তবু খুশি ক্যাপেলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্যাবিও ক্যাপেলো
ফ্যাবিও ক্যাপেলো

দুই ম্যাচে মাত্র ১ পয়েন্ট। দক্ষিণ কোরিয়ার সঙ্গে প্রথম ম্যাচে ড্র। পরশু বেলজিয়ামের কাছে শেষ মুহূর্তের গোলে হার রাশিয়ার। গ্রুপের শেষ ম্যাচে আলজেরিয়াকে হারালেও শেষ ষোলোতে উঠতে অনেক ‘যদি’, ‘কিন্তু’র ওপর নির্ভর করতে হবে রাশিয়াকে।
রাশিয়ার কোচ ফ্যাবিও ​ক্যাপেলো মনে করেন, বেলজিয়ামের সঙ্গে জয়টা প্রাপ্য ছিল তাঁর দলের। কিন্তু উচ্চাভিলাষী খেলার মূল্য দিয়ে তাঁদের হারতে হয়েছে শেষ মুহূর্তে গোল খেয়ে। হারলেও শিষ্যদের গতিময় ফুটবলের প্রশংসাই করেছেন এই ইতালিয়ান, ‘সত্যি বলতে কি, আমি ছেলেদের পারফরম্যান্সে খুবই খুশি। ম্যাচের ফলটা আমাদের জন্য অন্যায্য কিন্তু সত্যিটা হলো, আমরা হেরেছি। আমাদের জেতার সুযোগ ছিল, ম্যাচটাও খুব ভালো হয়েছে। কারণ, দুই দলই সর্বস্ব দিয়ে লড়েছে এবং জিততে চেয়েছে। শুধু দুর্ভাগ্যক্রমে জয়টা পেয়েছে বেলজিয়াম।’
পেনাল্টি বক্সের মধ্যে রাশিয়া ১০ বার ঢুকলেও কোনো গোল করতে পারেনি। ইতালিয়ান কোচের মতে, খেলোয়াড়েরা তাড়াহুড়ো করেই গোলের সুযোগ নষ্ট করেছেন, ‘প্রথমার্ধে প্রতি-আক্রমণে আমরা খুবই ভালো খেলেছি। গোলের খুবই ভালো সুযোগ ছিল আমাদের, কিন্তু শেষ পাসগুলো ছিল ভুলে ভরা, না হয় আমরা খুব দ্রুত গোল করতে চেয়েছি। দ্বিতীয়ার্ধেও আমাদের দখলেই বল ছিল বেশি, কিন্তু বেলজিয়াম বিপজ্জনক একটা দল।’

৮৩ মিনিটে ক্যাপেলো বদলি হিসেবে নামিয়েছিলেন অ্যালান জাগোয়েভকে। কিন্তু কোচের আস্থার প্রতিদান দিতে পারেননি এই মিডফিল্ডার, ‘মনে করেছি জাগোয়েভকে নামালে জিততে পারি ম্যাচটা। আমি ভেবেছিলাম, ও কিছু একটা করবে এবং আমরা জিতব।’ তবে দোষটা জাগোয়েভের ওপর চাপাননি রাশিয়ার কোচ, ‘জাগোয়েভের দোষ নেই। ওরা প্রতি-আক্রমণে এসেছে যখন আমরা গোলের জন্য ছুটেছি। তবে দুর্দান্ত গতিময় একটা অসাধারণ ম্যাচই ছিল এটি।’ ওয়েবসাইট৷