তবু দুঃখ টেস্ট সিরিজ
মুখে হাসি নিয়েই দেশে ফিরছে ইংল্যান্ড। শেষটা যে দারুণই হলো। ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টি সিরিজও জিতেছে তারা। পরশু শেষ টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৫ রানে হারিয়ে ৩ ম্যাচের সিরিজটি ২-১-এ জিতেছে স্টুয়ার্ট ব্রডের দল। কিন্তু তার পরও ব্রড আচ্ছন্ন টেস্ট সিরিজে ধবলধোলাইয়ের হতাশায়। তাঁর কাছে টেস্ট সিরিজ হারের যন্ত্রণা এত বেশি যে ওয়ানডে বা টি-টোয়েন্টির সাফল্যও সেটিকে কমাতে পারছে না।টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি—তিনটি সিরিজেই খেলা ব্রড টেস্ট সিরিজের দুঃখ ভুলতে পারছেন না, ‘ওয়ানডে ও টি-টোয়েন্টি দিয়ে কি আর টেস্টের অভাব পূরণ হয়! কারণ, ওটা ছিল আমাদের জন্য বিশাল হতাশার এক সিরিজ।’সামনেই শ্রীলঙ্কা সফর। আরব আমিরাতের সঙ্গে পরিবেশটা প্রায় একই রকম। আশাবাদী ব্রডের ধারণা, সেখানে ভালো করবে ইংল্যান্ড। কারণ, সাঈদ আজমল ও সঙ্গীদের স্পিনে নাকানি-চুবানি খেলেও এটা থেকে অনেক কিছুই শিখেছে ইংলিশরা।ইংলিশদের জন্য সুখবর হচ্ছে কেভিন পিটারসেনের ফর্মে ফেরা। ওয়ানডেতে টানা দুটি সেঞ্চুরির পর টি-টোয়েন্টিতে ভালো করেছেন কেপি। শেষ ম্যাচে তাঁর অপরাজিত ৬২ এবং অধিনায়ক ও ডার্নবাখের চমৎকার বোলিংয়েই জিতেছে ইংল্যান্ড।পিটারসেন ফর্মে ফিরলেও টেস্ট ও ওয়ানডে সিরিজ মিলিয়ে ১০ ইনিংসে মাত্র ১৪৮ রান করা এউইন মরগান বাদ পড়েছেন শ্রীলঙ্কা সফরের টেস্ট দল থেকে। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার সামিত প্যাটেল। দুই বছর পর ফিরেছেন স্পিনার জেমস ট্রেডওয়েল। চোট কাটিয়ে ফিরেছেন টিম ব্রেসনানও। ২৬ মার্চ গলে শুরু দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। রয়টার্স।ইংল্যান্ড টেস্ট দল: অ্যান্ড্রু স্ট্রাউস (অধি.) অ্যালিস্টার কুক, জোনাথন ট্রট, কেভিন পিটারসেন, ইয়ান বেল, ম্যাট প্রায়র, স্টুয়ার্ট ব্রড, গ্রায়েম সোয়ান, জেমস অ্যান্ডারসন, রবি বোপারা, স্টিভেন ফিন, সামিত প্যাটেল, জেমস ট্রেডওয়েল, টিম ব্রেসনান, স্টিভেন ডেভিস ও মন্টি পানেসার।