তবু খুশি আফ্রিদি
সমর্থকদের কাছ থেকে বিরূপ আচরণের একটা শঙ্কা ছিলই। শঙ্কাটা আরও বাড়িয়ে দিয়েছিল এক দর্শকের হাতে ধরা ব্যানার, যেটায় লেখা ‘পাকিস্তানের মানুষদের মারছে বন্যা, আর পাকিস্তানের সমর্থকদের মেরে ফেলছে পাকিস্তান ক্রিকেট দল।’ শেষ পর্যন্ত অবশ্য শঙ্কা সত্যি প্রমাণিত হয়নি। কার্ডিফের হাজার এগারো দর্শক বরং উৎসাহই দিয়ে গেছে পাকিস্তান দলকে। ৫ উইকেটে হারা ম্যাচে শহীদ আফ্রিদির কাছে বড় প্রাপ্তি এটাই, ‘খুব ভালো লেগেছে যে দর্শক খেলাটা উপভোগ করেছে। আমরা দারুণ সমর্থনও পেয়েছি।’ফিক্সিং-বিতর্ক নতুন মোড় নেওয়ার ডামাডোলের মধ্যে পরশু মাঠের লড়াইয়ে নেমেছিল পাকিস্তান। ইংল্যান্ডে পা রাখার পর থেকেই সতীর্থদের মাঠের ক্রিকেটে মন দিতে নানাভাবে উদ্বুদ্ধ করতে থাকা অধিনায়ক শহীদ আফ্রিদি নেতৃত্ব দিয়েছেন সামনে থেকেই। দলের দুর্দিনে নিজেদের মেলে ধরেছিলেন দুই অভিজ্ঞ মোহাম্মদ ইউসুফ ও শোয়েব আখতারও। দল শেষ পর্যন্ত হেরেছে, কিন্তু ১২৬ রানের পুঁজি নিয়ে লড়াই করতে পেরেই খুশি আফ্রিদি, ‘ছেলেরা যেভাবে খেলেছে, তাতে আমি খুশি। খুব বেশি রান আমরা করতে পারিনি, রানটা ১৪০ হলে হয়তো ভালো হতো। তবে ছেলেরা যেভাবে খেলেছে, সত্যি তা দারুণ।’২০ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়েও পাকিস্তান করতে পেরেছিল ১২৬। নিজেদের ৩৯তম টি-টোয়েন্টিতে এসে প্রথমবারের মতো মারতে পারেনি কোনো ছয়। সর্বোচ্চ অপরাজিত ৩৫ উমর আকমলের, তবে দুই অঙ্কে পা রাখাদের মধ্যে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট ছিল ইউসুফের। চার বছর আগে ইংল্যান্ডেই টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল, পরশু ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে ৩৬ বছর বয়সী ব্যাটসম্যান করেছেন ১৮ বলে ২৬। ১২৬ রানের পুঁজি নিয়েও অবশ্য দলকে জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন শোয়েব ও আফ্রিদি।নিজের প্রথম ওভারে (ইনিংসের দ্বিতীয়) কোনো রান না দিয়ে শোয়েব ফিরিয়েছেন কিসওয়েটারকে, পরে আউট করেছেন রবি বোপারাকেও। আফ্রিদি আউট করেছেন পল কলিংউড ও লুক রাইটকে। ১০ ওভার শেষে ইংল্যান্ড ছিল ৫ উইকেটে ৬২, ম্যাচ তখন হেলে পাকিস্তানের দিকেই। তবে ষষ্ঠ উইকেটে মাইকেল ইয়ার্ডিকে (২৬ বলে ৩৫*) নিয়ে ৬৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ইংল্যান্ডকে জয় এনে দেন এউইন মরগ্যান (২৪ বলে ৩৮*)। আফ্রিদিও জয় ছিনিয়ে নেওয়ার কৃতিত্ব দিয়েছেন এই দুজনকেই।ইয়াসির হামিদের সৌজন্যে নিউজ অব দ্য ওয়ার্ল্ড আবার বোমা ফাটিয়েছে ফিক্সিং নিয়ে। পরশু ম্যাচ-উত্তর সংবাদ সম্মেলনে প্রশ্ন হলো, পাকিস্তানি খেলোয়াড়দের কেউ পত্রিকাটি কিনেছে কি না। আফ্রিদি হাসতে হাসতে বললেন, ‘কেউ কেনেনি, কেউ না।’ তবে স্বীকার করেছেন, এই পরিস্থিতিতে দলের মনোবল চাঙা করার কাজটি কঠিন, ‘আমার ও কোচের দায়িত্ব দলকে উদ্বুদ্ধ করা, দলের মনোবল চাঙা রাখা। তবে সপ্তাহখানেক বা দিন দশেক ধরে যা হচ্ছে, পরিস্থিতি আসলে খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে।’কঠিন কাজটা আফ্রিদিকে আজ আবার করতে হবে। একই মাঠে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি যে আজই। ওয়েবসাইট।