তবু উচ্ছ্বসিত ফ্রান্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেনজেমার হেড আটকে দিলেন ইকুয়েডর গোলরক্ষক দমনিগেজ। গোলপোস্টের সামনে তাঁর অসামান্য তৎপরতায় পরশু ফ্রান্সকে রুখে দিয়েছে ইকুয়েডর l রয়টার্স
বেনজেমার হেড আটকে দিলেন ইকুয়েডর গোলরক্ষক দমনিগেজ। গোলপোস্টের সামনে তাঁর অসামান্য তৎপরতায় পরশু ফ্রান্সকে রুখে দিয়েছে ইকুয়েডর l রয়টার্স

থমকে গেছে জয়রথ। বাঁধ পড়েছে গোলবন্যায়। পল্লবিত ফ্রান্স হুট করেই পরশু গেল গুটিয়ে। ৪০ মিনিট ১০ জনের ইকুয়েডরের বিপক্ষে খেলেও জিততে পারেনি ফ্রান্স। আগের দুই ম্যাচে ৮ গোল করা দল এদিন গোল করতে পারেনি একটিও। তবু হতাশ নন দিদিয়ের দেশম, অখুশি নন করিম বেনজেমা। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেই সন্তুষ্ট ফরাসিরা।
হন্ডুরাসকে ৩-০ গোলে হারিয়ে শুরু করা ফ্রান্স পরের ম্যাচে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে সুইজারল্যান্ডকে। শুধু বড় ব্যবধানের জয়ই নয়, রিবেরিবিহীন ফ্রান্সের আক্রমণাত্মক ফুটবলও মুগ্ধ করেছিল সবাইকে। তবে সেই ফ্রান্সকে খুঁজে পাওয়া যায়নি পরশু। কোচ দেশমের মুখের হাসি তবু ম্লান হয়নি, ‘দলকে নিয়ে আমার তৃপ্তি দূর করতে এই ০-০ ড্রয়ের চেয়ে বেশি কিছু লাগবে! গ্রুপের শীর্ষে থেকে আমরা দ্বিতীয় রাউন্ডে উঠেছি। আজকে বেঞ্চ থেকে অনেককে খেলিয়েছি। ওরা রক্ষণে ১০ জন নামিয়ে খেলেছে। তার পরও অনেক সুযোগ সৃষ্টি করেছিলাম আমরা, কিন্তু আগের মতো কাজে লাগাতে পারিনি। তবে সেই ভাবনায় কাতর নই আমি। আজকের ফলে দ্বিতীয় রাউন্ডে ওঠার আনন্দ নষ্ট করতে চাই না।’
১৯৯৮ বিশ্বকাপের পর এই প্রথম গ্রুপে শীর্ষস্থান পেয়েছে ফ্রান্স। চোটের কারণে ফ্রাঙ্ক রিবেরি ছিটকে পড়ার পর ফ্রান্স নিয়ে বাজি ধরার লোক খুব বেশি কেউ ছিল না। দেশম নিজেও প্রাথমিক লক্ষ্য ঠিক করেছিলেন কেবল দ্বিতীয় রাউন্ড পর্যন্ত। এই ফলে তাই তৃপ্তির কারণ আছে বৈকি! দলের মতো পরশু আগের দুই ম্যাচের ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি করিম বেনজেমা। তবে এই স্ট্রাইকারও কণ্ঠ মেলালেন কোচের সুরে, ‘জিততে পারলে অবশ্যই ভালো লাগত। তবে বিশ্বকাপে সব ম্যাচই তো আর বলে-কয়ে জেতা যাবে না। কখনো কখনো অনেক কিছুই পক্ষে আসবে না। আজ (পরশু) ওদের গোলকিপার দুর্দান্ত খেলেছে, ওদের কৃতিত্ব দিতেই হবে। আমরা গ্রুপে এক নম্বর হয়ে শেষ ষোলোতে উঠেছি, দলের এই অর্জনে আমি গর্বিত।’ এএফপি, রয়টার্স।