তবু আশাবাদী ক্যানাভারো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিপ্পি যতই বলুন টানা দুবার শিরোপা জিততে প্রস্তুত তাঁর দল ইতালি, তাতে খুব একটা আস্থা রাখতে পারছে না সমর্থকেরা। প্রস্তুতি ম্যাচে মেক্সিকো ও সুইজারল্যান্ডের সঙ্গে ড্র করে সে আস্থা আরও কমিয়েছে গতবারের চ্যাম্পিয়নরা। অধিনায়ক ক্যানাভারো তার পরও ভক্তদের শোনাচ্ছেন আশার বাণী, ‘আমাদের দলে মেসি, রোনালদোর মতো তারকা না থাকলেও শিরোপা যেতার ব্যাপারে আমরা আশাবাদী। তবে সেটা কীভাবে করব, তা জানি না!’প্যারাগুয়ের সঙ্গে প্রথম ম্যাচের দুই দিন আগ পর্যন্ত দলের গেম প্ল্যান, ফরমেশন ঠিক করতে পারেননি কোচ। তার পরও কোথা থেকে আসে এই আত্মবিশ্বাস? ‘এখন পর্যন্ত আমরা ধোঁয়াশায় আছি খেলার ধরন নিয়ে। তবে লিপ্পি নিশ্চয়ই কিছু একটা ভেবে রেখেছেন। খেলোয়াড়েরাও বেশ অভিজ্ঞ’—বলেছেন ক্যানাভারো। কিন্তু শুধু অভিজ্ঞতার জোরে বিশ্বকাপ জেতার আশা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? ইতালি অধিনায়ক দিয়েছেন এর উত্তরও, ‘আমাদের কখনোই কেউ ফেবারিট হিসেবে ধরে না। ২০০৬ সালে কোয়ার্টার ফাইনালে যেতে পারব বলেও অনেকে ভাবেনি। তার পরও আমরা চারবারের বিশ্বকাপজয়ী দল। আমাদের সমালোচনা করার জন্য সবাই সব সময় তৈরি হয়ে থাকে। এই সমালোচনাই আমাদের আরও ঐক্যবদ্ধ করে তোলে।’ ক্যানাভারোর বিশ্বাস, ইতালি দলটা এখনো অগোছালো থাকলেও তাদের আছে সর্বোচ্চ পর্যায়ে ভালো খেলার ইতিহাস। জীবনের শেষ বিশ্বকাপেরও সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি চান ৩৬ বছর বয়সী ক্যানাভারো।মার্সেলো লিপ্পির কথাটা প্রেরণার উৎস হতে পারে ক্যানাভারোর জন্য। সমর্থকদের আশার বাণীই শুনিয়ে যাচ্ছেন তিনি, ‘বয়স বাড়লে ফুটবল ভালো খেলা যাবে না, এটা আমি মনে করি না। এটা দক্ষতা, অভিজ্ঞতা ও নৈপুণ্যের খেলা।’ এএফপি, ওয়েবসাইট।