তবু টিকি-টাকাতেই আস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

দুটি ইউরো, আর মাঝে একটি বিশ্বকাপ। কিন্তু কনফেডারেশনস কাপের ফাইনালে সেই স্পেনই স্বাগতিক ব্রাজিলের কাছে হারল ৩-০ গোলে৷ আন্তর্জাতিক ফুটবলের সর্বশেষ বড় তিনটি আসরের শিরোপা জেতা দলটি কি সোনালি সময়টা তাহলে পেছনে ফেলে এসেছে?
২০০৮ সালের জুলাই থেকে গত মাসে প্রকাশিত ফিফার সর্বশেষ র৵াঙ্কিং পর্যন্ত প্রায় পুরোটা সময় যারা শীর্ষস্থান ধরে রেখেছে সেই দল সম্পর্কে এখনই এমন কথা বলে দেওয়া ঠিক হচ্ছে না। ব্রাজিল বিশ্বকাপের বাছাইপর্বও তো তারা পেরিয়েছে ৮ ম্যাচ অপরাজিত থেকে, দুই বিশ্ব চ্যাম্পিয়নকে নিয়ে গড়া ইউরোপের একমাত্র গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে। তাহলে?
আসলে প্রশ্নটা উঠছে দুটি কারণে। প্রথমত, যাঁদের হাত ধরে স্পেনের এই সাফল্য সেই জাভি-ইনিয়েস্তা-ক্যাসিয়াসরা তাঁদের সেরা সময়টা পেছনে ফেলে এসেছেন। চার বছর আগে দক্ষিণ আফ্রিকায় যে ক্ষুরধার জাভি-ইনিয়েস্তাকে দেখা গেছে এবারও তাঁদের সেই রূপে দেখার আশা করাটা একটু বাড়াবাড়ি। দ্বিতীয়ত, সাম্প্রতিককালে টিকি-টাকা ঘরানার ফুটবলের ব্যর্থতা। বড় কারণও সম্ভবত এটাই।
ভিসেন্তে দেল বস্কের স্পেনও বার্সেলোনার টিকি-টাকা ফুটবল দিয়েই গত বিশ্বকাপ এবং দুই বছর পর ইউরো জিতেছে। কিন্তু সেই টিকি-টাকাকেও যে নির্বিষ করে দেওয়া যায় সেটা গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালেই দেখিয়েছে বায়ার্ন মিউনিখ। নিজেদের দুরন্ত গতি দিয়ে তারা গুঁড়িয়ে দিয়েছিল বার্সেলোনাকে। মজার ব্যাপার হচ্ছে, সেই বায়ার্নই এবার পেপ গার্দিওলার অধীনে টিকি-টাকা খেলতে গিয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে বিধ্বস্ত হয়েছে রিয়াল মাদ্রিদের কাছে। এমনকি বল ধরে রেখে স্পেনের এই পাসিংনির্ভর ফুটবলকে ব্রাজিল ব্যর্থ করে দিয়েছিল গত বছর কনফেডারেশনস কাপের ফাইনালেও। বিশ্বকাপের জন্য কি তবে বিকল্প কিছু ভাবছে স্পেন? ব্রিটিশ দৈনিক ইনডিপেনডেন্ট-এর সঙ্গে সাক্ষাৎকারে প্রশ্নটার জবাব দিলেন স্প্যানিশ মিডফিল্ডার ডেভিড সিলভা, ‘নাহ্, আমরা কেন নিজেদের খেলার ধরন বদলাব? এভাবে খেলেই তো আমরা অনেক সাফল্য পেয়েছি। এটা বদলানোর কোনো দরকার নেই।’
চাইলেও হুট করে একটা দলের খেলার ধরন বদলানো খুব কঠিন বলে মনে করেন পর্তুগালের কোচ পাওলো বেন্তো, ‘প্রতিটি দলই বিশ্বকাপে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসে। একটা দল বিশ্বকাপে জায়গা পেয়েছে মানে নিজেদের ধরনের ফুটবল খেলেই তারা সেই প্রক্রিয়াটা সফলভাবে পার হয়েছে। তাই আমি মনে করি না কোনো কোচ এত অল্প সময়ের মধ্যে তার দলের খেলার ধরন বদলাবেন।’
কার্যকারিতা নিয়ে তাই যতই প্রশ্ন উঠুক, এই বিশ্বকাপেও তাই স্পেন হয়তো আস্থা রাখবে নিজেদের টিকি-টাকা ফুটবলের ওপর। সেই টিকি-টাকার দিন আসলেই শেষ কি না, এই প্রশ্নের জবাবও অনেকটাই নির্ভর করছে স্পেনের পারফরম্যান্সের ওপর। ওয়েবসাইট।