তবু আশার ঘরে বসবাস হজসনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ডকে নিয়ে সে দেশের গণমাধ্যমের মাতামাতি এমনিতেই এবার একটু কম। প্রীতি ম্যাচে টানা দুই ড্র ইংলিশদের প্রত্যাশার বেলুনটা আরও চুপসে দিয়েছে। গত বুধবার ইকুয়েডরের সঙ্গে ২-২ ড্রয়ের পর পরশু হন্ডুরাসের বিপক্ষে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচেও ড্র করেছে ইংল্যান্ড। মায়ামির সান লাইফ স্টেডিয়ামে পরশুর গোলশূন্য ড্রটা ইংলিশদের হতাশাকে বড় করে তোলার কারণ ছিল আরও একটি। শেষ ২০ মিনিট হন্ডুরাসকে খেলতে হয়েছে ১০ জন নিয়ে। রয় হজসনের দল এই সুযোটাও কাজে লাগাতে ব্যর্থ।
আবহাওয়া শুরু থেকেই ছিল খারাপ। ম্যাচ শুরুর পর শুরু বজ্রপাত, ঝড়। ফলে ৪৩ মিনিটের মতো বন্ধ থাকে প্রথমার্ধের খেলা। বিজলি চমকাচ্ছিল দ্বিতীয়ার্ধেও। প্রকৃতির বিরূপ প্রভাবের সঙ্গে ইংলিশদের খেলায় ধারও ছিল কম! প্রতিপক্ষ ডিফেন্ডার ব্রায়ান বেকেলেসের লাল কার্ডও হজসনের দলকে উজ্জীবিত করতে পারেনি। গোলের সুযোগ পেয়েছে। কিন্তু লিভারপুলের হয়ে দুর্দান্ত মৌসুম কাটানো ড্যানিয়েল স্টারিজ একাই নষ্ট করেছেন তিন-তিনটি সুযোগ। এর একটা তো ছিল একেবারেই থালায় সাজিয়ে দেওয়া খাবারের মতো৷
স্বাভাবিকভাবেই ব্রাজিলগামী বিমানে চেপে বসার আগে দলের এমন পারফরম্যান্স ইংলিশ সমর্থকদের হতাশ করেছে। তবে কোচ হজসন সেই দলে নন৷ ইংল্যান্ড কোচ বরং ড্রতেও খোঁজে পাচ্ছেন ইতিবাচক দিক, ‘আমি ড্রটা মেনে নিচ্ছি এবং কোনো রকম চোট ছাড়াই প্রস্তুতি শেষ করতে পারাটা গুরুত্বপূর্ণই। সঠিক মানসিকতা নিয়েই ব্রাজিলে যাচ্ছি আমরা।’ ১০ জন নিয়ে শেষ পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে ড্র করতে পেরে হন্ডুরাস কোচ লুইস ফার্নান্দো সুয়ারেজ ছিলেন উচ্ছ্বসিত, ‘ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে এই ফল হন্ডুরাসের মানুষকে দলের প্রতি বিশ্বাস এবং আশাবাদী করবে।’
তবে ইংল্যান্ডকে নিয়ে আশার তরি ভাসাতে খুব একটা সাহস পাবেন না সমর্থকেরা! রয়টার্স৷