তবু পরিবর্তনের বিপক্ষে বাতিস্তা
কোপা আমেরিকার চূড়ান্ত দলে তাঁর থাকারই কথা ছিল না। টুর্নামেন্ট শুরুর আগে এমন ইঙ্গিত দিয়েছিলেন কোচ সার্জিও বাতিস্তা। সেই কার্লোস তেভেজ কী যে জাদু করলেন, প্রথম ম্যাচে ব্যর্থ হওয়ার পরও দলে তাঁর জায়গার গ্যারান্টি দিচ্ছেন খোদ আর্জেন্টিনা কোচই। বলিভিয়ার কাছে হারতে হারতে ড্র করার পরও একাদশে বড় পরিবর্তন না আনার ইঙ্গিত দিলেন বাস্তিতা।‘আমি আসলে এক ম্যাচেই দলে বিরাট পরিবর্তন আনার পক্ষপাতী নই। আমি এই দলটাই খেলাব। এর পর দেখা যাক কী হয়’—কলম্বিয়া ম্যাচের আগে সাংবাদিকদের বলেছেন আর্জেন্টিনার কোচ। দলে মাত্র একটা পরিবর্তনই আসছে—রাইটব্যাক হিসেবে ফিরছেন ম্যানচেস্টার সিটির পাবলো জাবালেতা। তাঁকে জায়গা দিতে সরে দাঁড়াতে হচ্ছে মার্কোস রোজোকে। প্রথম ম্যাচে ডানে খেলেছেন হাভিয়ের জানেত্তি। এই ৩৭ বছর বয়সেও দারুণ খেলা ইন্টার মিলান অধিনায়ককে লেফটব্যাক হিসেবে খেলাতে চান বাতিস্তা।কোপার ১২টি দলই একটি করে ম্যাচ খেলে ফেলেছে। জয় পেয়েছে মাত্র দুটো দল। কলম্বিয়া এর একটি। প্রথম ম্যাচে কোস্টারিকাকে ১-০ গোলে হারিয়ে শুরু করা কলম্বিয়ানরা তখনই জানিয়ে দিয়েছিল, আর্জেন্টিনার জন্য তারা প্রস্তুত। ম্যাচটি আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৬টা ৪৫ মিনিটে।বাস্তিতার দেওয়া ইঙ্গিত শেষ পর্যন্ত সত্যি হলে এ ম্যাচেও প্রথম একাদশে নিজেকে খুঁজে পাবেন না বলিভিয়ার বিপক্ষে দুর্দান্ত ভলি থেকে সমতা ফেরানো সার্জিও আগুয়েরো। বসে থাকতে হতে পারে গঞ্জালো হিগুয়েইনকেও। অথচ নিষ্প্রভ মাঝমাঠের কারণে অনেকেই বলছেন, মেসিকে পুরো প্লে-মেকার হিসেবে খেলিয়ে আক্রমণভাগে আগুয়েরো-হিগুয়েইনকে খেলানো উচিত আর্জেন্টিনার।কিন্তু বাতিস্তা বলছেন, মেসি-তেভেজের পাশাপাশি এজেকুয়েল লাভেজ্জি থাকছেন আক্রমণভাগে। প্রথম একাদশে তাই শেষ পর্যন্ত জায়গা না-ও পেতে পারেন গত ম্যাচে বদলি হিসেবে নেমে বাঁ প্রান্তে গতি এনে দেওয়া অ্যাঙ্গেল ডি মারিয়াও। ‘কার্লোস অবশ্যই লিওনেলের সঙ্গে জুটি বাঁধতে পারে। হয়তো সেই গতিটা নেই, কিন্তু বলের দখলটা সে রাখবে’—বলেছেন বাতিস্তা। এই ম্যাচেও একাদশ ব্যর্থ হলেই কেবল পরিবর্তনের কথা ভাববেন বলেও জানিয়েছেন কোচ, ‘বলিভিয়ার বিপক্ষে আমরা যেমন খেলেছি, সেটা যদি এই ম্যাচেও খেলি, তার পরই কেবল আমি তৃতীয় ম্যাচে (কোস্টারিকার বিপক্ষে) পরিবর্তন আনব।’মৃদু স্বরে হলেও মেসিকে নিয়ে আবারও সমালোচনার গুঞ্জন উঠেছে। যদিও তাঁর সমর্থনে মুখ খুলেছেন খোদ আর্জেন্টিনা ফুটবল সংস্থার প্রধান হুলিও গ্রন্ডোনা, ‘মেসি সব সময়ই ভালো খেলে, খারাপ খেলে না একদমই। খারাপ খেলে আসলে ওর আশপাশে যারা থাকে তারাই।’সোমবার আর্জেন্টিনা এজেইজাতে অনুশীলন করেছে। গতকাল দুপুরের ফ্লাইটে তাদের সান্তা ফেতে উড়ে যাওয়ার কথা ছিল। এখানে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচ। মুখোমুখি লড়াইয়ের হিসাব অবশ্য বলছে, আর্জেন্টিনার কাছে কলম্বিয়ার পাত্তা পাওয়ার কথা নয়। কোপায় এর আগে মুখোমুখি ১১ ম্যাচের সাতটি জিতেছে আর্জেন্টিনা, কলম্বিয়া দুটি। গত কোপাতেও গ্রুপ পর্বে কলম্বিয়াকে ৪-২ গোলে উড়িয়ে দিয়েছিল আর্জেন্টিনা। এএফপি, ওয়েবসাইট।