তবু ঘুম ভাঙল না ক্লাবের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর ক্লাবগুলোকে অনেক অনুরোধ করে অনূর্ধ্ব-১৬ ক্লাব ফুটবল প্রতিযোগিতা আয়োজন করেছিল বাফুফে। প্রথমবারের মতো পেশাদার লিগের দলগুলোর ওই টুর্নামেন্টে অংশগ্রহণ বাধ্যতামূলক করা হলেও খেলেনি শেখ জামাল ধানমন্ডি ক্লাব। অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্ট করে ফলপ্রসূ কিছু হবে না, করতে হবে অনূর্ধ্ব-১৮—এই ছিল শেখ জামালের যুক্তি।
সেই যুক্তি আমলে নিয়ে এবার অনূর্ধ্ব-১৮ ক্লাব প্রতিযোগিতা আয়োজন করছে বাফুফে। এ ব্যাপারে প্রিমিয়ার লিগের সব দলকেই চিঠি পাঠানো হয়েছে গতকাল। প্রতিযোগিতার সম্ভাব্য সময় এ মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহ। তবে ক্লাবগুলোর প্রস্তুতি নেওয়ার স্বার্থে সেটা আরও পেছাতে পারে।
প্রতিযোগিতা যখনই হোক, বাংলাদেশের ক্লাবগুলো মূল দল নিয়েই ব্যস্ত থাকে। বয়সভিত্তিক দল নিয়ে কাজ করতে তারা সেভাবে আগ্রহী নয়। চড়ামূল্য দিয়ে খেলোয়াড় কিনতে পারে, কিন্তু নিজেরা খেলোয়াড় তৈরির ব্যাপারে বরাবরই উদাসীন। অথচ বয়সভিত্তিক দল গঠনের মাধ্যমে খেলোয়াড় তৈরি করলে দলগুলোই লাভবান হতে পারে।
তবে অনূর্ধ্ব-১৮ ফুটবলের কথা এই প্রতিবেদকের কাছেই প্রথম শুনলেন শেখ জামাল কোচ যোসেফ আপুসি। শুনে কিছুটা বিস্মিতও হলেন, ‘কই, এমন টুর্নামেন্টের কথা তো আমাকে কেউ বলেনি!’ একটু দেরিতে শুনলেও ক্লাব পর্যায়ে বয়সভিত্তিক প্রতিযোগিতার ধারণাকে স্বাগতই জানালেন কোচ। কাল শেখ জামাল মাঠে অনুশীলনের পর বললেন, ‘বয়সভিত্তিক ক্লাব টুর্নামেন্ট করতে পারলে সেটা বাংলাদেশের ফুটবলের জন্য দারুণ ফলপ্রসূ হবে।’
গতবারের অনূর্ধ্ব-১৬ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল মোহামেডান। প্রায় ৯ মাসের অনুশীলনে তারা দল তৈরি করেছিল। ওই খেলোয়াড়েরাই পরে তৃতীয় বিভাগের দল খিলগাঁও ফুটবল একাডেমিতে খেলে তৃতীয় হয়েছে।
বয়সভিত্তিক দল নিয়ে মোহামেডানের ব্যবস্থাপনা ও আগ্রহ অন্য ক্লাবের চেয়ে বেশি। তবে এবারের অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্ট নিয়ে মোহামেডানের পরিচালক সারোয়ার হোসেন ভিন্ন কথাই বলছেন, ‘হুট করে এখন এই টুর্নামেন্ট করার কোনো অর্থ হয় না। এটা নিয়ে ফেডারেশনের সুদূরপ্রসারী পরিকল্পনা থাকা উচিত ছিল। অল্প সময় দিয়ে আয়োজন করলে হয়তো টেনেটুনে হয়ে যাবে। কিন্তু আসল উদ্দেশ্যই পূরণ হবে না। এটি হবে দায়সারা এক আয়োজন।’
আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাসের (রুপু) কথা, ‘এই টুর্নামেন্ট বাধ্যতামূলক জানি, তবে আরও আগেই আয়োজনের তারিখ জানানো উচিত ছিল। প্রস্তুতি নেওয়ার জন্য তো সময় প্রয়োজন। এখন না আয়োজন করে লিগের শেষের দিকে করল ভালো হবে।’
‘আরও আগে জানানো উচিত ছিল’, ক্লাবগুলোর এমন বক্তব্যের সঙ্গে একমত নন বাফুফের লিগ কমিটির সভাপতি সালাম মুর্শেদী, ‘বাইলজেই আছে অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্ট খেলা বাধ্যতামূলক। কিন্তু ক্লাব বাইলজ না পড়লে আমরা কী করব। ক্লাবগুলোকে আগেই বলেছি অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্ট খেলতে হবে। কিন্তু অনেক ক্লাব নানা সমস্যা দেখায়। তার পরও তারা খেলবে আশা করি।’
ক্লাবগুলো অবশ্য খেলবে না বলেনি। তবে টুর্নামেন্টটা দায়সারা হলে সেটি কোনো কাজেই আসবে না।