তবু নিলমারের ফেবারিট স্পেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই বিশ্বকাপের প্রথম এবং সবচেয়ে বড় অঘটনটা ঘটে গেছে পরশু। নিজেদের প্রথম গ্রুপ ম্যাচে সুইজারল্যান্ডের কাছে হেরে গেছে ফেবারিট স্পেন। তবে এই অঘটনে স্পেনের ফেবারিট তকমায় কোনো আঁচড় পড়েনি বলেই মনে করেন ব্রাজিলিয়ান খেলোয়াড়েরা।স্পেনের পরাজয় নিয়ে ব্রাজিলের খেলোয়াড়েরা কী ভাবছেন, সংবাদমাধ্যমের কাছে সেটা বলেছেন নিলমার। ব্রাজিল খেলোয়াড়দের মুখপাত্র হিসেবে তিনি বলেছেন, ‘স্পেনের এই হারের পরও আমার সেই একই ধারণা—স্পেন এখনো ফেবারিটই আছে।’ব্রাজিলের আক্রমণে লুইস ফ্যাবিয়ানো আর রবিনহোই কার্লোস দুঙ্গার প্রথম পছন্দ। বেশির ভাগ সময়েই হয়তো তাঁকে বেঞ্চে বসে থাকতে হবে। উত্তর কোরিয়ার বিপক্ষে দলের প্রথম ম্যাচে বদলি হিসেবে মাঠে নামা নিলমার স্পেনের ম্যাচটিকে আর সব বড় দলের জন্য সতর্কবাণী বলেও মনে করেন, ‘এটা অন্য দলগুলোর জন্য একটা শিক্ষা। এটি দেখিয়েছে বিশ্বকাপে এমন হতেই পারে।’স্পেনের পরাজয় নিয়ে ব্রাজিলিয়ানদের এত কথা কেন? কারণ দ্বিতীয় রাউন্ডে স্পেনের গ্রুপের কোনো দলই হবে ব্রাজিলের প্রতিপক্ষ। ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন আর স্পেন রানার্সআপ হলে দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হবে এই দুই দলই। দুই ফেবারিটের লড়াইটা কেমন হবে? শুনুন নিলমারের কণ্ঠে, ‘এটা হবে ফাইনালের আগে আরেক ফাইনাল। আমার কাছে ওরা বিশ্বের অন্যতম সেরা দল।’ এএফপি।