্ঞতা আপনার অনেক কাজে লাগবে৷ কিন্তু মাঠে আপনি যেভাবে খেলতে চান, সেভাবেই খেলতে হবে৷ সে ক্ষেত্রে বয়স ২২ না ৩২, সেটা বড় কথা নয়৷ আপনাকে আপনার কাজটা করে যেতে হবে৷’