তবু পরাজয়ের প্রহর গোনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় দিনে বোলারদের সাফল্য ব্যাটসম্যানরা ধুলোয় লুটিয়ে দেওয়ার পর পাকিস্তানের প্রয়োজন ছিল নিজেদের উজ্জীবিত করার মতো কিছু। কাল সতীর্থদের সে রকম কিছুই উপহার দিলেন উমর গুল। দলের সবচেয়ে অভিজ্ঞ পেসার হয়ে উঠলেন অলরাউন্ডার! ব্যাটে-বলে গুলের নৈপুণ্যে যথেষ্ট উজ্জীবিত হলো পাকিস্তানও। ফলোঅন কাটানোর পর দ্বিতীয় ইনিংসে দ্রুত ইংল্যান্ডের সাতটি উইকেট তুলে নিয়েছে তারা। কিন্তু প্রথম ইনিংসের ব্যবধানটা এতই বড় যে, ম্যাচ জিততে হলে চতুর্থ ইনিংসে রান তাড়া করে জয়ের নিজেদের রেকর্ডটা নতুন করে লিখতে হবে পাকিস্তানকে।রেকর্ড ভাঙার সেই লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে আবার শুরুতেই দিশেহারা পাকিস্তানের ব্যাটিং। ৪৩৫ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে কাল তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার আগে ১৫ রান তুলতেই ৩ উইকেট হারিয়েছে পাকিস্তান। ১০ রান তোলা পর্যন্ত ঠিকভাবেই এগোচ্ছিল পাকিস্তানের ইনিংস। কিন্তু এর পর ১ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলে তারা। চলে গেছেন অধিনায়ক সালমান বাট, আজহার আলী ও উমর আমিন। ওপেনার ইমরান ফারহাতের (৬*) সঙ্গে উইকেটে আছেন নাইটওয়াচম্যান হিসেবে নামা মোহাম্মদ আমির (০*)। গুলের ক্যারিয়ার-সেরা ইনিংসের পরও প্রথম ইনিংসে ১৭২ রানের লিড পেয়েছে ইংল্যান্ড। ওই লিডটাকেই বাড়িয়ে পাকিস্তানের ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেছে স্বাগতিকেরা। লিডটা ৪০০-এর বেশি। আর টেস্ট ইতিহাসে একবারই ৩০০-এর বেশি রান তাড়া করে জিতেছে পাকিস্তান, ১৯৯৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩১৪ রান করে জিতেছিল ১ উইকেটে।ফলোঅন এড়ানোর জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল ৮ রান। শেষ উইকেটটি তুলে নিয়ে পাকিস্তানকে ফলোঅন করানোর আশায় দিন শুরু করা ইংল্যান্ডকে শুরুতেই ধাক্কা দেন গুল, জেমস অ্যান্ডারসনের করা প্রথম বলেই মারেন চার। পরের ওভারের প্রথম বলে আরেকটি চার মেরে বাঁচিয়ে দেন ফলোঅন, স্টিভেন ফিনের করা ওই ওভারেই তিনটি চার ও একটি ছয়সহ মোট নেন ১৮ রান। ফিনের পরের ওভারে মারেন আরও দুটি ছক্কা। তবে ওই ওভারেই আসিফের রানআউটে শেষ হয় ৩৫ রানের জুটি, যাতে আসিফের অবদান ০! কাল যে ৩৫ রান করেছে পাকিস্তান, তার সবই এসেছে গুলের ব্যাট থেকে। ৪৬ বলে ৬৫ রানের ইনিংসটি শুধু টেস্ট ক্রিকেটে নয়, প্রথম শ্রেণীর ক্রিকেটেই গুলের প্রথম ফিফটি। আটটি চারের পাশে আছে চারটি ছয়, চারটিই পুল করে। কমেন্ট্রি বক্সে বসা রমিজ রাজা কি আর এমনি বললেন, ‘ওপেনিংয়ে নামিয়ে দেওয়া উচিত গুলকে!’ব্যাটিংয়ের সাফল্য যেন আত্মবিশ্বাস বাড়িয়ে দিল বোলার গুলেরও। প্রথম ইনিংসে মাত্র এক উইকেট পাওয়া এই পেসার কাল তুলে নিলেন তিন ইংলিশ ব্যাটসম্যানকে। শুরুর ঝটকা অবশ্য বরাবরের মতোই দিয়েছেন আমির ও আসিফ। স্ট্রাউসকে প্রথম ওভারেই ফিরিয়েছেন আমির, দ্বিতীয় স্লিপে দাঁড়ানো উমর আকমলের হাত থেকে ফসকে যাওয়া বল ঝাঁপিয়ে পড়ে গ্লাভসে পুরলেন বড় ভাই কামরান। কুককে আউট করে শততম টেস্ট উইকেট পেলেন আসিফ, এবারও ক্যাচ কামরানের। এত কিছুর পরও ইংল্যান্ড ৯ উইকেটে ২৬২ রান তুলে ইনিংস ঘোষণা করেছে। আর এই রান ইংল্যান্ড তুলতে পেরেছে ম্যাট প্রিয়রের কৃতিত্বে। ১৩৬ বলে ১০২ রান করে অপরাজিত ছিলেন তিনি। ৭২ রানে ৫ উইকেট পড়ে যাওয়ার পরই উইকেটে আসেন প্রিয়র। তিনি আসার পর স্কোর বোর্ডে আর ২৬ রান যোগ হতেই চলে যান এউইন মরগানও। এর পর সোয়ানকে নিয়ে সপ্তম উইকেটে ৪৯ এবং অষ্টম উইকেটে ব্রডের সঙ্গে তুলেছেন ৫৬ রান।