তবু এগিয়ে চলছে গেমস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু স্টেডিয়ামপাড়া ফিরেছে সেই চিরায়ত চেহারায়। উদ্বোধনী অনুষ্ঠান দুই-তিন দিন পরিবেশটাকে একটু পরিচ্ছন্ন রেখেছিল। উদ্বোধন শেষ, কাল শেষ হলো দ্বিতীয় দিনের খেলা। এখন স্টেডিয়ামটা যথারীতি গ্রাম্য হাটের মতো! দোকানপাট খোলা। দোকানের নানা ইলেকট্রনিক সামগ্রী বারান্দায়। খেলোয়াড়দের হাঁটার পথই নেই। কাল তো গাড়ির নিচে পড়তে যাচ্ছিলেন দুই অ্যাথলেট। তাঁদের প্রায় গায়ের ওপর দিয়েই চলে যাচ্ছিল একটা গাড়ি। স্টেডিয়ামের ভেতর দিয়ে অবাধে চলাচল সব ধরনের গাড়ির। তবু খেলা চলছে এবং কাল তায়কায়োন্দোর শেষ দিনে নিষ্পত্তি হয়েছে ছয়টি সোনা। দুটি করে সেনাবাহিনী ও আনসার জিতেছে, একটি করে বিজিবি এবং বিজেএমসি। সোনা জিতেছেন এসএ গেমসে সোনাজয়ী সেনাবাহিনীর মিজানুর রহমান। এই দলের দীপু চাকমা, বিজেএমসির সোমাইয়া, আনসারের সুস্মিতা, নাজমা, শ্রাবণী বিশ্বাস, নিজ নিজ ইভেন্টে সেরা। টিটিতে পুরুষ, মহিলা দ্বৈত এবং মিশ্র দ্বৈতে সোনা জিতেছে আনসার। আনসারের হয়ে খেলেছেন মিশ্র দ্বৈতে মাহবুব-সোমা জুটি, মহিলা দ্বৈতে সাহেলা-সিনথি এবং পুরুষ দ্বৈতে হাসিব-রকি। শ্যুটিংয়ে ১০ মিটার এয়ার পিস্তলে আর্মি শ্যুটিংয়ের সানজিদা আক্তার, ৫০ মিটার রাইফেল প্রোনে গুলশান শ্যুটিং ক্লাবের গোলাম শফিউদ্দিন, স্ট্যান্ডার্ড পিস্তলে আর্মি শ্যুটিং অ্যাসোসিয়েশনের সেলিম আজাদ সোনা জিতেছেন। র‌্যাপিড দাবায় সোনাজয়ী নৌবাহিনীর গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, আনসারের শামীমা আক্তার লিজা। বগুড়ায় কাল শুরু ক্রিকেটের প্রথম দিনে জিতেছে রংপুর ও খুলনা। সুপার ওভারে রংপুরের জয় ঢাকার বিভাগের বিপক্ষে। রংপুর ২০ ওভারে করেছিল ১৬৯/৭, ধীমান ৪৪। ঢাকা ১৬৯/৭। খুলনা (১৭৪/২, নাজমুস সাদাত অপ. ৯০) ৩৬ রানে হারিয়েছে বরিশালকে ( ১৩৮/৯)। হকির ফাইনালে উঠেছে সেনাবাহিনী ও ফরিদপুর। সেমিফাইনালে বিকেএসপিকে ৫-৪ গোলে ফরিদপুর, সেনাবাহিনী টাইব্রেকারে ৬-৪ গোলে হারিয়েছে ঢাকাকে। আগামীকাল হকির ফাইনাল। ফুটবলে বরিশাল ৫-২ গোলে মানিকগঞ্জকে, বিকেএসপি ২-০ গোলে হারিয়েছে মৌলভীবাজারকে। কাবাডিতে গাজীপুর, বিজেএমসি, রাজশাহী, আনসার জিতেছে। ভলিবলে চট্টগ্রাম, তিতাস ক্লাব, নড়াইল ও রাজশাহী জেলা জয় পেয়েছে। বাস্কেটবলে জয় চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহীর।