তবু আশায় বসতি বোল্টের
বছরটা তেমন ভালো কাটেনি উসাইন বোল্টের। তাঁর থেকে কম সময় নিয়ে ১০০ মিটার স্প্রিন্ট শেষ করেছেন পাঁচজন। তার পরও বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে আশাবাদী ১০০ ও ২০০ মিটারে বিশ্বরেকর্ডের মালিক উসাইন বোল্ট। আশা তিনি করতেই পারেন। তাঁর তিন প্রতিদ্বন্দ্বীই যে বিশ্ব চ্যাম্পিয়নশিপের আগেই ঝরে পড়েছেন!চোটে পড়ে শেষ হয়ে গেছে যুক্তরাষ্ট্রের টাইসন গের স্বপ্ন। বোল্টের জ্যামাইকান সতীর্থ মাইক রজার্স ও স্টিভ মুলিংস ডোপ টেস্ট উতরাতে পারেননি। বাকি রইল শুধু আরেক জ্যামাইকান আসাফা পাওয়েল। এ বছরের দ্রুততম সময় ৯ দশমিক ৭৯ সেকেন্ডে ১০০ মিটার শেষ করেছেন পাওয়েলই। তবে বড় প্রতিযোগিতাগুলোয় পাওয়েল কখনোই সুবিধা করতে পারেন না।বেইজিং অলিম্পিকে বিশ্বরেকর্ড করেছেন, বিশ্বরেকর্ড করেছেন ২০০৯-এর বার্লিন বিশ্ব চ্যাম্পিয়নশিপেও। তবে এবার দক্ষিণ কোরিয়ার দেগুতে ২৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া প্রতিযোগিতায় কোনো রেকর্ডের প্রতিশ্রুতি দেননি বোল্ট। কারণ, দুই বছর আগের সেই শারীরিক সক্ষমতাই যে আর নেই! ‘এই মৌসুমে আর ৯ দশমিক ৫৮ সেকেন্ডের পেছনে দৌড়াচ্ছি না। বড় জোর ৯ দশমিক ৭ অথবা ৯ দশমিক ৬ সেকেন্ডের জন্য চেষ্টা করতে পারি’—বলেছেন ২৪ বছর বয়সী বোল্ট।সেরা ফর্মটাও হারিয়ে ফেলেছেন বোল্ট। এ বছর ১০০ মিটারে তাঁর সেরা সময় ৯ দশমিক ৮৮ সেকেন্ড। আর এটাকেই সুবর্ণ সুযোগ হিসেবে দেখছেন ব্রিটেনের স্প্রিন্টার ডোয়াইন চেম্বার্স। দেগুতে নাকি হেরেও যেতে পারেন বোল্ট, ‘এই মৌসুমে উসাইন দেখিয়েছেন তিনি রক্ত-মাংসেরই মানুষ। এটা বলতে কোনো দ্বিধা নেই যে তিনি তাঁর সেরা ফর্মে নেই। ফাইনালে যেকোনো কিছুই ঘটে যেতে পারে।’ ওয়েবসাইট।