তবু গর্বিত ক্লিন্সমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রুপ ‘জি’ থেকে দ্বিতীয় রাউন্ডে ওঠাটাই বড় ব্যাপার। কোয়ার্টার ফাইনালে উঠতে পারলে সেটা হতো আরও বড় অর্জন । পরশু ৯০ মিনিট পর্যন্তও সেই আশা বেঁচে ছিল। শেষ পর্যন্ত বেলজিয়ামের কাছে হেরেই গেল যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্র কোচ ইয়ুর্গেন ক্লিন্সমানের কাঠগড়ায় দুর্ভাগ্য, ‘দিন শেষে আপনার জেতার জন্য একটু ভাগ্যের ছোঁয়া লাগেই। আজ আমরা সেটা পাইনি।’ ম্যাচে বেলজিয়ামের প্রাধান্য থাকলেও সুযোগ পেয়েছিল যুক্তরাষ্ট্রও। ক্লিন্সমান মনে করিয়ে দিলেন, ‘১২০ মিনিটের ম্যাচে হেরে যাওয়া খুবই দুর্ভাগ্যজনক। ম্যাচটা যেকোনো দিকেই যেতে পারত। অতিরিক্ত সময়ে ক্লান্তি ভর করায় ওরা আমাদের ওপর চেপে বসেছে। আমাদের সুযোগ ছিল সেটা আমরা কাজে লাগাতে পারিনি, ওরা পেরেছে।’ তবে দলটা যে এত দূর এসেছে, তাতেই ছাত্রদের নিয়ে গর্বিত ক্লিন্সমান, ‘আমার মনে হয় আমরা সবাই এই দল নিয়ে গর্ব করতে পারি। যখন আপনি বেলজিয়াম দলকে খাদের কিনারায় নিয়ে যেতে পারেন, সেটা তো গর্ব করার মতোই।’ রেকর্ড ১৬টি সেভ করার জন্য গোলরক্ষক টিম হাওয়ার্ডেরও প্রশংসা করেছেন, ‘টিম আজ যা করেছে সেটা ছিল অবিশ্বাস্য। অসাধারণ একটা ম্যাচ খেলেছে সে। সর্বোচ্চ প্রশংসাই ওর প্রাপ্য।’
কিন্তু আর কত দিন যুক্তরাষ্ট্রের কোচ থাকবেন? ক্লিন্সমান পাখির চোখ করছেন পরের বিশ্বকাপকে, ‘আমার মনে হয় আমি থাকব (২০১৮ পর্যন্ত)। আমাদের সামনের দিকে তাকাতে হবে। দলটা গড়ে তোলার অনেক কাজ এখনো বাকি।’ ইয়াহু স্পোর্টস, গোলডটকম।