তবু ডাচদের ইতিহাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনালি পদক পাননি, তবে ব্রোঞ্জপদক গলায় নিয়েও কিন্তু কাউন-রোবেনের মুখে সোনালি হাসি l এএফপি
সোনালি পদক পাননি, তবে ব্রোঞ্জপদক গলায় নিয়েও কিন্তু কাউন-রোবেনের মুখে সোনালি হাসি l এএফপি

টাইব্রেকার একটি দলকে ফাইনালে তুলেছে বটে, তবে রেকর্ড বইয়ে এই ম্যাচ থেকে যাবে ড্র হিসেবে। নিজেদের বিশ্বকাপ ইতিহাসে তাই প্রথমবার অপরাজেয় থেকে শেষ করল হল্যান্ড

সাও পাওলোর সন্ধ্যার বৃষ্টিতে সেদিন ধুয়েমুছে গেছে স্বপ্ন। হাভিয়ের মাচেরানোর সেই অসাধারণ ব্লক, সার্জিও রোমেরোর টাইব্রেকার-বীরত্বে শিরোপার মঞ্চেই যাওয়ার সুযোগ হয়নি। চতুর্থ ফাইনাল নয়, দ্বিতীয়বারের মতো খেলতে হলো তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। দেশের ফুটবল ইতিহাসে তবু অনন্য এক কীর্তি গড়ল এই হল্যান্ড দল। রাইনাস মিশেলসের কোচিংয়ে টোটাল ফুটবলে চোখ ধাঁধিয়ে দেওয়া ক্রুইফ-নিসকেন্সদের দল ১৯৭৪ বিশ্বকাপে যা পারেনি, চার বছর পর পারেনি আর্নেস্ট হ্যাপেলের কোচিংয়ে রেপ-হান-ক্রলদের দলও, কিংবা গত বিশ্বকাপে বার্ট ফন মার উইকের দল। লুই ফন গালের দল এবার করে দেখাল সেটাই। বিশ্বকাপ অভিযান শেষ করল অপরাজিত থেকেই!
ভাবছেন, সেটা কীভাবে সম্ভব? আর্জেন্টিনার কাছে হারল বলেই না সান্ত্বনা পুরস্কারের ম্যাচ খেলতে হলো হল্যান্ডকে! সেটা সত্যি। তবে মাঠে হারলেও পরিসংখ্যানের পাতায় তো সেদিন হারেনি ডাচরা। টাইব্রেকার একটি দলকে ফাইনালে তুলেছে বটে, তবে রেকর্ড বইয়ে এই ম্যাচ থেকে যাবে ড্র হিসেবেই। নিজেদের বিশ্বকাপ ইতিহাসে তাই প্রথমবার অপরাজেয় থেকে শেষ করল হল্যান্ড।
ইতিহাসের এই হাতছানি দেখতে পেয়েছিলেন ফন গাল। পেয়েছিলেন বলেই এই ম্যাচ খেলতে হওয়ায় বিরক্তি প্রকাশ করা কোচ পরে বদলে ফেলেছিলেন মনোভাব। ম্যাচের আগে বলেছিলেন, ‘এখনো কিছু প্রাপ্তির সুযোগ আছে আমাদের। আমরা নাম লেখাতে পারি ইতিহাসে। প্রথমবার হল্যান্ড দেশে ফিরতে পারে কোনো ম্যাচ না হেরে, ১৯৭৪, ১৯৭৮, ২০১০ বিশ্বকাপের দলও যা পারেনি।’ এই দল পেরেছে। ট্রফি দিতে না পারলেও ফন গালকে দারুণ একটা বিদায়ী উপহার দিতে পেরেছেন শিষ্যরা।
বিশ্বকাপ মিশনের শেষে এই ইতিহাস গড়াতেই তৃপ্তি খুঁজে নিচ্ছেন ফন গাল, ‘সেমিফাইনালের পর এই ম্যাচের আগে দুদিন মাত্র বিরতি ছিল। শিরোপা লড়াই থেকে ছিটকে যাওয়ার ভয়ানক হতাশাটাকে পাশে রেখে আবার গুছিয়ে মাঠে নামার সময় ছিল খুবই কম। আমরা চেষ্টা করেছি অন্ধকার টানেলের শেষে আলোর রেখা দেখতে এবং শেষ পর্যন্ত পেরেছি। ব্রাজিল বেশ শক্ত প্রতিরোধই গড়েছিল। কিন্তু আমরা ভালোভাবেই জিতেছি, দারুণ এক জয় এটি।’
তিনবারের রানার্সআপরা তৃতীয় হলো এই প্রথম। টুর্নামেন্টে মোট ১৫ গোল করে ছুঁয়েছে নিজেদের বিশ্বকাপ রেকর্ড। পেছন ফিরে তাকিয়ে তাই যেমন ছুঁয়ে যাচ্ছে বিষাদ, তেমনি গর্বও হচ্ছে ফন গালের, ‘টুর্নামেন্টে ১৫টি গোল করেছি আমরা। ওভাবে ছিটকে পড়া আমাদের প্রাপ্য ছিল না। তার পরও বলব, দারুণ একটি টুর্নামেন্ট গেল আমাদের। দল নিয়ে ও সাপোর্ট স্টাফদের নিয়ে আমি গর্বিত।’ ফিফাডটকম, গোলডটকম, ইএসপিএন।