ডান হাতে উঁচিয়ে ধরা ব্যাট। বাঁ হাতে হেলমেট। তিনি গ্রহণ করছেন দর্শকের অভিবাদন। আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে ৭১ বার এ রকম দৃশ্য উপহার দিয়েছেন রিকি পন্টিং। ৪১টি টেস্ট ও ৩০টি ওয়ানডে সেঞ্চুরির সৌজন্যে। কিন্তু না, কাল কোনো সেঞ্চুরি করেননি। ৩৯ মিনিটে ২৩ বল খেলে ২টি চার মেরেছেন। যার একটি সেই পন্টিংসুলভ পুল থেকে। মাত্র ৮ রান করে ফেরার পথে পুরো পার্থ যেভাবে তাঁকে উষ্ণ অভিবাদন দিল, পন্টিং বাধ্য হলেন হেলমেট খুলে ফেলতে। লঘু পায়ে বেরিয়ে গেলেন মাঠ ছেড়ে। পাথুরে চাহনির আড়াল থেকে হয়তো বেরিয়ে আসছিল ভেতরে বহমান আবেগের ঢেউ।এ এমন এক দিন, যেদিন টেস্ট ইতিহাসের সফলতম অধিনায়কের ব্যাটে কত রান এল, সেই হিসাব কেউ নেবে না। এ এমন এক দিন, যেদিন ৩০৯ রানের বিশাল ব্যবধানে টেস্ট জিতে, পর পর দুই সিরিজে অস্ট্রেলিয়াকে তাদেরই মাঠে হারানোর বিরল কৃতিত্ব সঙ্গে নিয়ে, টেস্ট সিরিজে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেও দক্ষিণ আফ্রিকা আড়ালে। এ এমন এক দিন, যেদিন ম্যাচসেরা হাশিম আমলা আর সিরিজ-সেরা মাইকেল ক্লার্কও তাঁদের জন্য বরাদ্দ সবটুকু অভিবাদন-হাততালিও উৎসর্গ করে দেন পন্টিংকে।ম্যাচের ফল তৃতীয় দিন শেষেই জানা ছিল। শুধু ছিল অপেক্ষা। দক্ষিণ আফ্রিকানদের জন্য সেই অপেক্ষা জয় নিশ্চিত করে ফেলার। বাকি ক্রিকেট-বিশ্বের জন্য অপেক্ষা পন্টিংকে শেষবারের মতো খেলতে দেখার। পন্টিং নামলেন লাঞ্চের আগেই। ফিরেও গেলেন লাঞ্চের আগে। মাঝখানে ওই ৩৯টি মিনিট। তারও আগে ক্রিকেটীয় সহবতের চূড়ান্ত প্রকাশ ঘটিয়ে পুরো দল নিয়ে পন্টিংকে গার্ড অব অনার দিলেন গ্রায়েম স্মিথ। হাত মেলানোর আগে মাথা থেকে হ্যাট খুলে নিয়ে নত হয়ে পন্টিংকে শ্রদ্ধা জানালেন আরেক গ্রেট জ্যাক ক্যালিস। ক্রিকেট ইতিহাসেই ফ্রেমবন্দী হয়ে গেল এই দৃশ্য। তখনো জানা যায়নি, এই ক্যালিসের তালুতেই আটকে যাবে তাঁর শেষ ইনিংসের প্রাণভোমরা!নিজের শেষ টেস্টে শূন্য রানে ফিরে গিয়েছিলেন স্যার ডন ব্র্যাডম্যান। শেষ টেস্টের আবেগের কারণে চোখ ঝাপসা হয়ে গিয়েছিল হয়তো। এরিক হলিসের গুগলিটা না বোঝার কারণ হয়তো সেই থরথর আবেগই। টেস্টে মাত্র ৪৪টি উইকেট নিয়েও ইতিহাসে হলিস। ২০ উইকেটেই রবিন পিটারসন থেমে গেলেও হয়তো ক্ষতি নেই! পন্টিংয়ের ঘাতক যে তিনিই!পন্টিংয়ের বিদায়েই যেন নিশ্চিত হয়ে যায়, ম্যাচটা চতুর্থ দিনেই শেষ হয়ে যাবে। ১১০ রানে ৩ উইকেট হারিয়ে লাঞ্চে যায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় সেশনে আরও ৪ উইকেটের পতন। চা-বিরতির পরেও যে শেষ ৩ উইকেট নিয়ে আরও গোটা বিশেক ওভার অস্ট্রেলিয়া খেলল, তা মূলত শেষ জুটির কারণেই। বোলিংয়ে ৬ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে দশে নেমে ৬৮ রানের ইনিংস খেলে অস্ট্রেলিয়ার নবীন সদস্যের পক্ষ থেকেও যেন একটা ‘ফেয়ারওয়েল’ পন্টিংকে দিতে চাইলেন মিচেল স্টার্ক। লায়নের সঙ্গে তাঁর ৮৭ রানের জুটিটা থেমেছে লায়ন আউট হওয়ার পর। একই সঙ্গে শেষ হয়েছে পার্থ টেস্ট। পন্টিংয়ের টেস্ট!পূর্বসূরি স্টিভ ওয়াহ নিজের শেষ টেস্টে সতীর্থদের কাঁধে চড়ে বেরিয়ে এসেছিলেন। এদিন পন্টিংকেও কাঁধে তুলে নিলেন ওয়ার্নার ও ক্লার্ক। অস্ট্রেলীয় ক্রিকেটের যে বিশাল উত্তরাধিকার রেখে গেলেন পান্টার, সেটাও এখন বয়ে নিতে হবে ওয়ার্নার-ক্লার্কদেরই!