তবু খুশি মাহফিজার
নিজের হিটে আটজনের মধ্যে সপ্তম হয়েছেন, সব মিলিয়ে ৪৮ জনের মধ্যে ৩৯তম। মাহফিজার রহমান অবশ্য এতেই খুব খুশি। প্রথম কারণ, সাধ আর সাধ্যের মধ্যে পার্থক্যটা জানেন। দ্বিতীয় কারণ, অলিম্পিকের জন্য যে প্রস্তুতি ছিল, তাতে এর চেয়ে বেশি কিছু আশাই করেননি।সাঁতারে ৫০ মিটার ফ্রি-স্টাইলের একটা আলাদা মর্যাদা আছে। এই ইভেন্টে জয়ীই দ্রুততম সাঁতারুর মর্যাদা পান। সেই দ্রুততম সাঁতারুকে নিয়ে দ্রুততম মানবের মতো মাতামাতি অবশ্যই হয় না। উসাইন বোল্টকে এই বিশ্বে কে না চেনে, কিন্তু সিজার সিয়েলোকে? বছর চারেক ধরে বিশ্বের দ্রুততম সাঁতারুর স্বীকৃতিটা এই ব্রাজিলিয়ানেরই। মাহফিজারের প্রিয় সাঁতারুর তালিকায় মাইকেল ফেল্পেসর সঙ্গে এই সিয়েলোও আছেন। সিয়েলোর সঙ্গে সাঁতরাতে পারলে মাহফিজারের অলিম্পিক-অভিজ্ঞতাটা আর স্মরণীয় হয়ে থাকত। কিন্তু দুজন ছিলেন দুই হিটে। হিটে সিয়েলো নিশ্চয়ই নিজেকে উজাড় করে দেননি। দ্বিতীয় সেরা টাইমিং করেছেন। তার পরও মাহফিজারের সঙ্গে তাঁর পার্থক্য ২.৮৪ সেকেন্ডের। সিয়েলোর বিশ্ব রেকর্ডের চেয়ে মাহফিজুরের সেরা সময়ের পার্থক্য ৩.৭১ সেকেন্ড।৫০ মিটার ফ্রি-স্টাইলে যেখানে বেশির ভাগ সময় সেকেন্ডের শতাংশে জয়-পরাজয় নির্ধারিত হয়, ৩.৭১ সেকেন্ড তো সেখানে অনন্তকাল। তবে এই আলোচনাটাই কি অর্থহীন নয়! বিশ্বসেরার সঙ্গে তাঁর তুলনার কথা শুনলে মাহফিজার নিজেই বিব্রত হবেন। ডাকনাম সাগর, পার্থক্যটাও সাগর-সমান। সেটি শুধু পারফরম্যান্সে নয়, এর আগে-পরে সবকিছুতেই। অলিম্পিকে এসে সেসব দেখেছেন আর দীর্ঘশ্বাস ফেলেছেন মাহফিজার। ‘ওদের যে সুযোগ-সুবিধা, সেটি আমরা কল্পনাই করতে পারি না। একজনের পেছনে তিন-চারজনের দল—ফিজিও, কোচ আর কত কী! প্রতিবার প্র্যাকটিসের পর ল্যাকটিক এসিড টেস্ট করে ফিটনেস দেখে’—বলতে বলতে সাগর হেসে ফেলেন, ‘সবকিছুতেই তো পার্থক্য— থাকা-খাওয়া-পরিবেশ...’।৫০ মিটার ফ্রি-স্টাইলে ২০০৭ সাল থেকে বাংলাদেশে সেরা। এই অলিম্পিকে আসতে পারার পেছনে গত বছর সাংহাইয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপের পারফরম্যান্সের বড় ভূমিকা। সাংহাইয়ে সময় নিয়েছিলেন ২৪.৮২ সেকেন্ড। এখানে ২৪.৬৪। সাংহাইয়ের চেয়ে ভালো করাতেই তৃপ্তি খুঁজছেন মাহফিজার। সেরা সময় গত এসএ গেমসে ২৪.৬৪ সেকেন্ড। সেটি ছাড়িয়ে যেতে না পারার কারণটাও জানেন, ‘এসএ গেমসের সময় এক বছর চার মাস প্র্যাকটিস হয়েছিল। অলিম্পিকের জন্য আলাদা কিছু হয়নি। এসএ গেমসের ক্যাম্পেই ছিলাম, গত আড়াই মাস শুধু আমাকে আলাদা একটা ভাতা দেওয়া হয়েছে। এসএ গেমসে যেমন টেকনিক্যাল বা মেন্টাল সাপোর্ট দেওয়ার জন্য অনেকে থাকে, এখানে তো আমার তেমন কেউ ছিল না, এখানে আমি একা!’এত আক্ষেপে প্রলেপ বুলিয়ে দিচ্ছে অলিম্পিয়ান হওয়ার গর্ব। বাবা আজিজুর রহমান ৭ নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধ করেছেন। ছেলেবেলা থেকেই ছেলের কানে জপে এসেছেন দেশের জন্য কিছু করার মন্ত্র, ‘বাবা সব সময়ই বলতেন, আমার ছেলে একদিন অনেক বড় হবে...লন্ডনে যাবে, অস্ট্রেলিয়ায় যাবে। লন্ডনে অলিম্পিকে এলাম, (উদ্বোধনী অনুষ্ঠানে) দেশের পতাকা আমার হাতে—বাবার স্বপ্ন তো কিছুটা পূরণ করেছিই।’ মাহফিজার নিজে কখনো দেখেছিলেন অলিম্পিকের স্বপ্ন? দিনক্ষণটাও মনে আছে তাঁর, ‘২০০০ সিডনি অলিম্পিকে কারার ছামেদুল অংশ নেওয়ার সময় থেকেই আমি অলিম্পিকে আসার স্বপ্ন দেখেছি।’ বলার পর মনে করিয়ে দিলেন, অলিম্পিকে বাংলাদেশের যত পুরুষ সাঁতারু এসেছেন, সবাই নৌবাহিনীর সদস্য। মাহফিজার নৌবাহিনীর চিফ পেটি অফিসার। নৌবাহিনী থেকে সাঁতারের জন্য যে সুযোগ-সুবিধা পান, সেটিতে খুব সন্তুষ্ট। কিন্তু অলিম্পিকে পদক জেতার জন্য সেটিকে যথেষ্ট মনে করেন না। এখানে এসে অন্য দেশের অনেক সাঁতারুর সঙ্গেই পরিচয় হয়েছে, যাঁরা যুক্তরাষ্ট্র বা অস্ট্রেলিয়ায় দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ নিয়েছেন বা নিচ্ছেন। অলিম্পিক-পদকের স্বপ্ন পূরণে বাংলাদেশ থেকেও এমন একটা উদ্যোগ নেওয়াটা জরুরি মনে করেন মাহফিজার, ‘কমবয়সী নির্দিষ্ট কয়েকজনকে বাছাই করে বিদেশে দীর্ঘমেয়াদি ট্রেনিংয়ে পাঠালে অবশ্যই সম্ভব।’বাংলাদেশে নেতৃস্থানীয় লোকজন নানা ‘জরুরি’ কাজে ব্যস্ত। মাহফিজারের পরামর্শটা শুনলেও সেটি নিয়ে ভাবার সময় কারও আছে কিনা সন্দেহ।