তবু আশাবাদী ফেদেরার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেদেরার
ফেদেরার

১৩ সংখ্যাটাকে বলা হয় অপয়া। রজার ফেদেরার এটা বিশ্বাস করেন কি না জানা নেই। তবে এখন থেকে হয়তো বিশ্বাসও করে ফেলতে পারেন। বছর শেষে যখন পেছনে ফিরে তাকাবেন, তখন ফেদেরারের বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরোতেই পারে। ক্যারিয়ারে এর চেয়ে বাজে বছর তো আর তাঁর কাটেনি! নিষ্ফলা বছরটার ষোলোকলা পূর্ণ হলো পরশু। বছরের শেষ টুর্নামেন্টেও খালি হাতে বিদায় নিতে হলো ‘ফেডেক্স’কে। ঘাতক পরিচিত, চিরপ্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদাল। এই স্প্যানিয়ার্ডের কাছে ৭-৫, ৬-৩ গেমে হেরে লন্ডনে এটিপি মাস্টার্সের সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছেন সুইস তারকা।
অতৃপ্তির তালিকাটা অনেক লম্বাই হয়ে যাবে। গ্র্যান্ড স্লাম-টাম দূরে থাক, এই বছরে ফেদেরার শিরোপাই জিতেছেন মাত্র একটা। জুনে মিখাইল ইয়ুঝনিকে হারিয়ে জেতা হ্যাল ওপেনই এ বছর সুইস গ্রেটের একমাত্র মণিহার।
ক্যারিয়ারে সবসুদ্ধ জিতেছেন ১৭টি গ্র্যান্ড স্লাম। অথচ এ বছর কোনো ফাইনাল দূরে থাক সেমিফাইনালেই উঠতে পেরেছিলেন শুধু অস্ট্রেলিয়ান ওপেনে। এরপর পারফরম্যান্সের গ্রাফটা নিচেই নেমেছে। ফ্রেঞ্চ ওপেনে শেষ আটের পর উইম্বলডনে দ্বিতীয় রাউন্ডেই বাদ। ইউএস ওপেনে বিদায় নিয়েছেন চতুর্থ রাউন্ডে।
সবচেয়ে বড় কথা, বয়সটাও পক্ষে নেই। ৩২ বছর বয়সে তো বেলা শেষের গানই শুনতে পান প্রায় সবাই। ফেদেরার কি র‌্যাকেট তুলেই রাখবেন? তিনি নিজে তেমন সম্ভাবনা দেখেন না, ‘ব্যাপারটা হলো আপনি কখন থামবেন। কিন্তু আপনি এখনো তরুণ, এখনই কেন থামার ভাবনা? টেনিস ছাড়াও আপনাকে অনেক কিছু করার আছে বলেই কেন খেলা ছেড়ে দেবেন? আর আমার সিদ্ধান্তটা তো আমি নিজেই নেব। যতক্ষণ পর্যন্ত এটা নেওয়ার ক্ষমতা আমার আছে, তত দিন আমি খেলা চালিয়ে যাব।’
কিন্তু এত দিন পর টেনিস কোর্টটা কি একঘেয়ে মনে হয় না ফেদেরারের? উত্তর, ‘আমার কাছে ব্যাপারটা খুবই সরল, আমি তো সেই ছোট থেকেই এটা (টেনিস খেলা) করে আসছি। এটা আসলে আমার ডিএনএনেতেই আছে।’
তবে সাফল্য যে এখন কালেভদ্রে আসছে, সেটা নিরেট বাস্তব। ফেদেরার বলছেন শরীরটা ঠিকঠাক সাড়া না দেওয়াই এটার কারণ, খেলার প্রতি ভালোবাসা কমে যাওয়া নয়। সে জন্যই এমন একটা বছর থেকেও সেঁচে আনছেন প্রত্যাশার মণি-মাণিক্য, ‘আমি মনে করি সামনের বছরে ভালো কিছু সম্ভব। প্রত্যাশার চেয়েও ভালো করেছি বাসেল, প্যারিস বা লন্ডনে।’ এএফপি।