তবু নির্লিপ্ত বাফুফে
মাঠের এক পাশে মাটির স্তূপ, সাভারের আমিনবাজার থেকে আনা। কাল সেই মাটি দিয়ে ভরাট করা হয়েছে মাঠের ১০০ গর্ত। এতে অবশ্য বঙ্গবন্ধু স্টেডিয়ামে মাঠ খেলার উপযোগী হয়ে যাচ্ছে না। আরও সময় লাগবে।সমুদ্র বিজয়ের জন্য ১৮ এপ্রিল বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দিয়েছে যুব সংগ্রাম পরিষদ। মূল মাঠ এবং মাঠের আশপাশে প্রায় ২০০ গর্ত করা হয়েছে। স্বাভাবিক কারণেই ক্ষতিগ্রস্ত দেশের শীর্ষ পর্যায়ের ফুটবলের জন্য হাতের পাঁচ এই মাঠটি। ১০ কোটি টাকার অ্যাথলেটিকস ট্র্যাকও ক্ষতিগ্রস্ত। আয়োজকেরা অনুষ্ঠান করেই চলে গেছেন। মাঠ ঠিকঠাক করার দায়িত্ব নিতে হয়েছে বাফুফেকে। আর পরিচ্ছন্নতার কাজটা করছে জাতীয় ক্রীড়া পরিষদ। মাঠ ভরাটে বাফুফের কত টাকা খরচ হচ্ছে এই তথ্য পেতে অবশ্য কাল গলদঘর্ম অবস্থা। বাফুফের সবাই ব্যস্ত ৩০ এপ্রিলের নির্বাচন নিয়ে। এমনকি খেলা বন্ধ করার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বাংলাদেশ লিগ কমিটির কোনো সভাও ডাকা হয়নি। কমিটির অনেকেই এসব ব্যাপারে কিছুই জানেন না। কমিটির কাজকর্মে নিয়মনীতির বালাই নেই।বাংলাদেশ লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদীকে কাল দুবার ফোন করলেও তিনি কোনো তথ্য দিতে পারেননি, ‘খরচের ব্যাপারটা আমি বলতে পারব না। জেনে বলব। ফেডারেশনে এখন আমার কক্ষে অনেক লোক।’ বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের মুখেও সালামের মতো একই কথা, ‘বিষয়টা নিয়ে আমি জানি না। নির্বাচন উপলক্ষে ফেডারেশনে এখন পাঁচ হাজার লোক আছে। কিছু বলা সম্ভব নয়।’ পরে তাঁর নির্দেশে ফেডারেশনের সংশ্লিষ্ট একজন ফোন করে এই প্রতিবেদককে জানালেন, এক ট্রাক মাটি আনা হয়েছে তিন হাজার টাকায়। আরও কিছু মাটি আনতে হতে পারে। কাজেই খরচ নাকি খুব বেশি হবে না। খরচ হয়তো বেশি নয়। তবে মাঠের ব্যাপারে বাফুফের দায়িত্বহীনতা ও উদাসীনতা বেড়েই চলেছে। ব্রাদার্সের ম্যানেজার আমের খানের ক্ষোভ, ‘মাঠের ব্যাপারে ফেডারেশনের দায়িত্ববোধ কখনোই ছিল না। নানা অজুহাতে খেলা বন্ধ হয়েছে। মাঠটা দেখার পর্যন্ত একটা লোক নেই। মাঠ সংস্কারের নামে বিগত দিনে হরিলুট হয়েছে বলে অভিযোগ শোনা যায়।’ বারবার খেলা বন্ধ হওয়ায় ক্লাবগুলো ভীষণভাবে ধুঁকছে। খেলোয়াড়দের পারফরম্যান্সে কোনো ধারাবাহিকতা নেই। ক্লাবের ব্যয় বেড়ে গেছে অনেক। ছোট দলগুলো বেতন দিতে পারছে না বিদেশি খেলোয়াড়দের। লিগ নিয়ে একটা নৈরাজ্যকর অবস্থা চলছে। তবে বিষয়টা গা-সওয়া হয়ে যাওয়ায় খেলোয়াড়-কোচরা এখন আর কিছু বলতে চান না প্রকাশ্যে। ক্লাবগুলোরও নেই কোনো প্রতিবাদ! তবে ক্ষতিগ্রস্ত মাঠ এবং বাফুফের নির্লিপ্ততা দেখে খেলোয়াড়েরা ক্ষুব্ধ। গোলরক্ষক আমিনুল যেমন বললেন, ‘এটা বাংলাদেশের ফুটবল-ইতিহাসে বিরল ঘটনা। রাজনৈতিক অনুষ্ঠান জাতীয় স্টেডিয়ামে। চাইলে এই অনুষ্ঠানটা অন্য কোথাও হতে পারত। ফুটবল-কর্তাদের অনেকেই নিজেদের উন্নয়ন নিয়ে ব্যস্ত। ফুটবল নিয়ে তাঁরা ভাবলে আজ ফুটবলের এই দুরবস্থা হতো না।’ কোচরা পড়েছেন মহা সমস্যায়। কোনো পরিকল্পনাই করতে পারছেন না। মুক্তিযোদ্ধার কোচ শফিকুল ইসলাম গোটা ব্যাপারটা নিয়ে বাফুফের ভূমিকায় বিস্মিত, ‘ফেডারেশনের কোনো ক্যালেন্ডারই নেই। কোনো পরিকল্পনাও দেখলাম না। লিগটা লম্বা করে সবাইকে তারা বলতে চায়, আমরা তো খেলা ১০ মাস মাঠে রেখেছি!’ বারবার খেলা পেছানোয় আকর্ষণ হারিয়ে লিগটা এখন বিবর্ণ। সূচি বদল হয়ে যাচ্ছে সকাল-বিকেল। অথচ নির্বাচনী মাঠের দিকে তাকান, সেখানে ক্ষমতা ধরে রাখতে এবং ক্ষমতায় যেতে প্রার্থী গিজগিজ করছে!