বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডের জন্য কাল ঘোষিত বাংলাদেশের ১৮ জনের চূড়ান্ত দলে নতুন মুখ একটিই, সেনাবাহিনীর ডিফেন্ডার রোকনুজ্জামান (সোহাগ)। দলে ফেরানো হয়েছে স্ট্রাইকার পুস্কর খীসা ও মিডফিল্ডার আবদুল মালেককে। আগামী ১৮-২৪ ফেব্রুয়ারি দিল্লিতে হবে বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ড। প্রথম রাউন্ডে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশের বাধা বলতে ভারতের কথাই শোনা গিয়েছিল আগে।কিন্তু এখন জানা যাচ্ছে, দ্বিতীয় রাউন্ডে আয়ারল্যান্ড-চীনের মতো শক্তিশালী দলও ঢুকে পড়েছে। অন্য দুই দল ফিজি ও আজারবাইজান। চীন-আয়ারল্যান্ড যোগ দেওয়ায় বাংলাদেশের গ্রুপ রানার্সআপ হয়ে পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ। তবু আশা ছাড়ছেন না বাংলাদেশ কোচ মাহবুব হারুন, ‘আমাদের দলে টিম স্পিরিট আছে, সেটাই আমাকে সাহস জোগাচ্ছে। তাই তৃতীয় রাউন্ডের আশা ছাড়ছি না।’হকি দল: জাহিদ (অধিনায়ক), অসীম, ইমরান, মামুনুর, মশিউর, তাপস, আসাদুজ্জামান, খোরশেদ, রোকনুজ্জামান, কামরুজ্জামান, শেখ নান্নু, সারোয়ার, মালেক, রাসেল মাহমুদ, কৃষ্ণ, পুস্কর, মইনুল ও যোবায়ের।