তবু আত্মবিশ্বাসী আশরাফুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েস্ট ইন্ডিজ বললেই এখনো ৫৮-এর লজ্জাটা মনে পড়ে। দেশের মাটির বিশ্বকাপটা বাংলাদেশের জন্য গৌরবের হতে পারেনি ওই কলঙ্কের কালিতে। আরেকবার যখন ওয়েস্ট ইন্ডিজ দলের বাংলাদেশে আসার সময় হলো, বাংলাদেশ ওই কলঙ্কতিলক দূর করার একটা সুযোগ খুঁজবেই। সেই প্রত্যয়ই ব্যক্ত করছেন মোহাম্মদ আশরাফুল। যথেষ্ট আত্মবিশ্বাসীও লাগছে তাঁকে। ৫৮-বিপর্যয়ের কথা মাথায় রেখেই কাল মিরপুরে অনুশীলন শেষে বলেছেন, ‘এই কন্ডিশনে ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে খুবই ভালো ফলাফল করা সম্ভব।’কিন্তু কেন এত আত্মবিশ্বাসী আশরাফুল? ৫৮-র লজ্জা বাদ দিলেও দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কি খুব ভালো বাংলাদেশ দলের অতীত!এই বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেশের মাটিতে পাঁচটি ওয়ানডে খেলে হার চারটিতেই। ২০০২ সালে চট্টগ্রামে একটি ম্যাচ পরিত্যক্ত হয়ে গিয়েছিল বৃষ্টিতে। আর টেস্টে দুই ম্যাচ খেলে দুটিতেই হার। ২০০২ সালের সিরিজে ঢাকা টেস্টের দুই ইনিংসে ১৩৯ ও ৮৭ রান করে ইনিংস ও ৩১০ রানে হেরেছিল বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টে ৭ উইকেটে।এই অতীতের সঙ্গে যখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাম্প্রতিক পারফরম্যান্সটাও ৫৮-এর লজ্জায় মোড়ানো, আত্মবিশ্বাসী হওয়া কঠিন বৈকি। তবে ১১ অক্টোবর থেকে শুরু হোম সিরিজে একটা জায়গায় বাংলাদেশই থাকবে এগিয়ে। দুই দলের সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজে যে জয়ী দলের নাম বাংলাদেশ! তার ওপর বাংলাদেশ সফরের ওয়েস্ট ইন্ডিজ দলে এবার নেই গেইল-সারওয়ান। শিবনারায়ণ চন্দরপল আর ফিদেল এডওয়ার্ডস আছেন শুধু টেস্ট দলে। প্রতিপক্ষ শিবিরে তারকাখচিত অনেক নামের অনুপস্থিতিই আত্মবিশ্বাসী করে তুলছে আশরাফুলকে, ‘আমার মনে হয়, টি-টোয়েন্টি এবং ওয়ানডেতে ভালো করতে পারলে টেস্টেও ভালো করা সম্ভব। টি-টোয়েন্টি আর ওয়ানডেতে ওদের তিনজন ভালো খেলোয়াড় আসছে না। আমাদের জন্য এটা প্লাস পয়েন্ট। টেস্ট দলে হয়তো চন্দরপল ও ফিদেল এডওয়ার্ডস আসবে। তবে এই কন্ডিশনে খেলা ওদের জন্য অনেক কঠিন হবে।’ওয়েস্ট ইন্ডিজ দলের দেবেন্দ্র বিশুকেই সবচেয়ে বড় হুমকি মনে করছেন আশরাফুল, ‘ভালো লেগ স্পিনার টেস্ট ক্রিকেটে সব দলের জন্যই হুমকি। একজন লেগ স্পিনারই পারে টেস্ট ঘুরিয়ে দিতে। আমাদের জন্য বিশু অবশ্যই হুমকি।’ তবে আশরাফুলের বিশ্বাস, ওয়ানডেতে আড়াই শর কাছাকাছি রান করতে পারলে জয়ের স্বপ্ন দেখতে পারে বাংলাদেশ, ‘২৪০-এর বেশি রান করতে পারলেই ম্যাচ জেতার ৭০-৮০ শতাংশ সুযোগ থাকবে আমাদের।’ যদিও পরিসংখ্যান বলছে, দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দুই শ করাই কঠিন। ওয়ানডেতে দেশের মাটিতে ক্যারিবীয়দের বিপক্ষে দুই শর বেশি রান আছে মাত্র দুবার, ১৯৯৯ সালের প্রথম হোম সিরিজে। এ ছাড়া দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এখন পর্যন্ত খেলা দুই টেস্টে দুই শর বেশি রান করা গেছে একবারই। ২০০২ সালে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে, ২১২ রান।আশরাফুল যদি সত্যি সত্যি এবার এই অতীত উল্টে দিতে চান, ব্যাট হাতে কিছু অবদান তাঁরও রাখা উচিত। জিম্বাবুয়ে সিরিজ সে জায়গাতেও আত্মবিশ্বাস জোগাচ্ছে তাঁকে, ‘বিশ্বকাপের পর “এ” দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে সেঞ্চুরি করেছি। সব ইনিংসেই ব্যাটিং ভালো হয়েছিল। এরপর জিম্বাবুয়েতেও একটা ভালো ইনিংস ছিল। বিসিবি কাপে ভালো খেলেছি। আমার মনে হয়, আগের চেয়ে ব্যাটিংটা এখন অনেক ভালো হচ্ছে।’ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ থেকেই বাংলাদেশ পাচ্ছে নতুন অধিনায়ক। সাফল্য-ব্যর্থতার অনেকখানি নির্ভর করবে তার ওপরও। আশরাফুল অবশ্য আস্থাই রাখছেন মুশফিকুর রহিমের প্রতি, ‘অনূর্ধ্ব-১৯ পর্যায়ে মুশফিক বাংলাদেশের সফল অধিনায়ক। তার অধিনায়কত্বের অভিজ্ঞতা আছে। আমার মনে হয়, মিডিয়া, দর্শক সবার উচিত তাকে সমর্থন দেওয়া। ফলাফল খারাপ হলেও যেন ওর প্রতি সমর্থনটা হারিয়ে না যায়।’