তবু কোয়ার্টার ফাইনালের আশায় সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রথমে এলেন সাকিব আল হাসান, এরপর ড্যারেন স্যামি। দুই অধিনায়কের মুখেই ছিল হাসি। তবে সাকিবের হাসিতে ছিল ‘লজ্জা’ ঢাকার প্রাণান্তকর চেষ্টা। আর স্যামির হাসিতে বাংলাদেশকে লজ্জায় ডুবানোর আনন্দ!র্যাঙ্কিংয়ে বাংলাদেশ এগিয়ে। মুখোমুখি লড়াইয়ে সর্বশেষ তিন ওয়ানডের তিনটিতেই জয়। কোয়ার্টার ফাইনালে যেতে এই ওয়েস্ট ইন্ডিজকেই শিকারে পরিণত করার স্বপ্ন ছিল বাংলাদেশের। মাঠের লড়াইয়ে সেই স্বপ্ন রূপ নিয়েছে দুঃস্বপ্নে!বিশ্বকাপে তিন ম্যাচের একটিতে জয়, হার দুটিতে। সামনে লড়তে হবে ইংল্যান্ড, হল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। বাস্তবতা বিবেচনায় আনলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারের পর বাংলাদেশের শেষ আটে ওঠা অনেকটাই কঠিন। তবে আশাবাদী সাকিব, ‘এখনো কোয়ার্টার ফাইনালে যাওয়া সম্ভব। তিনটি ম্যাচ বাকি আছে, দুটিতে জিতলেই চলবে। লক্ষ্যটা কঠিন। তবে পরবর্তী ম্যাচগুলোতে ঘুরে দাঁড়াতে আশাবাদী আমরা।’বাংলাদেশ ঘুরে দাঁড়িয়ে কোয়ার্টার ফাইনালে যেতে পারবে কী পারবে না, তা সময়ই বলে দেবে। কিন্তু মিরপুরে কেন এভাবে ভেঙে পড়ল বাংলাদেশ?—উত্তরটা অজানা সাকিব আল হাসানের, ‘আমি জানি না। সবাই একসঙ্গে বসে কথা বলতে হবে। গত দুটি ম্যাচে আমরা ভালোই খেলেছি। কিন্তু আজ ব্যাটিংটা খুব বাজে হয়েছে। একটা খারাপ দিন গেল আমাদের।’