তবু চেলসিকে ভয় ফার্গির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংলিশ প্রিমিয়ার লিগের তীব্র আলোটা জ্বলছে এবার ম্যানচেস্টার শহরে। ম্যানচেস্টার ইউনাইটেড আর ম্যানচেস্টার সিটি—দুই প্রতিবেশী ঘরোয়া লিগে রীতিমতো উড়ছে। ৪টি করে ম্যাচ খেলে দুই দলেরই সমান ১২ পয়েন্ট। গোল ব্যবধানে শীর্ষে ম্যানইউ। ৪ ম্যাচে ১৮ গোল ম্যানইউর, সিটির ১৫।সাত মৌসুম ধরে কখনো শিরোপা জেতা, কখনো শিরোপার কাছাকাছি থেকে শেষ করা চেলসি এবার অতটা উজ্জ্বল নয়। চোট আর বয়সের ভারে ন্যুব্জ দল। অচেনা রাজ্যে পা ফেলেছেন নতুন কোচ আন্দ্রে ভিলাস-বোয়াস। ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগে তৃতীয় স্থানে ‘ব্লু’রা।তবু এই চেলসিকেই ভয় ম্যানইউ স্যার ফার্গির। নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে চেলসির মুখোমুখি হওয়ার আগে অ্যালেক্স ফার্গুসন বলেছেন ম্যানইউর মুকুট কেড়ে নেওয়ার চ্যালেঞ্জ জানাতে পারে এই চেলসিই। মাত্র ৩৩ বছর বয়সে চেলসিতে পূর্বসূরি অভিজ্ঞ কার্লো আনচেলত্তির আসনে বসেছেন। ভিলাস-বোয়াস অনভিজ্ঞ সেটা ফার্গুসন মানছেনও। তবে চেলসির পর্তুগিজ কোচও যে শুভসূচনা করেছেন সেটা মনে করিয়ে দিয়েছেন, ‘নতুন কোচ শুরুটা ভালো করেছে। এটা ঠিক, একজন তরুণ হিসেবে চেলসি তার জন্য একটা চ্যালেঞ্জ। একটা নতুন ক্লাবে গেলে আপনি দ্রুত প্রতিক্রিয়া আশা করবেন। সে তা করে দেখাতে পেরেছে।’ ভিলাস-বোয়াস প্রসঙ্গ শেষ করে ফার্গুসন কথা বলেছেন চেলসির আড়ালে পড়ে যাওয়া নিয়ে। তবে আড়ালে থেকেও যে চেলসি শিরোপা জয়ের বড় দাবিদার, তাঁর কথায় বেরিয়ে এসেছে সেই সত্য, ‘এই সময়ে প্রচারে ম্যানচেস্টারের দুটি ক্লাবই। সবার অনুমান, এই দুটি ক্লাবই শিরোপার জন্য লড়বে। কিন্তু আমার কথা, আড়ালে অপেক্ষা করে আছে চেলসি। প্রচারের প্রয়োজন নেই ওদের। ওরা খুব অভিজ্ঞ দল এবং সব সময়ই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।’এই চ্যালেঞ্জ আজ কীভাবে সামলাবেন নিজেদের মাঠে আর্সেনালকে ৮-২ গোলে উড়িয়ে দেওয়া ম্যানইউ? ফার্গুসন শুধু লড়াইয়েরই পূর্বাভাস দিয়েছেন, ‘দারুণ একটি ম্যাচ হবে। ৭ বছর ধরেই এই দুটি দলের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। এবারও তা-ই হবে।’চেলসিতে যখন হোসে মরিনহো ছিলেন, তখন তাঁর সঙ্গে আগে থেকেই মনস্তাত্ত্বিক লড়াইয়ে নামতেন ফার্গুসন। চেলসিকে শ্রদ্ধা জানিয়ে ফার্গুসন সেই খেলাটাই কি খেললেন? তা খেলতে পারেন, তবে ভিলাস-বোয়াস মনস্তাত্ত্বিক লড়াইয়ে যেতে চান না, ‘আমার কাছে মনস্তাত্ত্বিক লড়াইয়ে নামার কোনো কারণ নেই।’মনস্তাত্ত্বিক লড়াইয়ের দিকে দৃষ্টি না থাকলেও ম্যান সিটি তাকিয়ে আছে শীর্ষস্থানের দিকে। এই লক্ষ্য নিয়েই আজ ফুলহামের মাঠে যাচ্ছে রবার্তো মানচিনির দল। এবার নিজেদের ফিরে পেতে মরিয়া লিভারপুলেরও ম্যাচ আছে আজ। গত মৌসুমে অসাধারণ খেলা টটেনহাম হটস্পারের মাঠে যাচ্ছে ‘অল রেড’রা। এএফপি।