তবু ইতালিকে কুর্নিশ স্পেনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই ঘণ্টা দাঁতে দাঁত কামড়ে লড়াই করল দুই দল। ইতালির ঐতিহ্য আর স্পেনের জলজ্যান্ত বর্তমান ফুটবলকে দিল ধ্রুপদি রূপ। সর্বস্ব নিংড়ে দুই দলের শুধু একটা গোল করার চেষ্টা সফল হলো না। তাই জয়-পরাজয় নির্ধারিত হলো পেনাল্টি শুট-আউটে! সেই শুট-আউটও হলো রোমাঞ্চকর। স্পেন জিতল ৭-৬ গোলে। কিন্তু এ হারে কোনো লজ্জা নেই ইতালির। কনফেডারেশনস কাপের সেমিফাইনালে স্পেনের কাছে টাইব্রেকারে হারলেও আজ্জুরিরা আদায় করে নিয়েছে প্রতিপক্ষের সমীহ আর সম্মান।ম্যাচ শেষে ইতালিকে সে সম্মান জানাতে কার্পণ্য করেননি ম্যান অব দ্য ম্যাচ স্পেনের গোলরক্ষক ইকার ক্যাসিয়াস, ‘সত্যিটা হচ্ছে, জয় পেতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। ইতালি অসাধারণ খেলেছে। আমরাও বুফনকে কিছুটা ভুগিয়েছি, কিন্তু ওরা আমাদের আসলেই সমস্যায় ফেলেছিল। এমনও হতে পারত, আমাদের বদলে ওরাই এখন ব্রাজিলের বিপক্ষে ফাইনাল নিয়ে কথা বলত।’ ক্যাসিয়াসের কথার প্রতিধ্বনি স্পেন কোচ ভিসেন্তে দেল বস্কের কণ্ঠেও, ‘ওরা দারুণ খেলেছে, বিশেষ করে প্রথমার্ধে।’ প্রতিপক্ষের শ্রদ্ধাটুকু এ ম্যাচের বড় প্রাপ্তি বলে মানছেন ইতালি কোচ সিজারে প্রানদেল্লি, তবে তাই বলে তাঁর জয়ের তৃষ্ণা কমছে না, ‘আমরা প্রতিপক্ষের সম্মান অর্জন করেছি, দেখিয়েছি যে আমাদেরও সেরাদের সঙ্গে লড়ার সামর্থ্য আছে। তবে স্পেন অসাধারণ দল। ওরা খুবই ধারাবাহিক এবং আমাদেরও সেই ধারাবাহিকতা অর্জন করতে হবে।’ গত বছর ইউরোর ফাইনালে এই স্পেনের কাছেই ৪-০ গোলে হারের স্মৃতি মাথায় রাখলে পরশু রাতের ফলটা ইতালিকে একটু স্বস্তিই দেবে। ফর্মের তুঙ্গে থাকা স্পেনের সঙ্গে তারা ১২০ মিনিট লড়েছে পাল্লা দিয়ে। হেরে গেলেও তাই শিষ্যদের প্রাপ্য কৃতিত্বই দিয়েছেন প্রানদেল্লি, ‘এ ম্যাচটা আমাদের জন্য একটা বড় পরীক্ষা ছিল। ফল আমাদের পক্ষে না গেলেও আমার মনে হয় আমরা সেই পরীক্ষায় ভালোই উতরে গেছি।’ঘাম ঝরানো জয়ে আপাতত স্বস্তি ফিরলেও একেবারে চিন্তামুক্ত হতে পারছেন না ভিসেন্তে দেল বস্ক। ফাইনালে স্পেনের প্রতিপক্ষ ব্রাজিল, এ টুর্নামেন্টে এখন পর্যন্ত দুর্দান্ত খেলে এসেছে যারা। নিজের মাঠে ফাইনাল আর অতিরিক্ত একটা দিন বিশ্রাম মিলিয়ে সুবিধাজনক অবস্থানে থাকবে লুইস ফেলিপে স্কলারির দল। তবে এসব কিছুকে অজুহাত হিসেবে দাঁড় করাতে মোটেও রাজি নন স্পেনকে বিশ্বকাপ ও ইউরো জেতানো কোচ, ‘ফাইনাল একটা আলাদা ম্যাচ। আমরাও ৭২ ঘণ্টার মতো সময় পাচ্ছি হাতে। যদিও ব্রাজিল আরেকটু বেশি সময় পাবে কিন্তু সেটা কোনো অজুহাত হতে পারে না।’ এএফপি।