তবু আশা ছাড়ছে না ডাচরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৯ ডিগ্রি তাপমাত্রায় ৯০ মিনিটের কঠিন ফুটবল-যুদ্ধ। ন্যাড়ামাথা বেয়ে দরদর করে ঝরছে ঘাম। হতাশায় দুই হাতে ঢেকে ফেললেন চোখ-মুখ। শুধু ম্যাচ হেরে নয়, ওই হতাশা ছিল টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ারও। ওয়েসলি স্নাইডার ভেবেছিলেন, টুর্নামেন্টই বুঝি শেষ তাঁদের! পরে জানলেন সম্ভাবনা এখনো আছে। যেন ধড়ে প্রাণ ফিরে পেলেন। হারের জন্য সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে স্বপ্ন দেখছেন সুযোগটা কাজে লাগানোর, ‘সবকিছুর জন্য সবার কাছে ক্ষমা চাইছি। দুটো ম্যাচে হেরে যাওয়া অপ্রত্যাশিত। তবে এখনো সুযোগ আছে, নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে আমাদের। আমি ভেবেছিলাম আমরা ছিটকে গেছি। কিন্তু এখন দেখছি যদি আমরা পর্তুগালকে হারাই আর অন্য ম্যাচটার ফল পক্ষে আসে, তাহলে সুযোগ আছে। এই সুযোগটা আমাদের নিতেই হবে।’ওই সুযোগটা নেওয়ার আশায় আছে বার্ট ফন মার উইকও। বিশ্বাস রাখছেন দলের ওপর। তবে পরশুর ম্যাচ হারের দুঃখটা কি আর সহজে যায়! হারের জন্য ডাচ কোচ দায় দিলেন তাঁর রক্ষণকে, ‘প্রথম ২০ মিনিট ভালোই খেলেছিলাম আমরা, কিন্তু পরে সব এলোমেলো হয়ে গেল। আমরা ওদের অনেক জায়গা দিয়েছি আর যথেষ্ট সাহসী হতে পারিনি, বিশেষ করে রক্ষণে। ফরোয়ার্ডরা যথেষ্টই সাহসের প্রমাণ দিয়েছে, কিন্তু রক্ষণভাগ সেটা পারেনি।’বিশ্বকাপের রানার্সআপ, এই টুর্নামেন্টেরও অন্যতম ফেবারিট। কিন্তু প্রথম দুই ম্যাচের হল্যান্ড আসলে ব্যর্থতার এক পূর্ণ প্রতিচ্ছবি। প্রথম ম্যাচের হারটা ছিল ফরোয়ার্ডের একগাদা সুযোগ মিসের ফল। পরশু ফরোয়ার্ডরা ভালো করলেও ফাটল ধরল রক্ষণে। কাগজে-কলমে দারুণ দলটার মাঠে যেন সমস্যার অন্ত নেই। মাঠের বাইরের সমস্যা নিয়ে যে গুঞ্জন, সেটার প্রভাবই কি তাহলে পড়ছে মাঠে! দলে কি সত্যিই অন্তর্কলহ? ম্যাচের আগে স্নাইডার বলেছিলেন দলে গত বিশ্বকাপের মতো আবহটা নেই। ম্যাচ শেষে আরিয়েন রোবেনের কথায়ও কিন্তু খুঁজে পাওয়া গেছে তেমন ইঙ্গিত, ‘মাঠে আমাদের মধ্যে যেন কোনো সামঞ্জস্য নেই। সবার মাঝে অনেক দূরত্ব, যেন এক সুতোয় গাঁথা হয়ে উঠছে না। দুই বছর আগের মতো গোছালো আর স্থিতিশীল নয় আমাদের দল।’উচ্ছ্বসিত জার্মান কোচ জোয়াকিম লো কোয়ার্টার ফাইনালটাকে এখন দেখতে পাচ্ছেন, ‘তথাকথিত মৃত্যুকূপে প্রথম দুই ম্যাচ থেকেই ছয় পয়েন্ট পেয়ে গেছি। কোয়ার্টার ফাইনালের দরজা আমরা খুলে ফেলেছি। গোমেজের গোল দুটো ছিল দারুণ। শোয়েইনি ভালো থেকে আর ভালো হচ্ছে, মাঠে নিজের উপস্থিতি জানান দিচ্ছে।’ তবে শেষ আটে উঠেই গেছেন, ধরে নিয়ে বসে থাকতে চান না। লক্ষ্য চূড়ায়, তাই সতর্ক থাকতে চান জার্মান কোচ, ‘প্রত্যাশা অনেক বড়। আমাদের শুরুটা ভালো হয়েছে, তবে এখনো পাড়ি দিতে হবে অনেকটা পথ। আর কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে আমাদের এখনো এক পয়েন্ট লাগবে, অন্য ম্যাচের দিকে আমরা তাকিয়ে থাকতে পারি না। ডেনমার্ক শক্ত চ্যালেঞ্জ জানাবে। ওদের হেলাফেলা করার উপায় নেই।’মৃত্যুকূপের ভাগ্যনির্ধারণী শেষ রাউন্ড ১৭ জুন। এএফপি ও রয়টার্স।