তবু গর্বিত সাবেলা
২৪ বছর পর বিশ্বকাপ ফাইনাল। শেষ ধাপ পেরোনো হলো না আর্জেন্টিনার, মারাকানায় অতিরিক্ত সময়ে মারিও গোটশের করা গোল বুক ভেঙে দিল আকাশি-নীলদের। কোচ আলেসান্দ্রো সাবেলার দলকে সন্তুষ্ট থাকতে হলো দ্বিতীয় স্থান নিয়েই। তবে দুই যুগ পর বিশ্বকাপের ফাইনালে খেলাটাও কম অর্জন নয়। সাবেলা তাই গর্বিত দল নিয়ে, ‘খারাপ লাগছে বিশ্বকাপ আমরা জিততে পারলাম না। কিন্তু দল নিয়ে আমি গর্বিত। ওরা শেষ পর্যন্ত লড়ে গেছে। একজন কোচকে তো দলের খেলার মূল্যায়ন করতে হয়। সেই বিচারে আমি বলব ওরা অনেক ভালো খেলেছে। ভবিষ্যৎ আমাদের এই অর্জনের জন্য অবশ্যই স্বীকৃতি দেবে।’
স্ট্রাইকারদের অমার্জনীয় ব্যর্থতার খেসারত দলকে দিতে হলো ফাইনালে হেরে। আর্জেন্টাইন কোচ অবশ্য মনে করেন সব মিলিয়ে খারাপ খেলেনি তাঁর দল, ‘সুযোগগুলো কাজে লাগাতে পারলে সবকিছু হয়তো অন্য রকম হতো। খেলায় অনেকটা সময়ই আমরা অপেক্ষাকৃত ভালো দল ছিলাম। আবার অনেক সময় ওরা ভালো খেলছিল।’ হারের জন্য ক্লান্তিকেও দুষলেন সাবেলা, ‘আমাদের প্রতিপক্ষ সেমিফাইনাল খেলেছিল এক দিন আগে। ওই ম্যাচটা ওরা জিতেই গিয়েছিল প্রথমার্ধে। আর সেমিতে আমাদের তো অতিরিক্ত সময়ও খেলতে হয়েছে।’ এএফপি, রয়টার্স।