তবু আক্ষেপের এক সকাল
তুঘলকাবাদের লাল উঁচু কেল্লা ঘেঁষে মহাসড়ক মিশেছে এক গহিন বনের ভেতর। আঁকাবাঁকা পথ। পার্বত্য চট্টগ্রামের মতো। সেটির শেষ প্রান্তের বিশাল শ্যুটিং রেঞ্জটায় কাল সকালবেলা বাংলাদেশের শ্যুটারদের একটাই আক্ষেপ—‘ইস্, আর যদি একটা পয়েন্ট বেশি হতো!’রেঞ্জের বাইরে তখন ভারতীয় মিডিয়ার হুড়োহুড়ি। অন্তত গোটা ত্রিশেক টিভি ক্যামেরা তাক করে সাজানো। অভিনব বিন্দ্রা বা গগন নারাং এসে যদি একটু কথা বলতেন! মিডিয়ার আশা মেটাতে শ্যুটারদের না পাঠিয়ে এলেন ভারতীয় শ্যুটিং দলের কোচ সানি থমাস। তাঁর মুখে চওড়া হাসি, ‘আমি খুব খুশি। স্বপ্নের মতোই শুরুটা হয়েছে বলব।’‘স্বপ্নের মতো শুরু’ কথাটা হয়তো একটু বেশিই বলা হয়ে গেছে। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে ভারতের সোনা জয় অনুমানযোগ্যই ছিল। কিন্তু বাংলাদেশের ফলটা অনুমানের বাইরে। নিশ্চিত দলীয় রুপা হারিয়ে এল ব্রোঞ্জ। এই ইভেন্টে ব্রোঞ্জ! বাংলাদেশ শ্যুটিং দলও বিস্মিত। সেই বিস্ময়মাখা হতাশা।১ ঘণ্টা ৪৫ মিনিটে ৬০টি শট নিতে হয় ১০ মিটার এয়ার রাইফেলে। ৩৬ শট পর্যন্ত গগন আর বিন্দ্রার সঙ্গে সমান তালেই ছিলেন আসিফ হোসেন খান। ৩৩টি শট ‘পারফেক্ট টেন’ হয়েছে, বাকি তিনটি নয়। পরের ২৪ শটে যত গোলমাল। ৭টিই নয়! ৬০০-তে আসিফের সেরা ৫৯৬, দিল্লিতে আসার আগে অনুশীলনে ৫৯৩-৯৪ নিয়মিতই হয়েছে। কমনওয়েলথের এই মঞ্চে হলো কিনা ৫৯০!এই ইভেন্টের দলীয় বিভাগে প্রতি দলে দুজন করে খেলেন। বাংলাদেশ দলে আসিফের সঙ্গে ছিলেন আবদুল্লাহ হেল বাকি। আবদুল্লাহই বেশি হতাশ করেছেন। জার্মানিতে সম্প্রতি বিশ্ব শ্যুটিংয়ে স্কোর করেছেন ৫৯৩, ওই প্রতিযোগিতায় সমান স্কোর করা বিন্দ্রাকে পেছনে ফেলেছেন শ্যুট অফে। কিন্তু কাল সেই আবদুল্লাহর স্কোর মাত্র ৫৮৩!এরই ফল—১১৭৩ স্কোর নিয়ে ১০ মিটার এয়ার রাইফেলে বাংলাদেশের দলীয় অর্জন ব্রোঞ্জ। শেষ শটে আসিফ ১০ করলেই ইংল্যান্ডের সঙ্গে টাই হতো। বাংলাদেশই শেষ পর্যন্ত জিতত রুপা। কিন্তু এমনই হতাশার সকাল ছিল এটি, আসিফ করলেন ৯! মাত্র এক স্কোর বেশি করে ইংল্যান্ড জিতল রুপা। জেমস হাকল ৫৯৫, কেনি পার ৫৮৫।এর আগে দুবার ৬০০-তে ৬০০ করে বিশ্ব রেকর্ড গড়েছেন গগন, গত বেইজিং অলিম্পিকে এই ইভেন্টেই ৫৯৬ করে সোনা জিতেছেন বিন্দ্রা। কাল গগনের স্কোর ৫৯৮, বিন্দ্রার ৫৯৫। ১১৯৩ স্কোর করে ভারত জিতল গেমসে তাদের প্রথম সোনা। দিল্লি থেকে ২৫ কিলোমিটার দূরে ড. কারনি সিং শ্যুটিং রেঞ্জ শুরুতেই পয়মন্ত হয়ে উঠল স্বাগতিকদের জন্য।কেন বাংলাদেশ দল খারাপ করল? কোচ আসবাব আলী ফয়েজের ব্যাখ্যা, ‘প্রতিযোগিতা শুরুর আগে তিনজন রেঞ্জ অফিসার এসে নানাভাবে ডিস্টার্ব করেছে আবদুল্লাহকে, ওর পরনের বেল্ট নিয়ে ওরা আপত্তি করেছে। অথচ এটা হওয়ারই কথা নয়। আবদুল্লাহ মন দিয়ে শ্যুটিংই করতে পারল না!’ ম্যানেজার ইমরান চৌধুরী খানিক উত্তেজিত, ‘চিৎকার-চেঁচামেচি করে আমাদের খেলতেই দিল না ওরা। চিফ জুরির কাছে অভিযোগ করেছি, আয়োজকেরা দুঃখ প্রকাশও করেছে। তবে আয়োজকেরা আমাদের ভালোভাবে শ্যুটিং করতে দেবে না, এটা বোধ হয় পরিকল্পনা করেই রেখেছিল।’আবদুল্লাহর অভিজ্ঞতা কম। ‘মনঃসংযোগ হারিয়ে ফেলেছিলাম। এত বাজে স্কোর হবে ভাবিনি’ বলে সান্ত্বনা পেতে পারেন। কিন্তু ২০০২ ম্যানচেস্টার কমনওয়েলথে এই ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জেতার পর গত মেলবোর্ন কমনওয়েলথে এই ইভেন্টেই যিনি দলীয় রুপা জিতেছেন, সেই আসিফের কাছে কোনো ব্যাখ্যা কি আছে?‘শেষ ২৪ শটের আগে ঘড়িতে দেখি সময় আছে মাত্র ৩০ মিনিট। ওটাই কাল হয়েছে। তাড়াহুড়ো করতে গিয়ে চাপ নিয়ে ফেলেছিলাম। নার্ভাস লাগছিল’—আসিফের চোখমুখে রাজ্যের হতাশা। তবে সান্ত্বনা একটা দেখছেন ঠিকই, ‘কাল (আজ) ব্যক্তিগত বিভাগে সুযোগ আছে। দেখা যাক কী হয়।’১৯৯০ অকল্যান্ড কমনওয়েলথে আতিকুর রহমান আর আবদুস সাত্তার এয়ার পিস্তলে দলীয় সোনা জিতেছিলেন। ফ্রি পিস্তলে দলীয় ব্রোঞ্জও এসেছিল। এরপর ২০০২-এ আসিফের সোনা, ২০০৬-এ আসিফ-চন্দনের দলীয় রুপা। এর সঙ্গে যোগ হলো কালকের ব্রোঞ্জ। কমনওয়েলথে এখন পর্যন্ত পদক তো শুধু শ্যুটিং দলই দিল!শ্যুটিং রেঞ্জের খুব কাছেই হরিয়ানা সীমান্ত। প্রত্যাশিত রুপা জিতলে নির্ভার হয়ে ওদিকটায় একটু ঘুরেও আসতে পারতেন আসিফরা।