তবু কষ্টার্জিত জয় চিটাগংয়ের
জয় পেতে প্রয়োজন ১০৮ রান, লক্ষ্যটা সহজই ছিল চিটাগং কিংসের। তবে দুরন্ত রাজশাহীর বিপক্ষে খুব সহজে জয় পায়নি চিটাগং কিংস। মাহমুদউল্লাহর দলকে খেলতে হলো ইনিংসের ১৭.২ ওভার পর্যন্ত। এ সময়ের মধ্যে ছয়টি উইকেট হারায় চিটাগং।আজ শনিবার বিপিএলের প্রথম সেমিফাইনালে চিটাগং জিতেছে চার উইকেটে। ফাইনালের টিকিট অবশ্য এখনো নিশ্চিত হয়নি। ফাইনালে উঠতে হলে কাল বিপিএলের দ্বিতীয় সেমিফাইনালে হারাতে হবে সিলেট রয়্যালসকে। গতকালই ফাইনাল নিশ্চিত করে ঢাকা গ্ল্যাডিয়েটরস। ‘রেস টু ফাইনাল’-এর লড়াইয়ে সিলেটকে ৪ রানে হারায় গতবারের চ্যাম্পিয়নরা। গ্রুপ পর্বের লড়াইয়ে শীর্ষ দুইয়ে থাকার সুবাদে ফাইনালে যাওয়ার জন্য আরেকটা সুযোগ পাচ্ছে সিলেট রয়্যালস।আজ চিটাগংয়ের জয়ের নায়ক মিডিয়াম ফাস্ট বোলার তাসকিন আহমেদ। তাঁর বোলিং তোপেই দলীয় সংগ্রহটা ১০৭-এর বেশি নিয়ে যেতে পারেনি প্রথমে ব্যাট করা রাজশাহী। ৩১ রান খরচায় চারটি উইকেট নেন তাসকিন।ম্যাচে রাজশাহীর শুরুটাই হয়েছিল বাজেভাবে। দলীয় ১৬ রানে প্রথম উইকেটের পতন ঘটে। একপর্যায়ে ২৩ রানের মধ্যে তিনটি উইকেট হারায় রাজশাহী। প্রথম তিনটি উইকেট শিকার করেন তাসকিন।দলের বিপর্যয়ে এক প্রান্ত আগলে রেখে খেলার চেষ্টা করেছিলেন শন আরভিন। ব্যক্তিগতভাবে সফল হলেও সতীর্থদের কাছ থেকে যথার্থ সহায়তা তিনি পাননি। ইনিংস শেষ হওয়ার সময় ৪৮ বলে ৪৭ রানে অপরাজিত থাকেন আরভিন। রাজশাহীর হয়ে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ অধিনায়ক মুক্তার আলীর। ২১ বলে ১৮ রান করেন তিনি। চার্লস কভেন্ট্রি ও দিলশান মুনাবীরার সংগ্রহ যথাক্রমে ১৫ ও ১২ রান।১০৮ রানের লক্ষ্যে ব্যাট করা চিটাগংয়ের শুরুটা ভালোই হয়েছিল। জেসন রায় ও নুরুল হাসানের উদ্বোধনী জুটিতে আসে ৪৩ রান। ২৪ বলে ৩০ রান করা জেসনের বিদায়ের পর একের পর এক উইকেট হারাতে থাকে চিটাগং। ভাগ্যিস, সতীর্থদের মতো উইকেট বিসর্জনের খেলায় মেতে ওঠেননি রাভি বোপারা। তাঁর ৩০ বলে অপরাজিত ৩৪ রানের ইনিংসটি না হলে খেলার ফল ভিন্নও হতে পারত। চিটাগংয়ের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ নুরুল হাসানের (১৪)। জ্যাকব ওরাম অপরাজিত থাকেন ব্যক্তিগত ১০ রানে। বাকিরা দুই অঙ্কের সংগ্রহ গড়তে পারেননি।সংক্ষিপ্ত স্কোর:দুরন্ত রাজশাহী: ১০৭/৭ (২০ ওভার)আরভিন ৪৭*, মুক্তার ১৮, কভেন্ট্রি ১৫তাসকিন ৪/৩১, মাহমুদউল্লাহ ২/৬চিটাগং কিংস: ১০৮/৬ (১৭.২ ওভার)বোপারা ৩৪*, জেসন ৩০নাঈম ইসলাম ২/২৫ফল: চিটাগং ৪ উইকেটে জয়ী।