তবু আশাবাদী ম্যাকগ্রা
‘প্রতি টেস্টেই হয়তো জোর লড়াই হবে, তবে দিব্যদৃষ্টিতে দেখছি অস্ট্রেলিয়া ৫-০-তে জিতবে’—অ্যাশেজ শুরুর সপ্তাহ তিনেক আগে বলেছিলেন গ্লেন ম্যাকগ্রা। প্রথম টেস্ট ড্র, সাবেক অস্ট্রেলিয়ান পেসার দেখলেন অ্যাশেজের শুরুতেই কেমন বিফলে গেল তাঁর ভবিষ্যদ্বাণী। হোয়াইটওয়াশ বা সিরিজ জয় দূরের কথা, শেষ টেস্টের আগে উল্টো অস্ট্রেলিয়াই এখন ২৪ বছরের মধ্যে প্রথম সিরিজ হারের মুখে। স্বাভাবিকভাবেই হতাশ ম্যাকগ্রা। তবে টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারি (৫৬৩) পেসারের আশা, শিগগিরই ঘুরে দাঁড়াবে অস্ট্রেলিয়া, আবার উঠবে চূড়ায়।অস্ট্রেলিয়ার সোনালি প্রজন্মের একজন কাল সিডনিতে এসেছিলেন ‘পিংক টেস্টের’ আনুষ্ঠানিক প্রচারণা চালাতে। স্তন ক্যানসারের বিরুদ্ধে ম্যাকগ্রা ও ম্যাকগ্রা ফাউন্ডেশনের লড়াইয়ে সহযোগী ক্রিকেট অস্ট্রেলিয়াও (সিএ)। ২০০৬ সাল থেকেই বছর শুরুর সিডনি টেস্টকে ‘পিংক টেস্ট’ ঘোষণা করেছে সিএ। এবার তাই পঞ্চম পিংক টেস্ট। স্তন ক্যানসারের বিরুদ্ধে বিশ্বব্যাপী সচেতনতা ও লড়াই আরও জোরালো করার আহ্বান জানিয়েছেন ম্যাকগ্রা, ক্রিকেটপ্রেমীদের অনুরোধ করেছেন গোলাপি পোশাকে মাঠে এসে সিডনির গ্যালারিকে গোলাপিসমুদ্রে পরিণত করতে।কাল হয়তো মাঠে গিয়েছিলেন ম্যাকগ্রা ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে। তবে ১২৪ টেস্ট ও ২৫০ ওয়ানডে খেলা ম্যাকগ্রার সবচেয়ে বড় পরিচয় তো সর্বকালের সেরা পেসারদের একজন। ৯৪৯টি আন্তর্জাতিক উইকেটের মালিককে তাই কথা বলতে হলো ক্রিকেট নিয়েও।অ্যাশেজের ফলাফলে হতাশ হলেও উত্তরসূরিদের ওপর তাঁর অগাধ আস্থা। সেই সঙ্গে একহাত নিয়েছেন সমালোচকদেরও ‘কোনো সন্দেহ নেই অ্যাশেজের ফলাফল হতাশাজনক। তবে একটা কথা ভেবে আমার অবাক লাগছে, অস্ট্রেলিয়া যখন ক্রিকেট-বিশ্বে একচ্ছত্র আধিপত্য দেখাচ্ছিল, তখন সবাই বলছিল প্রতিদ্বন্দ্বিতা কম, এটা ক্রিকেটের জন্য খারাপ। অথচ এখন দল কয়েকটা ম্যাচ হেরেছে বলে সবাই তাদের মুণ্ডপাত করছে। খুব বেশি দিন হয়নি, এই দলটাই টানা ১৩ টেস্ট জিতেছে। আমার পুরো আস্থা আছে ছেলেরা ঘুরে দাঁড়াবে এবং আবার শীর্ষে উঠবে।’তাঁর সাবেক সতীর্থ জাস্টিন ল্যাঙ্গার এখন অস্ট্রেলিয়ার ব্যাটিং কোচ। চলতি অ্যাশেজের পর বোলিং কোচ ট্রয় কুলির পদটাও নড়বড়ে হয়ে যাওয়ার কথা। সেদিকে দৃষ্টি আছে কিনা, এমন প্রশ্নও ছুটে গিয়েছিল তাঁর দিকে। তবে ম্যাকগ্রা জানালেন, আপাতত কোচিং ভাবনা মাথায় নেই, ‘যেকোনো সময়ই আমি দলকে পরামর্শ দিতে প্রস্তুত। এই টেস্টের পর হয়তো ছেলেদের সঙ্গে একটু কথাও বলব। কিন্তু আনুষ্ঠানিক কোনো ভূমিকা? ভবিষ্যতে দেখা যাবে, তবে এখন ব্যস্ত থাকার জন্য অনেক কিছুই আছে আমার।’ ওয়েবসাইট।