তবু খুশি দক্ষিণ আফ্রিকানরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিফা ২০১০ বিশ্বকাপের স্বাগতিক হিসেবে নাম ঘোষণার পর থেকেই শঙ্কাটা ছিল। সেটিই শেষ পর্যন্ত সত্যি হলো। ফ্রান্সের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জিতেও প্রথম স্বাগতিক দেশ হিসেবে প্রথম রাউন্ড থেকেই বাদ পড়ার লজ্জার রেকর্ড গড়েছে দক্ষিণ আফ্রিকা।হোক লজ্জার রেকর্ড, দক্ষিণ আফ্রিকানরা নিজেদের পারফরম্যান্সে সন্তুষ্টই। দেশটির প্রেসিডেন্ট জ্যাকব জুমা থেকে শুরু করে সাধারণ সমর্থক, কোচ পাহেইরা, আয়োজক কমিটির প্রধান ড্যানি জর্ডান—সবার কণ্ঠেই তৃপ্তির সুর। ব্রাজিলিয়ান কোচ আলবার্তো পাহেইরা বাফানা বাফানাদের এই পারফরম্যান্সকে কিছুতেই ব্যর্থ বলতে রাজি নন।মেক্সিকোর সঙ্গে ড্র, উরুগুয়ের কাছে হার। শেষ ম্যাচে ফ্রান্সের সঙ্গে ২-১ গোলের জয়ে। পয়েন্ট মেক্সিকোর সমান চার হলেও দ্বিতীয় রাউন্ডে যাওয়া হলো না বেশি গোল খাওয়ায়। শিষ্যদের এই পারফরম্যান্সকে কোচ পাহেইরা দেখছেন ইতিবাচক দৃষ্টিতে, ‘দ্বিতীয় রাউন্ডে যেতে পারিনি, এ জন্য আমরা হতাশ। কিন্তু এটা বলব না আমরা ব্যর্থ হয়েছি।’ যখন দায়িত্ব নেন, র‌্যাঙ্কিংয়ে দক্ষিণ আফ্রিকার অবস্থান খুবই শোচনীয়। সেই দলই তাঁর হাতের ছোঁয়া পেয়ে বদলে গেছে এবং বিশ্বকাপে ফ্রান্সের মতো ফুটবল শক্তিকে হারিয়ে দিয়েছে। কোচ হিসেবে এটাই তাঁর গর্বের। পাহেইরা মনে করছেন, এই দলটির এখন একটা নিজস্ব পরিচয় আছে।মাঠের পারফরম্যান্স যাই হোক, বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার মানুষ সাদা-কালোর ভেদাভেদ ভুলে এক পতাকাতলে মিশেছে, কাঁধে কাঁধ মিলিয়ে উৎসব করেছে, প্রেসিডেন্ট জ্যাকব জুমা জয় দেখছেন এটাকেই। নিজ দলের পারফরম্যান্স সম্পর্কে বলেছেন, ‘আপনি জানেন আমরা কোয়ালিফাই করিনি এবং এতে আমি হতাশ। কিন্তু আমি মনে করি, দল ভালো খেলেছে। ছেলেরা আমাদের গর্বিত করেছে। শেষটা ভালো হওয়ায় আমি খুবই খুশি।’আয়োজক কমিটির প্রধান ড্যানি জর্ডান বলেছেন, ‘বাফানা বাফানারা বাদ পড়েছে ঠিক। কিন্তু তারা দেশবাসীর হূদয় জয় করেছে। পুরো বিশ্বেরও।’ ২৯ বছর বয়সী এক সমর্থক বলেছেন, ‘এটা দক্ষিণ আফ্রিকার জন্য খুবই ভালো। এটা আমাদের পুনরায় একত্র করেছে।’ ওয়েবসাইট।