তবু আস্থা ভীষণ অসম্ভবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবিশ্বাস্য সেই গোলের পর মেসি চড়ে বসলেন সতীর্থের কোলে l এএফপি
অবিশ্বাস্য সেই গোলের পর মেসি চড়ে বসলেন সতীর্থের কোলে l এএফপি

গ্যালারিভর্তি আকাশি-নীল-সাদা পতাকা। তার মধ্যে একচিলতে সবুজ-লাল-সাদার ছিটেফোঁটা। সময় যতই গড়াতে লাগল, ততই স্তিমিত হতে থাকল আকাশি কলরব। আর পাল্লা দিয়ে বাড়তে লাগল সবুজ-লাল-সাদার ঝংকার। শেষ পর্যন্ত সেই সুরটা সুদূরে মিলিয়ে গেছে বটে, কিন্তু আকাশি-নীলের গর্জন সেভাবে শোনা গেল কই? লিওনেল মেসি অবিশ্বাস্য একটা অন্তিম মুহূর্তের জন্ম না দিলে ইরানের সঙ্গে তো ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় আর্জেন্টিনাকে। কিংবা সার্জিও রোমেরো অবিশ্বাস্য তিনটা সেভ না করলে, কে জানে ফলাফল হয়তো অন্য রকমও হতো!
বসনিয়ার সঙ্গে খুঁড়িয়ে খুঁড়িয়ে জয়। সেটা না হয় প্রথম ম্যাচ বলে ছন্দ পেতে সময় লেগেছে। পরের ম্যাচে নিশ্চয় স্বরূপে ফিরবে। ‘ইরান-সংহারে’র সম্ভাব্য চিত্রনাট্যে কার ভূমিকা কী হবে, সেটা নিয়েই হচ্ছিল যত হিসাব-নিকাশ। কিন্তু বিরতি পর্যন্ত স্কোরলাইন গোলশূন্য, আর আক্রমণভাগ যখন নিষ্ফলা, আর্জেন্টিনার ঈশান কোণে তখন একটু যেন মেঘের আভাস। সেই মেঘটা রীতিমতো থমথমে রূপ নিল দ্বিতীয়ার্ধে। কোথায় সেই ধারালো আক্রমণ, দুর্দান্ত থ্রু, মেসির অসাধারণ দৌড়? উল্টা-পাল্টা আক্রমণ থেকে গোল প্রায় করেই বসেছিল ইরান।
শেষ পর্যন্ত মেসি অসাধারণ একটা গোল করে মান বাঁচিয়েছেন দলের। কিন্তু ম্যাচ-পরবর্তী ব্যবচ্ছেদে কোচ আলেসান্দ্রো সাবেলাকে বিস্তর ঘাম ঝরাতে হবে। মেসির ওই গোল আর রোমেরোর ম্যাচ বাঁচানো কিছু সেভ ছাড়া বাকিরা তো নিজেদের হারিয়ে খুঁজেছেন।
সাদা চোখে আর্জেন্টিনা ছিল একেবারে ভোঁতা। বল নিজেদের দখলে ছিল, কিন্তু ইরানের বজ্র আঁটুনি রক্ষণটা ভাঙতেই পারেনি। লিওনেল মেসি ম্যাচশেষে স্বীকার করলেন, ‘আমরা সবার আগেই চলে গেছি (পরের পর্বে), কিন্তু আমরা জানি আমরা এর চেয়ে অনেক ভালো পারফর্ম করতে পারি।’
পরশুর ম্যাচ থেকে আরেকটা রসদ নিয়ে যেতে পারে আর্জেন্টিনা। পরের ম্যাচে নিশ্চয় এর চেয়ে ভালো খেলবে! মেসি আস্থা রাখছেন নিজেদের ওপরই, ‘আমরা নিজেদের সামর্থ্য ঠিক দেখাতে পারিনি। তবে সময়ের সঙ্গে সঙ্গে আশা করি অনেক দূর যেতে পারব।’ কিন্তু পর পর দুই ম্যাচে কেন এমন ছন্নছাড়া আর্জেন্টিনা? মেসি কৃতিত্বটা ইরানের জমাট রক্ষণকেই দিলেন, ‘ইরান রক্ষণটা খুব ভালোভাবেই সামলেছে। আমাদের জায়গা পেতে রীতিমতো সংগ্রাম করতে হয়েছে। তার পরও আমরা অনেকগুলো সুযোগ তৈরি করতে পেরেছিলাম।
সতীর্থ পাবলো জাবালেতার কণ্ঠেও একই সুর, ‘খুব কঠিন একটা ম্যাচ ছিল। আমরা অবশ্য জানতাম এমন হবে। ইরান ১১ জন নিয়েই রক্ষণভাগ সামলেছে। আমরা জায়গা পাচ্ছিলাম না, ওরাও প্রতি-আক্রমণ থেকে দুই কি তিনটি ভালো সুযোগ পেয়েছিল।’
পরশু দুপুরের কড়া রোদে হাঁসফাঁস করতে দেখা গেছে আগুয়েরোদের। মেসি সেটা মনে করিয়ে দিলেন, ‘আজকের দিনটা আমাদের জন্য কঠিন ছিল। গরমও আমাদের ভালোই কষ্ট দিয়েছে।’ কিন্তু গোলের পর কী মনে হয়েছিল? বার্সেলোনা ফরোয়ার্ড আবেগে উদ্বেল, ‘বলটা ভেতরে ঢুকতে দেখে দারুণ খুশি হয়েছিলাম। ওটা ছিল শেষমুহূর্ত, মানুষজন চেঁচাচ্ছিল। দারুণ একটা ক্ষণ ছিল সেটা।’
জাবালেতা নিজেও এই ফলের পর অতৃপ্ত। তবে আর্জেন্টাইন ডিফেন্ডার মেসি-জাদুতে খুঁজতে চাইছেন আশ্রয়, ‘আমরা এখনো এই দলের সেরাটা দেখিনি, আমার মনে হয় সামনে সেটা আমরা দেখতে পাব। একসময় মনে হচ্ছিল আমরা জিততে পারব না, কিন্তু দলে লিওর (মেসি) মতো কেউ থাকলে আপনার সুযোগ আসবেই। আর এ রকম অনেক পরিস্থিতি আসবে, যখন ওকে দরকার হবে।’
কিন্তু মেসি কি প্রতিদিন অতিমানবীয় কিছু করতে পারবেন? এএফপি।