তবু আশা নিয়েই যাচ্ছে হকি দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল বিকেলে হকি ফেডারেশনে ঢুকতেই দেখা গেল কোচ, খেলোয়াড়, কর্মকর্তা সবাই শেষ মুহূর্তের গোছগাছে ব্যস্ত। বিশ্ব হকি লিগের দ্বিতীয় পর্বে খেলতে আজই দিল্লি যাবে বাংলাদেশ হকি দল। ১৮ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের এই অভিযান। গ্রুপে ভারতই র্যাংকিংয়ে (১১) সবার চেয়ে এগিয়ে। এরপর আয়ারল্যান্ড (১৫), চীন (১৮) ও ওমান (৩৬)। ৪০তম স্থানে থাকা বাংলাদেশের পেছনে শুধু ফিজি (৭০)। গ্রুপ রানার্সআপ হয়েও তৃতীয় রাউন্ডে যাওয়া অনেক কঠিন বাংলাদেশের জন্য।তবে স্ট্রাইকার রাসেল মাহমুদ (জিমি) আশা ছাড়ছেন না, ‘আমাদের প্রস্তুতি আগের চেয়ে অনেক ভালো হয়েছে। বিদেশি কোচের অধীনে ১০ দিন অনুশীলন করেছি। আমাদের লক্ষ্য তৃতীয় রাউন্ডই। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আয়ারল্যান্ডের সঙ্গে আমরা গত ১০ বছর খেলিনি। প্রথম ম্যাচের ওপরই আসলে আমাদের তৃতীয় রাউন্ডে যাওয়া অনেকটা নির্ভর করছে।’ সর্বশেষ এশিয়ান গেমসে চীনের কাছে হেরেছিল বাংলাদেশ। অধিনায়ক জাহিদ হোসেন জানেন চীন শক্ত প্রতিপক্ষ। তার পরও ভালো কিছুই প্রত্যাশা তাঁর, ‘নিজেদের সেরাটা দিতে পারি, চীনকে হারিয়েও দিতে পারি আমরা।’ ফিজির সঙ্গে কখনো খেলেনি বাংলাদেশ। প্রতিযোগিতায় এটিও বাংলাদেশের জন্য সহজ ম্যাচ হতে পারে। অধিনায়ক সেটাই বললেন, ‘আশা করি ফিজির সঙ্গে জিতব।’ ওমানকে হারিয়ে এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ কাপ) চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এই ওমানের বর্তমান কোচ অলিভার কার্জ ছিলেন বাংলাদেশ দলের সাবেক কোচ গেরহার্ড পিটারের সহকারী। বাংলাদেশের সাবেক ভিডিও অ্যানালিস্ট আকিম মার্টিনও কাজ করছেন ওমানেই। বাংলাদেশ দল সম্পর্কে ভালোই জানা তাঁদের। তার পরও ওমানকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী ডিফেন্ডার আসাদুজ্জামান চন্দন, ‘ভারত গ্রুপের এক নম্বর দল। ওদের সঙ্গে জিতব বললে বাড়াবাড়ি হবে। তবে আশা করি ওমানের সঙ্গে জিততে পারব।’ এর আগে কথা ছিল, বাংলাদেশ দলের দিল্লি সফরটা হবে বাস-ট্রেনে। দেশকে সাফল্য দিয়েও ঢাকা-দিল্লি বিমানে যাওয়ার ভাগ্য হলো না খেলোয়াড়দের। তবে শেষ পর্যন্ত খেলোয়াড়দের দুর্ভোগ খানিকটা কমছে। আজ রাতে বাসের পরিবর্তে বিমানে কলকাতা যাবে বাংলাদেশ দল। ট্রেনে যাবে দিল্লি। ১৬ ফেব্রুয়ারি একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলার কথা এয়ার ইন্ডিয়া বা ভারত পেট্রোলিয়ামের সঙ্গে। ভ্রমণ-ক্লান্তি বাংলাদেশের জন্য একটু সমস্যা হলেও হতে পারে। তবু আশার কথাই শুনিয়ে যাচ্ছেন কোচ মাহবুব হারুন, ‘প্রতিকূলতা মেনেই খেলতে হবে। আশা করি, ভালো ফল নিয়েই ফিরব।’বিশ্ব হকি লিগে বাংলাদেশ১৮ ফেব্রু. আয়ারল্যান্ড ৪.৩০ মি.২০ ফেব্রু. চীন ৬.৩০ মি.২১ ফেব্রু. ওমান ৪.৩০ মি.২৩ ফেব্রু. ফিজি ৪.৩০ মি.২৪ ফেব্রু. ভারত ৮.৩০ মি.* (সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে টেন স্পোর্টস)