তবু গর্বিত পিটারসেন
দুঃসময়কে বিদায় জানানো গত অ্যাশেজের ২২৭। ৮৬ স্ট্রাইক রেটে হেডিংলিতে ২২৬। অভিষেক সিরিজেই ম্যাকগ্রা-লি-ওয়ার্নদের ৭টি ছয় মেরে ওভালে ১৫৮, ভাস-মালিঙ্গা-মুরালিকে তুলাধোনা করে এজবাস্টনের ১৪২। কেভিন পিটারসেনের স্মরণীয় ইনিংসের কথা বললে ক্রিকেটপ্রেমীদের মনে পড়বে এমন আরও কিছু ইনিংস। লর্ডসের এই ডাবল সেঞ্চুরির জায়গা কী হবে সেই তালিকায়?যে ইনিংসের বেশির ভাগজুড়ে পিটারসেনকে চেনা যায়নি, রোমাঞ্চপ্রিয় পিটারসেন যে ইনিংসের প্রায় পুরোটা জুড়ে হয়ে থাকলেন ‘শ্রমিক’, সেই ইনিংস অনেকেরই হয়তো মনে দাগ কাটবে না। তবে ক্যারিয়ারের তৃতীয় দ্বিশতকটি কিন্তু ঠিকই আলাদা জায়গা পেয়ে গেছে পিটারসেনের হূদয়ে, ‘অবশ্যই এটা গর্ব করার মতো একটা ইনিংস। ড্রেসিংরুমে দারুণ প্রশংসা পেয়েছি আমি। এত কষ্ট কোনো ইনিংসে করতে হয়নি। প্রথম দিনে যে কন্ডিশনে আমি ব্যাটিংয়ে নেমেছিলাম, তাতে এটি নিঃসন্দেহে আমার সেরা ইনিংসগুলোর একটি।’৭৩ বলে ২২ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিলেন। ফিফটি ছোঁয়া ১৩৪ বলে, ক্যারিয়ারের সবচেয়ে মন্থর ফিফটি। ধারাবাহিকতা ধরে রেখে ক্যারিয়ারে প্রথমবার সেঞ্চুরি করতে লেগেছে দুই শর বেশি বল। ১৫০ করতেও প্রথমবার লাগল তিন শ বল। পিটারসেন জানালেন, পরিস্থিতির দাবিতেই তাঁর অমন বদলে যাওয়া, ‘সুইঙ্গিং কন্ডিশনে ওরা দারুণ বোলিং করেছে, উইকেটও ছিল সিমিং। অনেকবার দু-এক ইঞ্চির জন্য ব্যাটের কানা নেয়নি বল। ধোনির বোলিংয়ে মনোযোগ ধরে রাখাটাও ছিল কঠিন পরীক্ষা। সব মিলিয়ে এটা ছিল সত্যিকারের কঠিন কাজ। ভাবতে পারেন ভারতকে যদি প্রথম দিন ব্যাটিংয়ে নামতে হতো, তাহলে কী হতো!’প্রথম দিনের কঠিন পরীক্ষায় উতরে যাওয়ার জন্য কৃতিত্ব দিয়েছেন প্রথম তিন ব্যাটসম্যানকে, ‘প্রথম তিন ব্যাটসম্যানের অনেক কৃতিত্ব প্রাপ্য, ওরা প্রচুর বল খেলেছে। ট্রট ছিল বরাবরের মতো দুর্দান্ত, স্ট্রাউসও ৮০ বল খেলেছে, পরিস্থিতির বিচেনায় যেটি দারুণ। ওরা উইকেট ধরে রাখতে পেরেছিল বলেই প্রায়র-সোয়ানরা পরে বলের সঙ্গে পাল্লা দিয়ে রান করতে পেরেছে।’প্রথম ৩০ টেস্টে সেঞ্চুরি ছিল ১০টি। ৭৫তম টেস্টে ১৮টি। অধিনায়কত্ব- ঝামেলার পর পথ হারিয়েছিলেন। শুরুর সেই ধারাবাহিকতা আর ফিরে আসেনি, তবে ধীরে ধীরে আবার সেরা ফর্মে ফিরছেন। পরশু আর ২০ রান করলে টেস্ট গড় আবার হয়ে যেত ৫০। এ বছরের শুরুতে বলেছিলেন, অন্তত ১০ হাজার টেস্ট রান করতে চান। এই ইনিংসের পথে ছুঁয়েছেন ৬ হাজার, আছেন লক্ষ্য অর্জনের পথেই।দুঃসময় পেছনে ফেলার মন্ত্রও যেন জপলেন এদিন, ‘ভালো সময় যেমন আসবে, তেমনি আসবে খারাপ সময়ও। কিন্তু নিজের প্রতি সৎ থাকতে হবে, কঠোর পরিশ্রম করতে, নিজের কাজটা ঠিকঠাক করে যেতে হবে। আমি যেমন কঠোর পরিশ্রম করেছি, তেমনটা করলে পুরস্কার মিলবেই।’ ওয়েবসাইট।