তবু তৃপ্ত মেক্সিকো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈরী আবহাওয়া, বিপক্ষে ইতিহাস৷ প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে যাচ্ছিল যেন রেফারিংও৷ সব জয় করে তবু হাসিমুখে মাঠ ছাড়লেন মেক্সিকানরা৷ ফলাফল বলছে ১-০, ম্যাচের বাস্তবতা বলছে ব্যবধান হতে পারত আরও বড়৷ কিন্তু শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট৷ আক্ষেপগুলো পাশে রেখে ওতেই তৃপ্তি খুঁজেছেন মার্কেজ-েহরেরা-দস সান্তোসরা৷
ম্যাচের আগে তিন ঘণ্টা ধরেই হচ্ছিল টানা বৃষ্টি৷ ম্যাচের পুরো সময়েও অবিরাম কেঁদে চলল নাতালের আকাশ৷ ধারাভাষ্যকার বললেন, ‘এই নিয়ে ৫টি বিশ্বকাপে ধারাভাষ্য দিচ্ছি, এমন কন্ডিশন কখনো দেখিনি৷’ মেক্সিকোর খেলায় এর প্রভাব পড়ল সামান্যই৷ শুরুর বাঁশি বাজার পর থেকেই টানা আক্রমণে নাভিশ্বাস তুলে ছাড়ল ক্যামেরুনের৷ দলের সবচেয়ে বড় তারকা হাভিয়ের হার্নান্দেজকে বাইরে রেখে একাদশ সাজিয়েছিলেন কোচ মিগুয়েল হেরেরা৷ হার্নান্দেজ তাতে নাখোশ হলেও জিওভান্নি দস সান্তোস আর অরিবে পেরালতা কিন্তু সঠিক প্রমাণ করছিলেন কোচকেই৷ তবে মাঠ দাপিয়ে বেড়ানোর সুফল মিলছিল না স্কোরশিটে৷ দু-দুবার জালে বল পাঠিয়েও গোল পেলেন না দস সান্তোস!
১২ মিনিট আর ৩০ মিনিটে অফসাইডের খাঁড়ায় ভিয়ারিয়াল ফরোয়ার্ডের দুটি গোলই বাতিল করলেন লাইনসম্যান৷ টিভি রিপ্লে যদিও দেখিয়েছে, দ্বিতীয়টি ছিল নিশ্চিত গোল, প্রথমটিতেও নিজেকে দুর্ভাগা ভাবতে পারেন দস সান্তোস৷ মনে হচ্ছিল ইতিহাসের জালেই যেন বন্দী হচ্ছে মেক্সিকো৷ বিশ্বকাপে এর আগে কোনো আফ্রিকান দলকে হারাতে পারেনি মেক্সিকো৷ লাতিন আমেরিকাতেও আগের ১২টি বিশ্বকাপ ম্যাচে মেক্সিকানদের জয় ছিল মোটে একটি! শেষ পর্যন্ত বৃত্ত ভেঙেছে ওই দস সান্তোস-পেরালতা জুটিতেই৷ পেরালতার দারুণ পাস থেকে গোলে কিক নিয়েছিলেন দস সান্তোস, ক্যামেরুনিয়ান গোলকিপার কোনোমতে ফিরিয়ে দিলেও আগুয়ান পেরালতা বল পাঠান জালে৷ ২০১২ অলিম্পিকের ফাইনালে এই পেরালতার দুই গোলেই ব্রাজিলকে হারিয়ে সোনা জিতেছিল মেক্সিকো৷
একবার জালে বল পাঠিয়েছিল ক্যামেরুনও, তবে সেটি ছিল পরিষ্কার অফসাউড৷ ম্যাচজুড়ে খেলাই গোছাতে পারেনি ক্যামেরুন, বিচ্ছিন্নভাবে কয়েকবার বল ইতোকে দিলেও তারকা স্ট্রাইকার একা করতে পারেননি কিছুই৷