তবু খুলে গেল দুয়ার
বাফুফে ভবনটা কাল যেন অচেনা। গত কয়েক দিনের কর্মব্যস্ততা নেই। সভাপতি কাজী সালাউদ্দিনের কক্ষ বন্ধ। দুই সহসভাপতি বাদল রায় ও শওকত আলী খান এসেছেন। আগের রাতের ম্যাচ নিয়ে সাক্ষাৎকার দিতে হচ্ছে দুজনকেই। কিছু টিভি ক্যামেরা, সাংবাদিক আর কয়েকজন কর্মীর উপস্থিতির পরও সবকিছু কেমন যেন নীরব। বাদল রায় নানা কথা বললেন। আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচ আয়োজনে অনেক শ্রম দিয়েছেন। ছিলেন নিরাপত্তা কমিটির প্রধান। ম্যাচটা সফলভাবে শেষ করার তৃপ্তি অনেকভাবেই প্রকাশ পেল তাঁর কণ্ঠে। কিন্তু মূল মনোযোগটা রাখলেন মাঠে নিরাপত্তা বজ্র আঁটুনি ফসকা গেরোতে পরিণত হওয়ার বিষয়টার ওপর।‘মাঠে এমন সব লোক ঢুকে পড়েছে, যাদের আমরা চিনিই না। ভিআইপিতে পর্যন্ত টিকিট বা পাস ছাড়া অনেকে ঢুকে পড়েছে। টিকিটধারীদের সিট দখল করে ফেলেছে অনাহূত লোকজন। অনেক অব্যবস্থাপনা ছিল। অনেকের গলায় কার্ড ঝুলেছে। কারা এদের কার্ড দিয়েছে জানি না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে সমন্বয়ের অভাব ছিল। কীভাবে এসব হলো, তদন্ত হওয়া দরকার। আমি তদন্ত করার জন্য ফেডারেশনকে সুপারিশ করব’—বাদল রায়কে ক্ষুব্ধ দেখাল।মেসিদের ম্যাচ বাফুফেকে একটা শিক্ষাও দিয়ে গেছে। সেটিকে সামনে এনে শওকত আলী খানের উপলব্ধি, ‘এ দেশে বড় ম্যাচ আয়োজন করা খুবই কঠিন ব্যাপার। এ দেশে সবাই ফ্রি টিকিট চায়। নিরাপত্তার দায়িত্বে যারা, তারাই দেখা গেল মেসির সঙ্গে ছবি তুলতে ব্যস্ত, এ নিয়ে হুলুস্থুল কাণ্ড হয়েছে। বিব্রতকর অবস্থায় পড়েছি আমরা। এসব নিয়ে আর্জেন্টিনার কোচ সাবেলা আপত্তি জানিয়েছেন। এই জিনিস তো ভদ্রলোক কলকাতা ছাড়া আর কোথাও দেখেননি।’তা হোক, ম্যাচটা শেষ পর্যন্ত বাফুফে ভালোভাবে শেষ করতে পেরেছে, সেটিই অনেক। মেসি এসেছেন—এর চেয়ে বড় প্রাপ্তি আর হয় না। একটা সময় দেড় কোটি টাকার সুপার কাপ আয়োজনের ঘোষণা যখন দিয়েছিলেন সালাউদ্দিন, তখন তাঁর পাশের কক্ষের সহকর্মীই বিশ্বাস করতে পারেননি। বলেছেন, ‘সালাউদ্দিন ভাই এসব কী বলেন’! কিন্তু সুপার কাপ হয়েছে। তার চেয়ে হাজার গুণ বড় চ্যালেঞ্জ নিয়ে এবার ৩০ কোটি টাকার আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচ করলেন। যেটি বাফুফে সদস্য ও সাবেক ফুটবলার হাসানুজ্জামান বাবলুর ভাষায়, ‘এটা আমাদের জন্য বিরাট এক প্রাপ্তি।’মজার ব্যাপার, কাল তাঁর কথা কিছু বোঝা যাচ্ছিল না। সন্ধ্যা ৭টার পর ফোনে ধরা হলে বললেন, ‘আমি বিমানবন্দরে। অতিথি বিদায় করছি।’ গলাটা ভাঙা। ঘুমটুম কয়েক দিন ধরে নেই। শরীরের অবস্থা নাকি খুবই খারাপ।সালাউদ্দিনের ওপর দিয়েই এই ধকলটা বেশি গেছে। দিন-রাত ২৪ ঘণ্টা মিলিয়ে বিশ্রাম নিতে পেরেছেন তিন-চার ঘণ্টারও কম। আনোয়ারুল হক, বাদল রায়, শওকত আলী খানসহ অন্য অনেকে আন্তরিকভাবে কাজ করেছেন বলে স্বীকৃতি দিচ্ছেন অনেকে। তবে সব আন্তরিকতা ব্যর্থ হতে চলেছিল সমন্বয়হীনতা, মাঠে বড় পর্দা নিষ্ক্রিয় হয়ে থাকা, ফেডারেশনের অব্যবস্থাপনা ও সুযোগসন্ধানীদের নানা আর্থিক বাণিজ্যের ভিড়ে। নানা কমিটির নামে দেদার অ্যাক্রেডিটেশন কার্ড বাণিজ্য ছিল রমরমা।সবাই আর্জেন্টিনা দলকে নিয়ে ব্যস্ত ছিল। নাইজেরিয়া দল যে হোটেলে ছিল, দুই দিন তাদের খোঁজ নিতে পর্যন্ত একটা লোক যাননি। দলটির সঙ্গে থাকা লিয়াজোঁ কর্মকর্তা জাতীয় দলের সাবেক অধিনায়ক আরিফ খান জয় ফোনের পর ফোন করে বাফুফের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের সাড়া পাননি। কর্মীরা কোনো প্রয়োজন মেটাতে সচেষ্ট ছিলেন না বলে তাঁর অভিযোগ।এমন অভিযোগ আরও আছে। তবে প্রথমবারের মতো এত বড় একটা আয়োজনে কিছু সমস্যা হতেই পারে। সবকিছু ভালোয় ভালোয় শেষ হয়েছে, এটাই বড় কথা। এই ম্যাচ আয়োজনের মাধ্যমে একটা দুয়ারও খুলে গেল। যেটিকে কাজী সালাউদ্দিন দেখছেন এভাবে, ‘একটা স্বপ্ন পূরণ হয়েছে। এখনো আরও অনেক স্বপ্ন পূরণের পালা।’