তবু আশায় মাশরাফি
বিমানবন্দর থেকে সরাসরি বিসিবি অফিসে চলে এলেন মাশরাফি বিন মুর্তজা। শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া এক্স-রে রিপোর্ট জমা দিলেন, এরপর বোর্ড সভাপতির সঙ্গে দেখা করে চলে গেলেন বাসায়। যাওয়ার আগে আগের দিন কলম্বো থেকে টেলিফোনে বলা কথাটাই বলে গেলেন আবার—চিকির্যাসক ডেভিড ইয়াংকে দেখানোর পর মাঠে ফেরার ব্যাপারে আরও বেশি আত্মবিশ্বাসী তিনি।কিন্তু ডেভিড ইয়াংয়ের সঙ্গে কথা বলার পর বিসিবির ফিজিও মাইকেল হেনরি মাশরাফির ইনজুরি নিয়ে আনুষ্ঠানিকভাবে কাল যেটা জানালেন, সেটি তাঁকে বিশ্বকাপে খেলার আশা জোগায় না। সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিসিবি জানিয়েছে, মাশরাফির ডান হাঁটুটা বেশ নড়বড়ে। এটা স্বল্প সময়ের জন্য মাশরাফির খেলায় বাধা না হলেও দীর্ঘ মেয়াদে খেলাটা ঝুঁকিপূর্ণ। তাতে আহত হাঁটুর অবস্থা হতে পারে আরও খারাপ। হাঁটুর এই অবস্থা নিয়ে তাই লম্বা সময় খেলা না চালিয়ে যাওয়ারই পরামর্শ দেওয়া হয়েছে। চিকির্যাসক-ফিজিওদের পরামর্শ, বিশ্বকাপ দলে না থাকলেও ফিটনেস ফিরে পেতে স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসেবে বর্তমান পুনর্বাসন-প্রক্রিয়াটা চলবে। তবে বিশ্বকাপের পর অস্ত্রোপচার করে নেওয়া ভালো। ইয়াংয়ের বিশ্বাস, অস্ত্রোপচার হলে আরও অন্তত পাঁচ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারবেন মাশরাফি।পরিস্থিতির যে ব্যাখ্যা বিসিবির বিবৃতিতে পাওয়া গেল, তা থেকে মাশরাফির বক্তব্য যেন একটু ভিন্ন! মাশরাফি বলেছেন, ‘ডাক্তার আমাকে বলেছেন বিশ্বকাপ পর্যন্ত অপেক্ষা করতে। তিনি জানেন আমি স্কোয়াডে নেই। তার পরও পা দেখার পর বলেছেন, “বিশ্বকাপের পর অপারেশন করো। যদি সুযোগ আসে তুমি এ অবস্থায়ও খেলতে পারবে।” আর বলেছেন, আমি কী মনে করছি সেটাই চূড়ান্ত কথা। অপারেশন লাগবে কি না সে সিদ্ধান্তও আমিই নেব।’মাশরাফির বিশ্বাস, আর চার-পাঁচ দিন অর্ধেক রানআপে বল করলেই পুরো রানআপে বল করার মতো অবস্থায় চলে যাবেন তিনি। চেষ্টা করবেন, সুপার লিগের শেষ দু-একটা ম্যাচ খেলতেও। তবে বিশ্বকাপ খেলার স্বপ্নের কথা এখন আর সেভাবে বলছেন না, ‘এখন যেহেতু দলে নেই, সেই চিন্তা আর করছি না। কেউ ইনজুরিতে পড়বে, তারপর আমি খেলব...আমার খেলার জন্য এ রকম কিছু যেন না হয়। তবে হ্যাঁ, কোনোভাবে যদি সুযোগ আসে তাহলে যাতে খেলতে পারি সেজন্য নিজেকে ফিট রাখার চেষ্টা করব।’ইয়াংয়ের পরামর্শ মেনে বিশ্বকাপের পর অস্ত্রোপচারের পরিকল্পনা আছে মাশরাফির। তার আগে এই কদিনে দেখবেন অস্ত্রোপচার ছাড়াই কতটা ভালো থাকা যায়।এদিকে মাশরাফিকে বিশ্বকাপ খেলার সুযোগ দেওয়ার দাবিতে তাঁর শহর নড়াইলে কাল সন্ধ্যায় বিশাল এক মশাল মিছিল হয়েছে বলে জানিয়েছেন আমাদের নড়াইল প্রতিনিধি।