তবু তো মনে পড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ নভেম্বর রাতে আতশবাজি ঠিকই আলো ছড়িয়েছে ঢাকার আকাশে। কিন্তু সেটা অন্য এক উপলক্ষে। যে দিনটা হতে পারত বাংলাদেশের টেস্ট মর্যাদা পাওয়ার ১০ বছর পূর্তিতে রঙিন, বাংলাদেশের ক্রিকেট সেই দিনেই ব্যস্ত হয়ে পড়েছিল ২০১১ বিশ্বকাপের ক্ষণগণনা শুরুর উৎসব নিয়ে। টেস্ট মর্যাদার দশকপূর্তি নীরবে-নিভৃতে কাঁদল।বিসিবি অবশেষে সেই ‘শাপমোচনের’ উদ্যোগ নিয়েছে। গত পরশুর বোর্ড সভায় আগামী ১৩ ডিসেম্বর ঢাকায় বড় করেই আয়োজনের সিদ্ধান্ত হয়েছে টেস্ট মর্যাদা পাওয়ার ১০ বছর পূর্তির অনুষ্ঠান। সম্ভাব্য ভেন্যু মানিক মিয়া এভিনিউ বা আর্মি স্টেডিয়াম। অনুষ্ঠান আয়োজনের সার্বিক দায়িত্ব দেওয়া হয়েছে বোর্ডের সিনিয়র সহসভাপতি মাহবুবুল আনামকে।টেস্ট ক্রিকেটের ১০ বছর পূর্তি উপলক্ষে প্রথম আলো বিশেষ ম্যাগাজিন বের করেছে ১০ নভেম্বরই, অন্যান্য পত্রিকাতেও বিশেষ প্রতিবেদন ছাপা হয়েছে ওই দিন। জাতীয় দলের সাবেক-বর্তমান ক্রিকেটাররা মিলে বর্ণাঢ্য পুনর্মিলনীর আয়োজন করেছে এর দুই দিন পর। কিন্তু বিসিবি যেন টেরই পায়নি এত বড় একটা উপলক্ষ তাদের সামনে দিয়ে চলে গেল! বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে সংস্কার আর নির্মাণকাজে এমনই ব্যস্ততা যে, বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে গৌরবময় দিনটা দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার কাছ থেকেই পেল না যথাযথ মর্যাদা।বোর্ড সভাপতি আ হ ম মোস্তফা কামাল অবশ্য মানতে রাজি নন, তাঁরা দিনটাকে ভুলে ছিলেন। ১০ নভেম্বরের কথা মনে থাকার পরও সেদিনই সেটা উদ্যাপন না করার কারণ হিসেবে বিশ্বকাপের ক্ষণগণনা অনুষ্ঠানকে সামনে নিয়ে এসেছেন তিনি, ‘আইসিসি থেকে আমাদের বলা হয়েছিল, আমরা যেন ১০ নভেম্বর দিবাগত রাতে কাউন্টডাউন অনুষ্ঠানটা করি। একই দিনে দুটি অনুষ্ঠান না করে আমরা টেস্ট মর্যাদার ১০ বছর পূর্তির অনুষ্ঠানটা পরে করার সিদ্ধান্ত নিই।’ বিসিবি পরিচালক গাজী আশরাফ হোসেনও বললেন একই কথা, ‘১০ বছর পূর্তির কথা যে আমাদের কারোরই মনে ছিল না, তা নয়। বিশ্বকাপের ১০০ দিনের কাউন্টডাউন আর ১০ বছর পূর্তির অনুষ্ঠান একই দিনে করলে ফোকাসটা সরে যেত।’বোর্ড সভাপতি জানিয়েছেন, দেরিতে হলেও ১০ বছর পূর্তির অনুষ্ঠান তাঁরা সাড়ম্বরেই করবেন, ‘মনে রাখার মতো একটা অনুষ্ঠান করব আমরা। ক্রিকেটাররাই ক্রিকেটের সবচেয়ে বড় দূত। কাজেই এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে যত ক্রিকেটার টেস্ট খেলেছেন, তাঁদের সবাইকে অনুষ্ঠানে হাজির করার চেষ্টা করব। জাতীয় দলের সাবেক সব অধিনায়ককে আনা হবে। এ ছাড়া সৌরভ গাঙ্গুলীর মতো বাইরের দু-একজন সাবেক অধিনায়ককেও আমন্ত্রণ জানানোর চিন্তাভাবনা আছে। অনুষ্ঠানে গান থাকবে, আতশবাজি থাকবে। মোট কথা, এ রকম একটা অনুষ্ঠানকে জাঁকজমক করতে যা যা করা দরকার তার সবই করা হবে।’বিশ্বকাপের ভেন্যু পর্যবেক্ষণের জন্য ডিসেম্বরের ওই সময়টায়ই আইসিসির প্রতিনিধিদলের বাংলাদেশে থাকার কথা। ১০ বছর পূর্তির অনুষ্ঠান দিয়ে তাদেরও তাক লাগিয়ে দিতে চায় বিসিবি।