তবু জিতল ইউনাইটেড
অভাগা যেদিকে চায়, সাগর আসলেই শুকায়ে যায়। লিভারপুলেরও হয়েছে সেই দশাই। এমনিতেই ছিল পয়েন্ট তালিকার তলানির দিকে। গতকাল ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ভাগ্যও যেন মুখ ফিরিয়ে নিল। ম্যাচটা ইউনাইটেড জিতেছে ২-১ গোলে, তবে ফলাফলটা ম্যাচের গতিপ্রকৃতি বোঝাতে পারছে না একদমই। অ্যানফিল্ডে লিভারপুল শুরু থেকেই চড়াও হয়ে খেলতে থাকে। কিন্তু ম্যাচের প্রথমার্ধে লিভারপুলের জোনজো শেলভি লাল কার্ড খেয়ে মাঠ ছাড়েন। ১০ জন নিয়েও বিরতির পরপর লিভারপুল অধিনায়ক স্টিফেন জেরার্ড বক্সের ভেতর থেকে নেওয়া শটে পরাস্ত করেন ইউনাইটেড গোলরক্ষককে। রেড ডেভিলরা অবশ্য একটু পরেই রাফায়েলের দারুণ গোলে সমতা ফেরায়। ৮০ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্তে পেনাল্টি পায় ইউনাইটেড। রবিন ফন পার্সির গোলার মতো শট হাত লাগিয়েও ঠেকাতে পারেননি রেইনা। এই জয়ে ইউনাইটেড উঠে এসেছে পয়েন্ট তালিকার দুই নম্বরে। ইত্তেহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটি ও আর্সেনালের খেলা ১-১ গোলে ড্র হয়েছে। কর্নার থেকে হেড করে লেসকট সিটিকে এগিয়ে নিয়েছিলেন। ম্যাচের শেষ দিকে আর্সেনালের কসিয়েলনি সমতা ফেরান। ওয়েবসাইট।