খেলাটা ইংল্যান্ডেই হলো তো! স্টুয়ার্ট ব্রডের কথা শুনলে অবশ্য ধন্দে পড়তে হয়। প্রথম টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার কাছে উড়ে যাওয়ার পর ইংল্যান্ডের টি-টোয়েন্টি অধিনায়কের ব্যখ্যা, ‘আমরা উইকেট ও কন্ডিশনের সঙ্গে ঠিক মানিয়ে নিতে পারিনি!’ চেস্টার-লি-স্ট্রিটের উইকেটে পরশু স্পিন ধরল বেশ। তাতেই কুপোকাত ইংলিশরা, ১১৮ রানে আটকে গিয়ে ম্যাচ হারল ৭ উইকেটে। দারুণ জয়ে উচ্ছ্বসিত এবি ডি ভিলিয়ার্স। বোলারদের দুর্দান্ত পারফরম্যান্স, ব্যাটিংয়ে বাজে শুরুর পরও দাপুটে শেষ তো আছেই। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আগে অনেকটাই শ্রীলঙ্কার মতো উইকেটে এমন জয় এসেছে বলে জয়টা যেন সোনায় সোহাগা। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বললেন, বিশ্বকাপের জন্য প্রস্তুতিটা দারুণ হচ্ছে।বরাবরই ‘কৃপণ’ ইয়োহান বোথা ২ উইকেট নিয়েছেন ৪ ওভারে ১৯ রান দিয়ে। আর রবিন পিটারসন নতুন বল হাতে নিয়ে ২ উইকেট নিলেন ৪ ওভারে ২৭ রান দিয়ে। ম্যাচসেরা অবশ্য ডেল স্টেইন। উইকেট মাত্র ১টি, কিন্তু মন্থর উইকেটেও গতির ঝড় তুলে মাত্র ১৩ রান দিয়েছেন ৪ ওভারে। ইংলিশদের বলার মতো জুটি ছিল দুটি। ওপেনিংয়ে কিসেওয়েটার (২৫) ও হেলসের (১১) ২৭, অবিচ্ছিন্ন অষ্টম উইকেটে ব্রড (১৮) ও সোয়ানের (১৮) ৩৩। দক্ষিণ আফ্রিকা ৩ উইকেট হারিয়ে ফেলেছিল প্রথম ৪ ওভারেই। তবে জ্যাক ক্যালিস (৪৪ বলে ৪৮) ও জেপি ডুমিনির (৫৪ বলে ৪৭) অবিচ্ছিন্ন ৯০ রানের জুটিতে এক নম্বররা মাঠ ছাড়ে সহজ জয়ে নিয়েই। স্পিনে ধুঁকেছেন, তবে এ নিয়ে কিন্তু খুব একটা চিন্তিত নন ব্রড, ‘আজ আমরা স্পিন ভালো খেলিনি বটে, তবে স্পিনে ভালো খেলা ব্যাটসম্যান দলে যথেষ্টই আছে। মরগান স্পিন দারুণ খেলে, বাটলার ট্রেনিংয়ে সবার চেয়ে দূরে পাঠায় বল। আজ দিনটা আমাদের ছিল না। তবে চিন্তার কিছু নেই, আশা করি, পরের ম্যাচেই নিজেদের সামর্থ্য দেখাতে পারব।’পরের ম্যাচ আজই ওল্ড ট্রাফোর্ডে। ওয়েবসাইট।