তবু আশায় পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের দেওয়া অ্যাশেজের আদলে সিরিজ আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে ভারত। ফিরিয়ে দেওয়া হয়েছে পাকিস্তান সফর অথবা ‘নিরপেক্ষ’ ভেন্যুতে সিরিজে অংশ নেওয়ার প্রস্তাবও। ভারতীয় গণমাধ্যমে এসব খবর ফলাও করে প্রচারিত হয়েছে। তবে এত এত হতাশাব্যাঞ্জক খবরের পরও ভারতকে নিয়ে সিরিজ আয়োজনের আশায় বুক বেঁধে আছে পাকিস্তান।বার্তা সংস্থা পিটিআই আজ জানিয়েছে, গত সোমবার দলের সঙ্গে দেশে ফিরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান জাকা আশরাফ দেশবাসীকে আশার বাণী শোনান। এ বছরের মধ্যেই ভারতকে নিয়ে পূর্ণাঙ্গ সিরিজ আয়োজন সম্ভব হবে বলেও আশাবাদ প্রকাশ করেন তিনি।আশরাফ সাংবাদিকদের বলেন, ‘পাকিস্তানে এসে ভারতীয় দল খেলতে অস্বীকৃতি জানিয়েছে, এমন ধারণা ঠিক নয়। নয়াদিল্লিতে অনুষ্ঠিত বৈঠকে আমাকে এমন কিছু বলা হয়নি। ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে আমি বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। আশা করছি, ভারতীয় দল পাকিস্তানে আসবে।’গণমাধ্যমের খবর, ভারতের মাটিতে ভারতীয়দের নিয়ে সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন জাকা আশরাফ। তবে তা প্রত্যাখ্যান করেন ভারতীয় বোর্ডের শীর্ষ কর্মকর্তারা। প্রস্তাব দেওয়ার কথা স্বীকার করে পিসিবি প্রধান বলেন, ‘হ্যাঁ, বৈঠকে আমরা এ ধরনের প্রস্তাব করেছিলাম। কিন্তু এখন পর্যন্ত কিছুই চূড়ান্ত হয়নি।’জাকা আশরাফ বলেন, ‘দ্বিপক্ষীয় সিরিজ আমাদের দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ। আমি আশাবাদী ভবিষ্যতেও এ সিরিজ হবে। দুই দেশের সমর্থকদের উন্মাদনা দেখে বুঝেছি, তারা সত্যি ভারত-পাকিস্তান সিরিজ খুব মিস করে।’ ভারতীয় দৈনিক মুম্বাই মিরর গত সোমবার জানিয়েছিল, সদ্য সমাপ্ত সফরের শুরু থেকে বিভিন্ন সময় জাকা আশরাফ পাকিস্তান সফরে যেতে ভারতকে প্ররোচিত করার চেষ্টা করেছেন। ভারতীয় বোর্ডের প্রেসিডেন্ট এন শ্রীনিবাসনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে আশরাফ জোর দিয়ে বলেন, ভারতের উচিত পাকিস্তান সফরে যাওয়া। তবে নিরাপত্তা ইস্যু তুলে ধরে তাতে সায় দেননি শ্রীনিবাসন।পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানানোর পর ভারতকে নিয়ে ‘নিরপেক্ষ’ ভেন্যুতে সিরিজ আয়োজনের প্রস্তাবও দিয়েছিলেন জাকা আশরাফ। কিন্তু শ্রীনিবাসন ওই প্রস্তাবও প্রত্যাখ্যান করেন।নাম প্রকাশ না করার শর্তে ভারতীয় বোর্ডের একজন কর্মকর্তা মুম্বাই মিররকে বলেন, পাকিস্তানে এখনো নিরাপত্তা শঙ্কা রয়ে গেছে। সফরে গিয়ে কিছু একটা ঘটলে এর দায় কে নেবে?ওই কর্মকর্তা বলেন, ‘পাকিস্তানের একটাই বক্তব্য, আমাদের সফরে যাওয়া উচিত। কিন্তু সেখানকার সত্যিকারের অবস্থা কী? আইসিসি ম্যাচের আম্পায়ার দিতে অস্বীকৃতি জানিয়েছে। এমন পরিস্থিতিতে আমরা সফরে যাই কীভাবে? ওরা প্রথমে অস্ট্রেলিয়াকে নিয়ে সিরিজ আয়োজন করুক। এরপর আমরা ভেবে দেখব।’