তবু আশাবাদী ওয়াটসন

ডেভিড ওয়ার্নার আর স্টিভেন স্মিথ যখন পরশু আফগানিস্তানের বোলিং নিয়ে ছেলেখেলা করছেন, ক্যামেরার চোখ অনেকবারই খুঁজে নিয়েছে শেন ওয়াটসনকে। ডাগ-আউটে বসে, শূন্য দৃষ্টি। হয়তো ভাবছিলেন, স্মিথের জায়গায় তিনে নামার কথা ছিল তো তারই! ওই ‘ছিল’ শব্দটিই এখন বাস্তবতা। কদিন আগেও যিনি ছিলেন অস্ট্রেলিয়া দলের অপরিহার্য অংশ, তিনিই এখন অপাঙ্ক্তেয়। তবে এটা নিয়ে মনে রাগ-ক্ষোভ নেই ৩৩ বছর বয়সী ওয়াটসনের। মেনে নিয়েছেন ভাগ্য। আর বাস্তবতা কঠিন হলেও আশা করছেন আবার জায়গা করে নেওয়ার!
ওয়াটসনের জায়গা নড়বড়ে ছিল বেশ কিছুদিন ধরেই। কোপটা পড়ছে পড়ছে বলে পড়েই গেল গত ম্যাচে। জেমস ফকনার চোট থেকে ফেরায় একাদশের বাইরে ওয়াটসন। দায়টা নিজের কাঁধেই নিলেন অভিজ্ঞ অলরাউন্ডার, ‘বাদ পড়া অবশ্যই হতাশার। কিন্তু আমি যথেষ্ট রান করতে পারিনি। এটাই হলো আসল। আমি এখন যা করতে পারি, তা হলো সুযোগের অপেক্ষায় নিজেকে তৈরি রাখা। তবে আবারও বলছি। আমি জানি যে যথেষ্ট রান করতে পারিনি, তাই দায় আমার নিজেরই।’
তবে দায় নিয়ে হাল ছেড়ে দিচ্ছেন না। বর্তমান বাস্তবতায় অস্ট্রেলিয়া দলে জায়গা হারালে ফিরে পাওয়া কঠিন। ওয়াটসন তবু কঠিন সেই পথেই হাঁটতে চান, ‘নিজের সামর্থ্যে বিশ্বাস আছে। তাই আশা ছাড়ছি না। জানি, যথেষ্ট সুযোগ পেয়েছি। তবু আরেকটা সুযোগ এলে যাতে কাজে লাগাতে পারি, সে জন্য তৈরি থাকব।’ রয়টার্স, এএফপি।