তবু আশায় সিদ্দিকুর

এ তো চারদিকে গ্যালারিঘেরা স্টেডিয়াম কিংবা কোর্ট নয়। এ হলো সাড়ে ছয় হাজার গজ বিস্তীর্ণ সবুজ কোর্স। এখানে ঘুরে ঘুরে খেলা দেখতে হয় দর্শকদের। যে খেলোয়াড় আপনাকে বেশি টানবেন বড়জোর তাঁর কাছাকাছি দড়িঘেরা জায়গায় দাঁড়িয়ে দেখতে পারেন তাঁর সুইং (ড্রাইভ), অ্যাপ্রোচ ও পাটিং। কুর্মিটোলা গলফ কোর্সে সিদ্দিকুর রহমান ছাড়া কে আর বেশি আকর্ষণ করবেন ঘরের কোর্সের দর্শকদের! ১৫৬ জনকে নিয়ে কাল শুরু বসুন্ধরা ওপেনে সিদ্দিকুরই যথারীতি মধ্যমণি।
তা বাংলাদেশের গলফের আদি এবং অকৃত্রিম নায়ক সাতসকালে কোর্সের ব্যাক নাইনে শুরুটাও করলেন দারুণ। ১০ নম্বর হোল থেকে শুরু—বার্ডি (এক আন্ডার পার)! ১১ নম্বর হোলেও বার্ডি। করতালির শব্দ গাছগাছালির আড়ালে মিলিয়ে যেতে যেতেও যেন গেল না। আকাশে মেঘের আনাগোনা ছিল। খানিক পর সেটি শুধু বৃষ্টিই নামাল না, সঙ্গে বজ্রবিদ্যুৎ। এই বজ্রবিদ্যুৎই বিঘ্ন ঘটাল খেলায়। দুবার খেলোয়াড়দের তুলে আনতে হলো। এই বৃষ্টিবাধা সিদ্দিকুরের খেলায় প্রভাব ফেলল ভীষণভাবেই। সঙ্গে বিপত্তি ছিল আরও, নিয়ম ভেঙে কাছাকাছি চলে আসা টিভি ক্যামেরার ঝলকানি। পরের চারটি হোলে ‘পার’, পরের দুটি হোলে ‘বগি’ আর অষ্টাদশ হোলে ‘পার’ করে সাময়িক বিরতিতে গেলেন সিদ্দিকুর। ততক্ষণে মনিটরে লিডার হিসেবে নাম উঠে গেছে ভারতের অনামী গলফার সঞ্জয় কুমারের। তাঁর পেছনে সিঙ্গাপুরের মারদান মামাত। সিদ্দিকুর পারের সমান নিয়ে যৌথভাবে নয়ে। দর্শক আড্ডায় বাংলাদেশের সেরা গলফারের জন্য ‘আহা, উহু’ ছড়িয়ে পড়ছে। ১০ নম্বর হোলে এক আন্ডার করে যৌথভাবে চারে উঠে এলেন সিদ্দিকুর। সবাই আবার আশাবাদী, সিদ্দিক প্রথম দিনেই লিড নেবেন!
না, শেষ পর্যন্ত হলো না। বেলা প্রায় ৩টার কাছাকাছি সময়ে সিদ্দিকুর যখন প্রথম রাউন্ডের শেষ হোলের খেলা শেষ করে প্লেয়ার জোনে ফিরছেন, তাঁর রোদতপ্ত মুখখানিতে বিমর্ষ ভাবও ভর করেছে। দিনটা ভালো যায়নি তাঁর। ১৮ হোলে ১ ওভার পার করেছেন। মানে ৭১ শটের জায়গায় তাঁর শট হয়েছে একটি বেশি। আর এতেই দিন শেষ দেখা যাচ্ছে বাংলাদেশের প্রথম এশিয়ান ট্যুরের সবচেয়ে বড় আশার নামটি রয়েছে ৩৩ নম্বরে। সবার প্রথমে থাকা নামটি মারদান মামাত। ফর্মে থাকা সিঙ্গাপুরের গলফারের স্কোর আন্ডার ফাইভ। একই স্কোর করে তাঁর সঙ্গে যৌথভাবে রয়েছেন যুক্তরাষ্ট্রের গলফার কেসি ও’টুল।
বিষণ্নতার পাশে থাকে আনন্দ। বিপরীতক্রমে আনন্দের পাশে বসবাস বিষণ্নতার। সিদ্দিকুরের একটু মন খারাপ, ‘শুরুটা খুব ভালো করেও দিনটাকে ভালো করতে পারিনি। বৃষ্টিবাধা একটা প্রভাব ফেলেছে। একটু কেমন যেন চাপও অনুভব করেছি প্রথম দিনে।’ লিডার মারদান মামাত সাংবাদিকদের সামনে এলেন বুক ফুলিয়ে, ‘আজ আমার হিট খুব ভালো হয়েছে। এই কোর্সটা আমার খুব ভালো লেগেছে। এটি আমার খেলার পক্ষেও বেশ উপযোগী মনে হচ্ছে।’ বৃষ্টি মামাতের কাছেও একটা উটকো ঝামেলা মনে হয়েছে, তার পরও তাঁর মুখে তৃপ্তির আভা, ‘বৃষ্টিটা একটু হতাশা বয়ে এনেছে, তারপরও এর মধ্যেই তো আপনাকে ভালোভাবে শেষ করতে হবে। আমি ভালোয় ভালোয় শেষ করতে পেরেছি।’ মামাতের মধ্যে দারুণ এক আত্মবিশ্বাস কাজ করছে, যেটি তিনি ফিরে পেয়েছেন দুই সপ্তাহ আগে মরিশাস ওপেনে তৃতীয় স্থান পাওয়ার সাফল্যে, ‘মরিশাসে যে আত্মবিশ্বাস ফিরে পেয়েছি সেটি ধরে রাখতে পেরেছি বলে খুশি।’ চারটি এশিয়ান ট্যুরজয়ী বাকি তিন রাউন্ডেও এটি ধরে রাখতে চান। একটু ঘুরিয়ে বলতে চাইছেন, বাংলাদেশের প্রথম এশিয়ান ট্যুরটা জিততে চান। তিন রাউন্ড মিলিয়ে ১২ আন্ডার পার করতে পারলেই মনে হয় হয়ে যাবে!
কিন্তু যে কোর্সের প্রতিটি সবুজ ঘাস যাঁর চেনা, সেই সিদ্দিকুর নিশ্চয়ই চাইবেন না প্রথম দিনের দীর্ঘশ্বাসকে দীর্ঘায়িত হোক। সিদ্দিকুর তাই আশায় আছেন, ‘দেখুন এখনো ৩ রাউন্ডের খেলা বাকি। এই কোর্স আমার কোর্স। আমি আশাবাদী ঘুরে দাঁড়াব।’
সেই আশাতেই ক্ষণ গুনছে কুর্মিটোলা গলফ কোর্স। তৃতীয় এশিয়ান ট্যুরের শিরোপা উঠুক সিদ্দিকুরের হাতে। নতুবা বাংলাদেশের আর কারও হোক প্রথম এশিয়ান ট্যুর জয়—জামাল, দুলাল কিংবা সজীবের।