ঘরের মাঠে জর্ডানের কাছে ৪ গোলে হেরেছিল বাংলাদেশ। আজ জর্ডানের মাঠে ফিরতি ম্যাচে যে বাংলাদেশ নামছে সেটি নতুন এক দল। শৃঙ্খলা ভঙ্গের শাস্তি ও নানা কারণে মামুনুলসহ আগের ম্যাচের ৭-৮ জন খেলোয়াড়ই এই দলে নেই। নতুন বাংলাদেশের সামনে আজ তাই বড় এক চ্যালেঞ্জ।
বিশ্বকাপ বাছাইয়ের পরের পর্বে যেতে এ ম্যাচে জর্ডানকে আজ জিততেই হবে। ২৯ মার্চ অস্ট্রেলিয়ার সঙ্গে অস্ট্রেলিয়ার মাঠে জর্ডানের শেষ ম্যাচ। দুটি ম্যাচ জিতলেই গ্রুপসেরা হয়ে পরের পর্বে যাওয়ার সুযোগ মিলবে। নইলে অস্ট্রেলিয়াই হয়ে যাবে গ্রুপসেরা। যদিও সেরা রানার্সআপ হয়েও পরের ধাপে যাওয়ার সুযোগ থাকবে জর্ডানের সামনে।
এই ম্যাচ দিয়েই অভিষেক হচ্ছে জর্ডানের কোচ হ্যারি রেডন্যাপের। টটেনহাম হটস্পারের কোচ ছিলেন রেডন্যাপ। বাংলাদেশ ও অস্ট্রেলিয়া ম্যাচের জন্যই ইংলিশ ফুটবলে সমীহ জাগানো এই কোচকে নিয়োগ দেওয়া হয়েছে। সেটা মনে করিয়ে দিয়ে স্থানীয় সাংবাদিকদের রেডন্যাপ বলেছেন, ‘আমাকে আনাই হয়েছে জয়ের জন্য। কাজেই জয়ের চিন্তাই মাথায় রাখছি আমি।’
আগের চেয়েও খর্ব শক্তির বাংলাদেশ দল রক্ষণাত্মক খেলবে। চার ডিফেন্ডারের সামনে থাকবেন পাঁচ মিডফিল্ডার। ওপরে শুধু স্ট্রাইকার জীবন। কাল আম্মান থেকে ফোনে বাংলাদেশ দলের ম্যানেজার সত্যজিৎ দাস রুপু বলেছেন ‘আমিরাতের সঙ্গে ৬-১ গোলে হারা প্রস্তুতি ম্যাচের ভুলগুলো শোধরাতে চাই আমরা।’ কোচ গঞ্জালো মোরেনো বেশ সতর্ক, ‘জর্ডান খুবই শক্তিশালী দল। চেষ্টা করব যতটা পারা যায় ভালো করতে।’
বিশ্বকাপ বাছাইপর্বে আগের সাত ম্যাচে বাংলাদেশের প্রাপ্তি মাত্র ১ পয়েন্ট। ওই ১ পয়েন্ট নিয়েই সম্ভবত শেষ হতে যাচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় আম্মানের ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শুরু হবে ম্যাচ।