ম্যাচের ঘড়িতে ২৪ মিনিট বাকি। ০-১ এ পিছিয়ে ম্যানচেস্টার সিটি। শিরোপা-স্বপ্নে পড়তে যাচ্ছে আরেকটি আঁচড়। সেই সময় ডাগ-আউটে রবার্তো মানচিনির ইশারা। আগে থেকেই গা গরম করে রাখা কার্লোস তেভেজ বাধ্য শিষ্যের মতো এগিয়ে এলেন। পরম স্নেহে তেভেজের কাঁধে হাত রেখে কী যেন বোঝালেন। তুমুল করতালি আর ‘ওয়েলকাম ব্যাক কার্লিটোস’ স্লোগানে স্নাত হয়ে তেভেজ নামলেন। আর তাঁকে পেয়ে উজ্জীবিত সিটিও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল। সাত মিনিটের মধ্যে দুই গোল করে হেরে যাওয়া ম্যাচে ছিনিয়ে আনল ৩ পয়েন্ট!না, তেভেজ গোল করতে পারেননি। ৬০ মিনিটে গ্যারি কাহিলের গোলে এগিয়ে গিয়েছিল চেলসি। ৭৮ মিনিটে পেনাল্টি থেকে ১-১ সমতা এনেছেন সার্জিও আগুয়েরো। ম্যাচে দুবার ক্রসবারে বল লাগানো সামির নাসরি জয়সূচক গোলটি করেছেন ৮৫ মিনিটে। এটির উৎস ছিল তেভেজের দারুণ এক পাস। টিভি ভাষ্যকাররা আবেগের চোটেই হয়তো বলে বসেছেন, ‘এটাই মৌসুমের সেরা পাস!’ আর এভাবেই গোল না করেও নায়ক তেভেজ। প্রথম সুযোগেই যেন কবর দিয়ে দিলেন কয়েক মাস ধরে চলা বিতর্কেরও। ম্যাচ শেষে তেভেজের প্রশংসা করে মানচিনি বলেছেন, সামনে এমন আরও অনেক চমকই আসছে এই আর্জেন্টাইনের কাছ থেকে!এই জয়টা ম্যানইউর জন্য বড় অস্বস্তির। ২৯ ম্যাচে ম্যানইউর পয়েন্ট ৭০, সিটির ৬৯। টটেনহাম স্টোক সিটির সঙ্গে ১-১ ড্র করেছে। সেই ফাঁকে এভারটনের বিপক্ষে ১-০ গোলে জিতে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে আর্সেনাল। অবনমন অঞ্চলে থাকা কুইন্স পার্ক রেঞ্জার্সের কাছে ৩-২ গোলে হেরে গেছে লিভারপুল। রয়টার্স।