তবু খুশি ম্যাককালাম

তৃপ্ত নিউজিল্যান্ড অধিনায়ক, বাংলাদেশ অধিনায়কের কণ্ঠে হতাশা। এই দুই দলের সিরিজ শেষের নিয়মিত চিত্র এটি। এবারও ব্যতিক্রম নয়। তবে পাল্টে গেছে তৃপ্ত আর হতাশ চেহারাগুলো। সিরিজের ফলে এবার নিউজিল্যান্ড অধিনায়ক খুশি আর হতাশ বাংলাদেশ অধিনায়ক!
এই সিরিজের আগে দুই দলের নয় টেস্টেই আটটিতেই জয়ী দলের নাম ছিল নিউজিল্যান্ড। আট জয়ের পাঁচটিই ছিল ইনিংস ব্যবধানে, দুটি ১২১ রান ও ৯ উইকেটে। একমাত্র ড্রয়ে বাংলাদেশের পারফরম্যান্সের চেয়ে বড় ভূমিকা ছিল বৃষ্টির। এবার দুটি টেস্টই ড্র, দুই টেস্টেই নৈতিক জয় বাংলাদেশেরই। র্যাঙ্কিংয়ে আট নম্বর থেকে অবনমন না হলেও নিউজিল্যান্ড রেটিং পয়েন্ট হারিয়েছে ৪। ৭৯ থেকে কমে হয়েছে ৭৫। তার পরও এই ০-০ ড্রকে ব্রেন্ডন ম্যাককালাম বললেন যথার্থ ফল। এই প্রথম বাংলাদেশের বিপক্ষে ড্রয়ে তিক্ত স্বাদ পেল নিউজিল্যান্ড। তার পরও খুশি নিউজিল্যান্ড অধিনায়ক। খানিক পর সংবাদ সম্মেলনে এসে হতাশা জানিয়ে গেলেন মুশফিক।
সরাসরি না বলেও আসলে বাংলাদেশের এগিয়ে যাওয়ার সনদ দিয়ে দিলেন ব্রেন্ডন ম্যাককালাম। কিউই দলপতি যে ভালো করেই জানেন, একটু এদিক-সেদিক হলে সিরিজটি হারতেও পারত নিউজিল্যান্ড। প্রত্যাশিত ফল না পেয়েও তাই ম্যাককালামের কণ্ঠে পাওয়া গেল স্বস্তির ছোঁয়া, ‘আমরা সিরিজ জিততে চেয়েছিলাম, ২-০-তে জিততে পারলে সবচেয়ে ভালো লাগত। চট্টগ্রামে আমরা জয়ের চেষ্টা করেছিলাম, কিন্তু উইকেট ছিল একটু বেশিই ব্যাটিংবান্ধব। এখানে তো সব মিলিয়ে প্রায় দুই দিন খেয়ে নিল বৃষ্টি। গতকাল (পরশু) আমরা বাংলাদেশকে চাপে ফেলতে চেয়েছিলাম, কিন্তু তারা দারুণভাবে দাঁড়িয়ে গেল। সব মিলিয়ে আমার মনে হয় ড্রটাই সিরিজে পারফরম্যান্সের যথার্থ প্রতিফলন। ০-০ যথার্থ ফল।’
বাংলাদেশের ‘কঠিন’ কন্ডিশনে নিজেদের পারফরম্যান্সেও বেশ সন্তুষ্ট কিউই অধিনায়ক, ‘আমরা জানতাম, দেশের মাটিতে বাংলাদেশ খুব কঠিন প্রতিপক্ষ হবে। দেশের হাড় কাঁপানো শীত থেকে সরাসরি এখানে এসে এবং নিজেদের কন্ডিশনে দারুণ দক্ষ একটি স্পিননির্ভর দলের বিপক্ষে খেলা সহজ নয়। পেছন ফিরে তাকালে দেখা যাচ্ছে, আমাদের ব্যাটিং ছিল দুর্দান্ত, বিরুদ্ধ কন্ডিশনে আমাদের বোলিংও দাঁড়িয়ে গেছে। সব মিলিয়ে সিরিজের ফল তাই আমাদের জন্য সন্তোষজনকই।’

এ বছর ৯টি টেস্ট খেলে এখনো জয়ের মুখ দেখেনি নিউজিল্যান্ড। হেরেছে চারটি, ড্র পাঁচটি। আগের তিন সিরিজের দুটি ছিল ইংল্যান্ডের বিপক্ষে, একটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। জয়ের সবচেয়ে বাস্তব সম্ভাবনা ছিল তাই এই সিরিজেই। দল ব্যর্থ তাতেও। দলের যেমন, তেমনি সাফল্য-খরা চলছে অধিনায়কের। টেস্ট সেঞ্চুরির দেখা নেই তিন বছর হতে চলল! ২০১০ সালের নভেম্বরে ভারতের বিপক্ষে ২২৫ রানের ইনিংসটির পর আর ছুঁতে পারেননি তিন অঙ্ক। টেস্টে কিপিং ছেড়ে এখন শুধুই ব্যাটসম্যান হিসেবে খেলছেন, সঙ্গে দলের অধিনায়কও তিনি। সেঞ্চুরি-খরা তাই বড় একটি মাথাব্যথা হওয়ারই কথা। আগের দিন সেঞ্চুরি-খরার প্রশ্নে আচমকাই মেজাজ হারিয়ে ফেলেছিলেন তামিম ইকবাল। ম্যাককালাম অপ্রিয় প্রশ্নগুলো সামলালেন মৃদু হাসি, হালকা রসিকতা আর পেশাদারিতে, ‘আসলেই অনেক দিন হয়ে গেল সেঞ্চুরি পাচ্ছি না। খুব বেশি সেঞ্চুরি অবশ্য আমি এমনিতেও করতে পারিনি (৭৯ টেস্টে ৬টি)! শুধু ব্যাটসম্যান হিসেবে খেলছি দলে, অবশ্যই সবকিছুর আগে চাই দলে অবদান রাখতে। বিশেষ করে এই সিরিজটায় অনেক বেশি অবদান রাখতে চেয়েছিলাম। কিন্তু ক্রিকেট খেলাটাই এমন, চাওয়া পূরণ হয় না অনেক সময়ই। ভাগ্য ভালো, অন্যরা দাঁড়িয়ে গেছে!’
টেস্ট সিরিজ শেষ, দৃষ্টি এবার ওয়ানডে সিরিজে। রঙিন পোশাকে ব্যাটসম্যান ম্যাককালাম যেমন অনেক বেশি ভয়ংকর, তেমনি তাঁর দলও। তবে বাংলাদেশও আবার এখন ওয়ানডেটাই সবচেয়ে ভালো খেলে। আর অনুপ্রেরণার জন্য সেই ধবলধোলাইয়ের স্মৃতি তো আছেই! রোমাঞ্চকর একটি সিরিজই হয়তো তাই অপেক্ষা করছে।
বা ং লা দে শে র
১০ ড্র
১
বিপক্ষ: জিম্বাবুয়ে, ঢাকা, ২০০১
বাংলাদেশ: ১০৭ ও ১২৫/৩
জিম্বাবুয়ে: ৪৩১
২
বিপক্ষ: জিম্বাবুয়ে, বুলাওয়ে, ২০০৪
বাংলাদেশ: ১৬৮
জিম্বাবুয়ে: ২১০
৩
বিপক্ষ: ও. ইন্ডিজ, সেন্ট লুসিয়া, ২০০৪
বাংলাদেশ: ৪১৬ ও ২৭১/৯ ডি.
ও. ইন্ডিজ: ৩৫২ ও ১১৩/০
৪
বিপক্ষ: জিম্বাবুয়ে, ঢাকা, ২০০৫
জিম্বাবুয়ে: ২৯৮ ও ২৮৬
বাংলাদেশ: ২১১ ও ২৮৫/৫
৫
বিপক্ষ: ভারত, চট্টগ্রাম, ২০০৭
ভারত: ৩৮৭/৮ ডি. ও ১০০/৬ ডি.
বাংলাদেশ: ২৩৮ ও ১০৪/২
৬
বিপক্ষ: নিউজিল্যান্ড, মিরপুর, ২০০৮
নিউজিল্যান্ড: ২৬২/৬ ডি. ও ৭৯/১ ডি.
বাংলাদেশ: ১৬৯/৯ ডি.
৭
বিপক্ষ: ও. ইন্ডিজ, চট্টগ্রাম, ২০১১
বাংলাদেশ: ৩৫০/৯ ডি. ও ১১৯/৩ ডি.
ও. ইন্ডিজ: ২৪৪ ও ১০০/২
৮
বিপক্ষ: শ্রীলঙ্কা, গল, ২০১৩
শ্রীলঙ্কা: ৫৭০/৪ ডি. ও ৩৩৫/৪ ডি.
বাংলাদেশ: ৬৩৮ ও ৭০/১
৯
বিপক্ষ: নিউজিল্যান্ড, চট্টগ্রাম, ২০১৩
নিউজিল্যান্ড: ৪৬৯ ও ২৮৭/৭ ডি.
বাংলাদেশ: ৫০১ ও ১৭৩/৩
১০
বিপক্ষ: নিউজিল্যান্ড, মিরপুর, ২০১৩
বাংলাদেশ: ২৮২ ও ২৬৯/৩
নিউজিল্যান্ড: ৪৩৭